ভৈরবে স্ত্রীকে নির্যাতন করে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরবে এক গৃহবধূকে তাঁর স্বামী নির্যাতন করে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ময়মনসিংহের ভালুকা উপজেলায় এক যুবক ও জামালপুরের মেলান্দহ থেকে অপর এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তালশহর গ্রামের মফিজুল ইসলামের স্ত্রী তাসলিমা আক্তার (২৮), ভালুকা উপজেলার নিশিন্দা গ্রামের মো. পারভেজ (২৫) ও জামালপুরের মেলান্দহ উপজেলার মানকি নয়াপাড়া গ্রামের আবদুর রহিমের স্ত্রী তসলিমা বেগম (৪২)।
আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
ভৈরব (কিশোরগঞ্জ): ভৈরবে নিহত তাসলিমার স্বজনেরা জানান, আট বছর আগে মফিজুল ইসলামের সঙ্গে তাসলিমার বিয়ে হয়। মফিজ কয়েক বছর ধরে বিদেশে চাকরি করছেন। তাসলিমা ছয় মাস আগে ভৈরব পৌর শহরের পঞ্চবটী মহল্লায় দুই সন্তানকে নিয়ে ভাড়া বাড়িতে বসবাস করছিলেন। ঈদের আগের দিন দেশে ফিরে আসেন মফিজ। তাসলিমার বড় বোন ইয়াসমিন আক্তার অভিযোগ করেন, তিনিও পঞ্চবটী মহল্লায় ভাড়া বাড়িতে থাকেন। দেশে ফিরে এসেই মফিজ তাঁর বোনকে মারধর করা শুরু করেন। রোববার রাতেও তাসলিমাকে মারধর করে অচেতন করে ফেলে মুখে হারপিক ঢেলে দেন মফিজ। খবর পেয়ে তাঁরা এসে রাত একটার দিকে তাসলিমাকে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করান। সকালে তাসলিমার মৃত্যু হয়।
ময়মনসিংহ: গত রোববার দুপুরে পারভেজ বাড়ি থেকে বের হয়ে রাতে আর বাড়ি ফেরেননি। গতকাল দুপুরে নিশিন্দা গ্রামের একটি ধানখেতে পারভেজের লাশ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে খবর পেয়ে বেলা দেড়টার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
জামালপুর: মানকি নয়াপাড়া গ্রামের নঈম উদ্দিন ও আবদুর রহিমের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। গত রোববার রাত একটার দিকে নঈম উদ্দিন তাঁর লোকজন নিয়ে ওই বিরোধপূর্ণ জমি দখল নিতে যান। খবর পেয়ে আবদুর রহিম তাঁর লোকজন নিয়ে সেখানে যান। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে রহিমের স্ত্রী তসলিমা আহত হন। আহত অবস্থায় জামালপুর সদর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।