ভৈরবের ভবানীপুর ও মধ্যেরচর সড়ক ১৫ বছরেও সংস্কার হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্মাণের পর থেকে কিশোরগঞ্জের ভৈরবের ভবানীপুর ও মধ্যেরচর সড়ক সংস্কার করা হয়নি। ওই দুটি সড়কের করুণ অবস্থার কারণে উপজেলা সদরের সঙ্গে তিন ইউনিয়নের যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সড়ক ও জনপথ (সওজ) সূত্র জানায়, ১৯৯৬ সালে ভবানীপুর ও মধ্যেরচর সড়ক কাঁচা থেকে পাকা করা হয়। এই দুটি সড়কের দৈর্ঘ্য প্রায় পাঁচ কিলোমিটার। কিন্তু ১৫ বছর পার হলেও এই দুটি সড়কের সংস্কারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সাদেকপুর, শ্রীনগর ও গজারিয়া ইউনিয়নের লোকজন এ দুটি সড়ক দিয়ে উপজেলা সদর ও বন্দরে যাতায়াত করেন।সরেজমিনে দেখা গেছে, ভবানীপুর পুরো সড়কের আস্তর খসে উঠেছে। দুই পাশ থেকে মাটি সরে গেছে। সড়কের মধ্যে বড় বড় গর্ত হয়ে আছে। এতে করে যান চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটছে। মধ্যেরচর সড়কেরও প্রায় একই অবস্থা।এলাকাবাসী জানায়, কিছুদিন আগে ভবানীপুর গ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলার সব ইউনিয়নের ইউপি চেয়ারম্যান উপস্থিত ছিলেন। এ সময় শত শত জনতা ওই দুটি সড়কের সংস্কারের দাবি জানায়। উদ্ভূত পরিস্থিতিতে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশতাক আহমেদ দ্রুত সড়ক সংস্কারের জন্য কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের আশ্বাস দেন। সাদেকপুরের ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বলেন, ভবানীপুর সড়কটি সংস্কার না হলে দুটি ইউনিয়নের লোকজনের পক্ষে পায়ে হেঁটে ছাড়া উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ রাখা সম্ভব হবে না। শ্রীনগরের ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন বলেন, ‘গ্রামের লোকজন এখন আর আমাদের কাছে অন্য কোনো সাহায্য চান না। তাঁরা জানতে চান, কখন সড়ক সংস্কার করা হবে।’ সওজের ভৈরব সার্কেল অফিসের উপসহকারী প্রকৌশলী মো. ওয়াহেদুজ্জামান বলেন, জরুরি ভিত্তিতে বিভাগীয় অর্থ দিয়ে ওই দুটি সড়কের প্রাথমিক সংস্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে। বর্ষার পর চূড়ান্তভাবে সংস্কার করা হবে।