ভৈরবে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরব শহরের গাছতলাঘাট-চণ্ডিবের সড়ক সংস্কারের দাবিতে গতকাল বুধবার মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা।
প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ী সূত্রে জানা গেছে, ভৈরবের গাছতলাঘাট কাঁচাবাজার সড়কে গতকাল ব্যবসায়ীরা ওই মানববন্ধন করেন। কর্মসূচি চলে সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত। এতে অন্তত দুই শতাধিক ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দা মুখে কালো কাপড় বেঁধে ওই কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধনে ব্যবসায়ী নেতারা বলেন, গাছতলাঘাট-চণ্ডিবের সড়কটির পাশ ঘেঁষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রফিকুল ইসলাম মহিলা কলেজ ও একটি কাঁচাবাজার রয়েছে। এই সড়কটি ব্যবহার করে উপজেলার শিমুলকান্দি, শ্রীনগর ও গজারিয়া ইউনিয়নবাসী উপজেলা সদর ও বন্দরের সঙ্গে যোগাযোগ রক্ষা করেন। নির্মাণের ১৫ বছর পেরিয়ে গেলেও সড়কটি আর সংস্কার করা হয়নি। পৌর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলে তাঁরা দায় ঠেলে দেন উপজেলা প্রকৌশল অধিদপ্তরের দিকে। উপজেলা প্রকৌশল অধিদপ্তর একইভাবে দায় চাপায় সড়ক ও জনপথের (সওজ) ওপর। আবার সওজ ও প্রকৌশল অধিদপ্তর দায়ভার ঠেলে দেয় পৌর কর্তৃপক্ষের দিকে।
ব্যবসায়ী ও ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল্লাহর মিয়া বলেন, সড়কে খানাখন্দের সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলে পানি জমে। হাঁটাচলা করা যায় না। জসিম উদ্দিন নামের স্থানীয় এক বাসিন্দা জানান, দায় নিয়ে ঠেলাঠেলির কারণে বাধ্য হয়ে ব্যবসায়ীরা প্রতিবাদী হয়ে উঠেছেন। দাবি পূরণ না হলে তাঁরা আরও প্রতিবাদী হয়ে উঠবেন।
জানতে চাইলে পৌর মেয়র মো. শাহিন বলেন, সমস্যাটি জানা আছে। কিন্তু কিছু করার নেই। কারণ সড়কটির অবস্থান পৌর শহরের ভেতরে হলেও নিয়ন্ত্রণ করছে উপজেলা প্রকৌশল অধিদপ্তর। উপজেলা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী পরিতোষ চন্দ্র সাহার দাবি, সড়কটি একসময় তাঁদের থাকলেও এখন আর তাঁদের নিয়ন্ত্রণ নেই। ভৈরব-মেন্দিপুর সড়ক প্রকল্প গ্রহণের পর সড়কটি স্বাভাবিকভাবেই সওজের নিয়ন্ত্রণে চলে গেছে।
ভৈরব সড়ক উপ-বিভাগের উপসহকারী প্রকৌশলী জাহিদুল ইসলামের বক্তব্য হলো, সড়কটি আমাদের নেই অনেক দিন হলো। লিখিতভাবে তা জানিয়ে দেওয়া হয়েছে।