ভৈরবের সেই সড়কটির দায় নিল পৌরসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দায় নিয়ে সরকারের তিনটি প্রতিষ্ঠানের ঠেলাঠেলির পর অবশেষে কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের গাছতলাঘাট-চণ্ডীবের সড়কটির সংস্কারের দায়িত্ব নিল পৌরসভা। গত বৃহস্পতিবার সকালে পৌর মেয়র মো. শাহিন এলাকাবাসীর কাছে সড়ক সংস্কারের দায়িত্ব নেওয়ার কথা জানান।
মেয়র মো. শাহিন বলেন, ‘আমি এখনো বলছি, সড়কটির অবস্থান শহরের ভেতরে হলেও কাগজ-কলমে আমার নয়। এ কথা ঠিক, সড়ক আমার না হলেও দুর্ভোগ পোহাচ্ছে পৌরবাসী। অন্যরা দায় এড়াতে পারলেও আমার পক্ষে তা কঠিন। তাই জনদুর্ভোগের কথা বিবেচনায় এনে সড়ক সংস্কারের দায়িত্ব নিলাম।
সড়কটি নির্মাণের ১৫ বছর পেরিয়ে গেলেও সংস্কার করা হয়নি। বৃষ্টির পানি সরানোর জন্য এর পাশে নালাও নির্মাণ করা হয়নি। সড়কটি সংস্কারের ব্যাপারে পৌর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলে তারা দায় ঠেলে দেয় উপজেলা প্রকৌশল অধিদপ্তরের দিকে। উপজেলা প্রকৌশল অধিদপ্তর একইভাবে দায় চাপায় সড়ক ও জনপথের (সওজ) ওপর। আবার সওজ দায়ভার ঠেলে দেয় পৌর কর্তৃপক্ষের দিকে।