ভৈরবে সিমেন্টের বস্তার চাপায় দুই শ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরবে সিমেন্টের বস্তার চাপায় দুই শ্রমিক নিহত ও তিনজন আহত হয়েছেন। গতকাল বুধবার বিকেলে ভৈরব পুরাতন ফেরিঘাট এলাকায় অবস্থিত স্থানীয় দুলাল সাহার সিমেন্টের গুদামে এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন ভৈরব উপজেলার চানপুর গ্রামের মিলন মিয়া (৩০) ও নরসিংদীর রায়পুরা উপজেলা সদরের মুসলেম মিয়া (৪০)। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামের হেফজু মিয়া (৩৮), রায়পুরা উপজেলার রামনগর গ্রামের মালেক মিয়া (৫০) ও ভৈরব উপজেলার মধ্যেরচর গ্রামের মোবারক হোসেনকে (৩০) গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, দুলাল সাহা ভৈরব বাজারের প্রতিষ্ঠিত সিমেন্ট ব্যবসায়ী। পুরাতন ফেরিঘাটে তাঁর একটি বড় সিমেন্ট রাখার গুদাম রয়েছে। সকাল থেকে জাহাজে করে আনা সিমেন্ট শ্রমিকদের মাধ্যমে গুদামে রাখা হচ্ছিল। বেলা সাড়ে তিনটার দিকে সিমেন্ট রাখার সময় বিপরীত দিক থেকে একটি সারি গড়িয়ে পড়ার সময় হতাহত শ্রমিকেরা চাপা পড়েন। বস্তার নিচ থেকে উদ্ধার করে প্রথমে তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে নেওয়ার আগেই মিলন ও মুসলেম মারা যান।
আল-আমিন নামের এক শ্রমিক জানান, হতাহত শ্রমিকেরা ছিলেন গুদাম থেকে ট্রাকে তোলার দায়িত্বে। একপর্যায়ে বস্তার সারি নিচে পড়তে থাকে এবং তাঁরা বস্তার নিচে চাপা পড়েন।
ব্যবসাপ্রতিষ্ঠানটির পরিচালক রঘুবির সাহা বলেন, ‘হতাহত শ্রমিকেরা আমাদের ব্যবসাপ্রতিষ্ঠানে অনেক বছর ধরে কাজ করছেন। ঘটনাটি স্রেফ দুর্ঘটনা। বিষয়টিকে আমরা মানবিক দিক দিয়ে বিবেচনা করব।’