ভৈরবে সড়কের গাছ কাটার অভিনব কৌশল!
কিশোরগঞ্জের ভৈরবে সড়কের দুই পাশের অন্তত দুই শ রেইনট্রি গাছ সজীবতা হারিয়েছে। মরে গেছে প্রায় অর্ধশত গাছ। রাতের অন্ধকারে চুরি হয়েছে ১৪টি। উপজেলার ভৈরব-মেন্দিপুর সড়কের মধ্যেরচর থেকে শিমুলকান্দি এলাকার দুই কিলোমিটার সড়কের বর্তমান চিত্র এটি।গাছ মরে যাওয়ার কারণ অনুসন্ধান করতে গিয়ে জানা গেছে, ১৯৯৮ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সড়কের দুই পাশে রেইনট্রি গাছ রোপণ করে। বন বিভাগের দেওয়া তথ্যমতে, ১৫ থেকে ১৭ বছরের মধ্যে এসব গাছ পূর্ণতা পায়। এ সড়কের গাছগুলোও পূর্ণতা পেয়েছে। বর্তমানে বড় গাছগুলোর ডাল কেটে নিচ্ছে কেউ কেউ। শিশুরা তুলে নিচ্ছে ছাল। ডাল ও ছাল উঠিয়ে নেওয়ায় গাছগুলো স্বাভাবিক সজীবতা হারিয়ে রুগ্ণ হয়ে পড়ছে। একপর্যায়ে কোনো কোনো গাছ মরে যাচ্ছে। মরে যাওয়ার পর সেগুলো কেটে নেওয়া হচ্ছে। গাছ না কেটে ডাল কেটে নেওয়ার কারণ অনুসন্ধান করতে গিয়ে ভিন্ন রকম এক কৌশলের কথা জানা যায়।কৌশল সম্পর্কে বলতে গিয়ে মধ্যেরচর গ্রামের কৃষক হাফিজ মিয়া (৫৫) প্রথম আলোকে বলেন, ‘গাছ কাটলে মামলা খাইতে হয়। ডাল আর ছাল কাটলে এসবের ঝামেলা নাই। সুবিধা আরও আছে। বেশি ডাল কাটলে গাছের শক্তি কইমা যায়। কিছুদিন পর মইরা যায়। মরা গাছ নিয়া সরকার কিছু ভাবে না। তখন তা স্থানীয়দের হইয়া যায়।’এলাকাবাসী জানান, তিন বছর আগে গাছগুলো রুগ্ণ ছিল না। ডালপালা বিস্তৃত ছিল। কয়েক বছর ধরে সড়কের পাশের বাড়ির লোকজন গাছগুলোর ওপর অধিকার প্রতিষ্ঠা করে বসে আছে। গত বৃহস্পতিবার সরেজমিন গিয়ে জানা যায়, অধিকাংশ গাছ বিবর্ণ রূপ নিয়েছে। ডাল ও ছাল তুলে নেওয়ার বহু চিহ্ন স্পষ্ট হয়ে আছে। গাছ কেটে নেওয়ার চিহ্ন দেখা গেছে।বিষয়টি নিয়ে উদ্বিগ্ন শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল মিয়াও। তিনি বলেন, রোববার পরিষদের সভা আছে। সভার প্রধান বিষয় রাখা হয়েছে কীভাবে গাছগুলো রক্ষা করা যায়।বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খোরশেদ আলমের নজরে আনা হলে গাছ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান।জানতে চাইলে সড়ক ও জনপথ ভৈরব অফিসের উপসহকারী প্রকৌশলী অহিদুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘সড়কটি একসময় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে ছিল। তিন মাস হলো আমরা বুঝে পেয়েছি। জানতাম না গাছগুলো কে লাগিয়েছে। সুযোগ হয়তো কাজে লাগিয়েছে। এখন আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’