ভৈরবের সেই রহিমা জেলহাজতে
কিশোরগঞ্জের ভৈরবে র্যাবের মাদকবিরোধী অভিযানের সময় গুলিবিদ্ধ রহিমা বেগমকে (৪০) গতকাল সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।গতকাল রহিমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কিশোরগঞ্জে নিয়ে আসে র্যাব ও পুলিশের একটি দল। পরে তাঁকে কিশোরগঞ্জের বিচারিক হাকিমের আদালতে হাজির করা হয়। বিচারিক হাকিম মো. বিল্লাল হোসেন জামিন নামঞ্জুর করে তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।পুলিশ সূত্র জানায়, ৩ জুন ভৈরব পুকুরপাড়ে র্যাবের মাদকবিরোধী অভিযানের সময় র্যাব সদস্যদের সঙ্গে রহিমার ধস্তাধস্তি হয়। ধস্তাধস্তির একপর্যায়ে রহিমা গুলিবিদ্ধ হন। পরে চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।র্যাব জানায়, মাদকবিরোধী অভিযানের সময় র্যাবের এক সদস্যের পিস্তল কেড়ে নেওয়ার চেষ্টা করেন রহিমা। এ সময় পিস্তল থেকে একটি গুলি বের হয়ে তাঁর মাথার বাঁ পাশে বিদ্ধ হয়। রহিমা একজন মাদক ব্যবসায়ী।ওই ঘটনায় র্যাব-১১ নারায়ণগঞ্জ ক্যাম্পের উপপরিদর্শক মোফাখ্খারুল ৩ জুন রাতে ভৈরব থানায় দুটি মামলা করেন।ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান কবীর জানান, মামলা দুটি তদন্তাধীন। মামলার অন্যতম আসামি রহিমাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।