ভোক্তা অধিকার আইনে খুলনায় আট প্রতিষ্ঠানকে জরিমানা
খুলনার আটটি প্রতিষ্ঠানকে ৪৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সর্বোচ্চ খুচরা মূল্য না লেখা, মূল্যতালিকা প্রদর্শন না করা, অধিক মূল্যে ওষুধ বিক্রি, অপরিচ্ছন্ন পরিবেশে পণ্য উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করায় এ জরিমানা করা হয়।
গতকাল বৃহস্পতিবার নগরের সোনাডাঙ্গা ও বয়রা এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (উপসচিব) সৈয়দ রবিউল আলম।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে যাদব ঘোষ ডেয়ারিকে ১০ হাজার, সামিন হোটেলকে দুই হাজার, সুজন মেডিকেলকে ১০ হাজার, নাসরিন আরোগ্যালয়কে ১০ হাজার, হানিফ কাউন্টারকে দুই হাজার, বিল্লাল হেয়ার ফ্যাশনকে দুই হাজার, তারিকের হোটেলকে পাঁচ হাজার ও ইউনাইটেড ফার্মাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এই অর্থ তাৎক্ষণিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো স্বেচ্ছায় পরিশোধ করে।