ভৈরবে ৫০ লাখ টাকার নকল পণ্য জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিভিন্ন স্থানে গত দুই দিনে ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছেন। কিশোরগঞ্জের ভৈরব থেকে ৫০ লাখ টাকার ভেজাল ও নকল খাদ্যদ্রব্য জব্দ করা হয়েছে। বাসি খাবার ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার তিনটি দোকানকে জরিমানা করা হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর: ভৈরব: গতকাল মঙ্গলবার সকালে ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত শহরের জগন্নাথপুর থেকে ভেজাল ও নকল ওই সব খাদ্যদ্রব্য জব্দ করেন। জব্দ করা পণ্যের মূল্য প্রায় ৫০ লাখ টাকা। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) ভৈরব ক্যাম্পের পরিচালক মোহাম্মদ আলী জানান, তাঁদের কাছে খবর ছিল ভৈরব পৌর শহরের বিভিন্ন স্থানে দেশের নামিদামী প্রতিষ্ঠানের লেবেল ব্যবহার করে বিস্কুট, চিপস, চানাচুর, রুটি, কেক, চাটনি ও আচার বাজারজাত করা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়ার পর গতকাল লক্ষ্মীপুর এলাকার কদর মিয়া, শিশু মিয়ার কারখানাসহ বেশ কয়েকটি কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। রাঙ্গুনিয়া (চট্টগ্রাম): গতকাল দুপুরে উপজেলা সদরের ইছাখালি বাজারের তিনটি দোকান থেকে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে চার হাজার টাকা জরিমানা আদায় করেছেন। আদালত সূত্র জানায়, গতকাল দুপুর একটায় ইছাখালি বাজারের খাজা ভাতঘর থেকে বিপুল পরিমাণ বাসি খাবার উদ্ধার করে নদীতে ফেলে দেওয়া হয়। পচাবাসি খাবার বিক্রির দায়ে খাজা ভাতঘরের মালিক নুরুল আলমকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া কার্বাইড মেশানো আম বিক্রির দায়ে ফল বিক্রেতা জাগির হোসেনের কাছ থেকে এক হাজার এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ঝিনুক মেডিক্যাল হলের মালিক রাজিবের কাছ থেকে এক হাজার টাকা জরিমানা আদায় করা হয়।