ভৈরবের দুটি ইউপিতে প্রার্থী নেই বিএনপির!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে দুটিতে চেয়ারম্যান পদে বিএনপির প্রার্থী নেই। এই ইউপিগুলোতে চতুর্থ ধাপে ৭ মে ভোট হবে।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, চেয়ারম্যন পদে সাতটি ইউপিতে ৩৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আগানগর ইউপিতে চারজন, সাদেকপুরে চারজন, গজারিয়ায় সাতজন, শিমুলকান্দিতে তিনজন, শ্রীনগরে পাঁচজন, শিবপুরে পাঁচজন ও কালিকাপ্রসাদ ইউপিতে সাতজন প্রার্থী রয়েছে। এর মধ্যে সাদেকপুর ও শিমুলকান্দি ইউপিতে ধানের শীষের প্রার্থী নেই।
বাকি পাঁচটির মধ্যে শ্রীনগর ইউপিতে মোশারফ হোসেন, কালিকাপ্রসাদ ইউপিতে লোকমান হোসেন, শিবপুরে মলু হোসেন সরকার, গজারিয়ায় রতন মিয়া ও আগানগরে মতিউর রহমান বিএনপির সমর্থন নিয়ে লড়ছেন। মলু হোসেন সরকার বর্তমান চেয়ারম্যান।
খোঁজ নিয়ে জানা গেছে, ওই দুটি ইউপিতে প্রার্থী না থাকলেও শিমুলকান্দিতে সাবেক চেয়ারম্যান আফিকুল ইসলাম ও সাদেকপুরে বর্তমান চেয়ারম্যান তোফাজ্জল হোসেনকে বিএনপির প্রার্থী মনে করা হচ্ছে। তাঁরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে আছেন। তোফাজ্জল উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি। এক-এগারোর পর সংস্কারপন্থী অপবাদে তোফাজ্জলকে দল থেকে বহিষ্কার করা হয়। সরাসরি দলে না থাকলেও ভৈরব উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াস উদ্দিনকে নিয়ে পৃথক বলয় সৃষ্টি করে বিএনপির রাজনীতি করে যাচ্ছেন তিনি। গিয়াসও একই কারণে একই সময় বহিষ্কার হয়েছিলেন। তোফাজ্জলের প্রতি সদয়ভাব প্রদর্শনের জন্য ওই ইউপি থেকে কেউ বিএনপির প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেননি।
অন্যদিকে, শিমুলকান্দি থেকে প্রার্থী হতে আফিকুল ফরম সংগ্রহ করে জমা দিলেও পরে প্রত্যাহার করে নেন। ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে গেলে ক্ষমতাসীনের বিরাগভাজন হতে হবে এবং দমন-পীড়নের আশঙ্কা থেকে আফিকুল শেষে দলীয় সমর্থন চাওয়া থেকে নিজেকে সরিয়ে নেন।
সাদেকপুর ও শিমুলকান্দি ইউপিতে প্রার্থী দিতে না পারায় ভৈরব উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম বলেন, ‘পুরো বিষয়টি কৌশলগত। আমাদের মনে হয়েছে ধানের শীষ প্রতীক ব্যবহার না করে নির্বাচনে গেলে বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশি। সেই কারণে প্রার্থী দিইনি।’
এদিকে সাদেকপুর ইউপিতে আওয়ামী লীগের সমর্থন পেয়েছেন সাবেক চেয়ারম্যান আবু বক্কর, আগানগরে সাবেক চেয়ারম্যান মোমতাজ উদ্দিন, শিমুলকান্দিতে যুবায়ের আলম, কালিকাপ্রসাদ ইউনিয়নে ফারুক মিয়া, শিবপুর ইউনিয়নে সফিকুল ইসলাম, গজারিয়ায় ফরিদ উদ্দিন খান ও শ্রীনগরে আবু তাহের।