ভৈরবে স্ত্রী খুন, স্বামী গ্রেপ্তার
কিশোরগঞ্জের ভৈরবে স্বামীর হাতে পারভীন বেগম (১৯) নামে এক নারী খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার সকালে পুলিশ উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের মধ্যেরচর গ্রামের এক পুকুর থেকে পারভীনের লাশ উদ্ধার করে। পারভীনকে হত্যার অভিযোগে পুলিশ তাঁর স্বামী রমজান মিয়াকে গ্রেপ্তার করেছে।
নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা জানান, পারভীন উপজেলার শম্ভুপুর গ্রামের হোসেন মিয়ার মেয়ে। ছয় মাস আগে একই এলাকার সিরাজ মিয়ার ছেলে রমজানের সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাঁদের মধ্যে নানা বিষয় নিয়ে কলহ হতো। গত সোমবার রমজান উপজেলার মধ্যেরগ্রামে তাঁদের উকিল শ্বশুরের বাড়ি বেড়াতে যান। গতকাল সকালে পারভীনের মৃতদেহ পুকুরের পানিতে ভাসতে দেখা যায়।
ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) আলমগীর হোসেন গতকাল বিকেলে বলেন, রমজান তাঁর স্ত্রীর ছোট বোনকে ভালোবাসতেন। এই নিয়ে তাঁদের মধ্যে প্রায়ই বিবাদ হতো। মূলত দাম্পত্য কলহ থেকে রমজান তাঁর স্ত্রীকে হত্যা করেন। এই ঘটনায় পারভীনের বাবা হোসেন মিয়া বাদী হয়ে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।