ভোঁ-দৌড় দিয়েও শেষ রক্ষা হয়নি
ভোঁ-দৌড় দিয়েও শেষ রক্ষা হয়নি স্কুলছাত্রী সাজেদার (১৫)। পরিবারের চাপের মুখে তাকে বউ সাজতে হয়েছে, যেতে হয়েছে শ্বশুরবাড়ি। গত সোমবার গভীর রাতে তার বিয়ে সম্পন্ন হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, নাটোরের গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের ধানুড়া বালিকা উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী সাজেদার বিয়ের দিন ছিল গত সোমবার। স্কুলের শিক্ষক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও স্থানীয় চাপিলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের হস্তক্ষেপে বিয়েটি সাময়িক বন্ধ হয়।কিন্তু রাতেই উপজেলার চাপিলা ইউনিয়নের পাঁচপুরুলিয়া গ্রামের ভটভটিচালক হারুনের (৩৮) সঙ্গে তার বিয়ে হয়। এটা হারুনের দ্বিতীয় বিয়ে। চাপিলা ইউনিয়নের কাজী (বিবাহ নিবন্ধনকারী) আশরাফ আলী ওই বিয়ে পড়ান। তবে ওই কাজী মুঠোফোনে দাবি করেন, তিনি ওই ছাত্রীর বিয়ে নিবন্ধন করেননি।বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন জানান, ওই ছাত্রীর পরিবারকে অনুরোধ করার পর তাঁরা বিয়ে দেবেন না বলে প্রতিশ্রুতি দেন। কিন্তু গভীর রাতে তাঁরা ওই ছাত্রীকে বিয়ে দিয়ে শ্বশুরবাড়ি পাঠিয়েছেন। তিনি দাবি করেন, বাল্যবিবাহ বন্ধ করার উদ্যোগ নেওয়ায় স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি তাঁকে নানাভাবে তিরস্কার করেছেন।ইউপি চেয়ারম্যান সামসুল আলম জানান, মেয়ের পরিবার কথা রাখেনি। সব চেষ্টা ব্যর্থ হয়েছে। এ জন্য পারিবারিক অসচেতনতা ও দারিদ্র্যতা দায়ী বলে তিনি মন্তব্য করেন। ওই ছাত্রীর ভাই বলেন, ‘ভালো পাত্র হাতছাড়া করতে চাইনি। বোনের ভবিষ্যৎ ভেবেই বিয়ে দেওয়া হয়েছে। তবে সাজেদা এসএসসি পরীক্ষা দেবে।’ইউএনও মাজেদা ইয়াসমীন বলেন, এ ব্যাপারে খোঁজখবর নিয়ে দেখছি কী করা যায়।গত মঙ্গলবার প্রথম আলোতে ‘গায়ে হলুদ মেখে ভোঁ-দৌড়’ শীর্ষক একটি সংবাদ প্রকাশিত হয়।