ভৈরবে সময়মতো বই পাচ্ছে না শিশুরা
কিশোরগঞ্জের ভৈরব উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে এবার সময়মতো পাঠ্যবই বিতরণ করা যাচ্ছে না। টানা অবরোধের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। ঢাকা থেকে আনা যাচ্ছে না বই।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ১৫ ডিসেম্বর থেকে উপজেলার প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনগুলোতে বই প্রদানের ঘোষণা দেওয়া হয়। সেই অনুযায়ী ঢাকায় চাহিদাও পাঠানো হয়। এরই মধ্যে চাহিদার অর্ধেকের বেশি বই পাওয়াও যায়। বাকি বই ১৫ ডিসেম্বরের আগে পাওয়ার কথা ছিল। কিন্তু টানা অবরোধ ও রাজনৈতিক অস্থিরতার কারণে পরিবহনব্যবস্থা ব্যাহত হওয়ায় ঢাকায় অবস্থিত জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড থেকে ভৈরবে বই আসেনি। এ কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে চাহিদার চেয়েও কম বই দেওয়া হয়। পঞ্চম শ্রেণীর বাংলা, চতুর্থ শ্রেণীর সমাজ ও ধর্ম এবং দ্বিতীয় শ্রেণীর বাংলা বই এখন পর্যন্ত পাওয়া যায়নি। সব শ্রেণীর হিন্দু ধর্মের বইও আসেনি।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অমিতাভ দেবনাথ প্রথম আলোকে বলেন, ‘বইয়ের কমতি নেই। কিন্তু সমস্যা হলো অবরোধ। অবরোধের কারণে ঢাকা থেকে প্রয়োজনীয় বই আসছে না।’