ভৈরবের জোয়ানশাহী হাওরে ঢুকছে পানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার জোয়ানশাহী হাওরে গত সোমবার থেকে পানি ঢুকছে। এতে হাওরের অন্তত তিন হাজার একর জমির পাকা ধান তলিয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

কৃষি সম্প্রসারণ কার্যালয় ও স্থানীয় কৃষকদের সূত্রে জানা গেছে, জোয়ানশাহী হাওরটির অবস্থান উপজেলার শ্রীনগর, আগানগর ও সাদেকপুর ইউনিয়নে। ফসলি জমির পরিমাণ প্রায় সাড়ে তিন হাজার একর। সাধারণত প্রতি একরে ৪৫ মণ ধান হয়। হাওরের মাঝে একটি খাল রয়েছে। ৩০ ফুট প্রস্থের খালটি মেঘনা নদীর সঙ্গে মিলেছে। কিন্তু খালটিতে কোনো স্লুইসগেট নেই। এ কারণে প্রায় প্রতিবছরই হাওরে পানি ঢুকে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

সোমবার জোয়ানশাহী হাওরে গিয়ে দেখা যায়, মেঘনার ভৈরব মোহনার পানি বৃদ্ধি পেয়ে খাল উপচে হাওরে ঢুকছে। এরই মধ্যে বেশ কিছু অংশের ফসল তলিয়ে গেছে। কৃষকেরা নিজ উদ্যোগে পানি আটকানোর চেষ্টা করছেন। আবার অনেকে আধা পাকা ধান কেটে নিচ্ছেন। তিন দিন আগে ধান কাটা শুরু হয়। গতকাল মঙ্গলবার পর্যন্ত ১০ শতাংশ ধান কাটা হয়।

উপজেলার বধূনগর গ্রামের কৃষক আ. ছাত্তার প্রথম আলোকে বলেন, এই হাওরে তাঁর তিন বিঘা জমি রয়েছে। এতে বোরোর আবাদ করেছেন। তিনি বলেন, ‘ফসল রক্ষায় আমরা দীর্ঘ দিন ধরে খালের প্রবেশমুখে একটি স্লুইসগেট নির্মাণের দাবি জানিয়ে আসছি। কিন্তু এ দাবি পূরণ হয়নি। এ কারণে ফসল ঘরে তোলার আগ মুহূর্ত পর্যন্ত আমরা দুশ্চিন্তায় ভুগি।’

আগানগর গ্রামের কৃষক সালাম মিয়া বলেন, হাওরে যেভাবে পানি ঢুকছে, দুই দিনের মধ্যে আটকানো না গেলে এক মণ ধানও গোলায় তোলা সম্ভব হবে না।

জানতে চাইলে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জালাল উদ্দিন বলেন, মেঘনার পানি বেড়ে যাওয়ায় সর্বনাশ হয়েছে। ফসল রক্ষায় জরুরি ও সাময়িক পদক্ষেপ হিসেবে স্থানীয়ভাবে বাঁধ দেওয়ার কাজ আজ (গতকাল) থেকে শুরু হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলরুবা আহমেদ বলেন, ‘স্লুইসগেট নির্মাণ ছাড়া এ সমস্যার স্থায়ী সমাধান আশা করা যায় না। তাই স্লুইসগেটটি নির্মাণের চেষ্টা করব।’