ভৈরবে সেই বিদ্যালয়ে পাঠদান বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরবে একটি বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতির বিচারের দাবিতে গতকাল শনিবার একটি পক্ষ মানববন্ধন করে। এতে বাধা দিলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। ফলে কর্তৃপক্ষ পাঠদান বন্ধ করে দেয়।

প্রধান শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনার জের ধরে উপজেলার যোগেন্দ্র চন্দ্র উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির কয়েকজন সদস্য ও শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েক বছর আগে থেকে সভাপতি আবদুল সাদেক ও বিদ্যালয়ের জমিদাতা পরিবারের সদস্য হুমায়ুন কবিরের দ্বন্দ্বে শিক্ষকেরাও দুই দলে ভাগ হয়ে যান। এ অবস্থায় গত ২৬ আগস্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিদ্যালয় পরিদর্শনে গিয়ে দুই সহকারী শিক্ষককে অনুপস্থিত পাওয়ায় তাঁদের বেতন কাটার সিদ্ধান্ত নেন। এ বিষয়ে প্রধান শিক্ষক ৮ সেপ্টেম্বর শিক্ষকদের নিয়ে সভায় বসেন। সভায় একপর্যায়ে সভাপতির আস্থাভাজন হিসেবে পরিচিত সহকারী শিক্ষক ইসলাম উদ্দিন আরেক সহকারী শিক্ষক নজরুল ইসলামকে চেয়ার দিয়ে আঘাত করেন।

ওই ঘটনার পরিপ্রেক্ষিতে সভাপতি গত বৃহস্পতিবার ব্যবস্থাপনা কমিটির সভা ডাকেন। সভায় সভাপতি প্রধান শিক্ষককে ইসলাম উদ্দিন নির্দোষ এই মর্মে কার্যবিবরণী (রেজ্যুলেশন) দেওয়ার জন্য বলেন। এমন কার্যবিবরণী লেখা সম্ভব নয় বললে প্রধান শিক্ষককে পরপর দুটি থাপড় মেরে তাঁকে চেয়ার থেকে ফেলে দেন সভাপতি।

প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগে সভাপতির বিচার ও অপসারণ দাবি করে গতকাল মানববন্ধন করতে চায় হুমায়ুন পক্ষ। ওই মানববন্ধনে শিক্ষার্থীদের অংশ নেওয়ার আহ্বান জানাতে হুমায়ুন পক্ষ বিদ্যালয়ে আসে। তখন বিদ্যালয়ের ভেতরে সাদেক ও হুমায়ুন পক্ষ লাঠিসোঁটা নিয়ে বিদ্যালয়ে ছোটাছুটি শুরু করলে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে আর শিক্ষকেরা অফিস-কক্ষে অবস্থান নিয়ে দরজা বন্ধ করে বসে ছিলেন। পরিবেশ কিছুটা শান্ত হলে সহকারী প্রধান শিক্ষক ক্লাস বাতিল করে ছুটি দিয়ে দেন। পরে হুমায়ুন পক্ষ মানববন্ধন করে।