ভৈরবের হাজী আসমত কলেজ জাতীয়করণের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার হাজী আসমত কলেজটি জাতীয়করণের দাবি জানিয়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। গত বৃহস্পতিবার তাঁরা কলেজের শিক্ষক মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এ দাবি জানান।

সম্প্রতি জাতীয়করণের জন্য প্রাথমিকভাবে ২৬৩টি কলেজের তালিকা প্রকাশ করে সরকার। ওই তালিকায় কিশোরগঞ্জের ভৈরবের ৭০ বছরের পুরোনো হাজী আসমত কলেজের নাম নেই। এ কারণে কলেজটির শিক্ষক ও শিক্ষার্থীরা দ্রুত কলেজটিকে জাতীয়করণের দাবিতে গতকাল দুপুরে সংবাদ সম্মেলন করেন।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যক্ষ আ ক মোবারক আলী বলেন, তাঁদের কলেজ ১৯৪৬ সালে প্রতিষ্ঠা করা হয়। শিক্ষার্থীর সংখ্যা ৩ হাজার ৭৯৫। ১৯৪৭ সালে কলেজটি কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়। এই কলেজে উচ্চমাধ্যমিক, স্নাতক (পাস) ও স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থীরা পড়াশোনা করেন।

অধ্যক্ষ আরও বলেন, ‘আমাদের কলেজ ২০১৬ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষায় ফলাফলে শুধু ভৈরব নয়, পাশের সব উপজেলার কলেজগুলোর মধ্যে শ্রেষ্ঠ ফলাফল অর্জন করেছে। সব যোগ্যতা থাকার পরও বারবার কেন সরকারের সুনজরে আসছে না তা, আমাদের বোধগম্য নয়। তবে দ্রুত সরকারিকরণের ঘোষণা না আসলে ভৈরববাসীকে সঙ্গে নিয়ে শিক্ষকেরা আন্দোলনে নামবেন।’

সংবাদ সম্মেলনে কলেজের সব শিক্ষক-কর্মচারী ছাড়াও পরিচালনা পর্ষদের সদস্য আবুল মনসুর, শেফায়েত উল্লাহ, আফজালুর রহমান, কায়সার আহমেদ উপস্থিত ছিলেন।