ভোক্তা অধিকার আইনের বিধিমালা জারির সিদ্ধান্ত
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিধিমালা ও প্রবিধানমালা জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগির এই বিধিমালা জারি করা হবে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার বাণিজ্যমন্ত্রী ফারুক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।সভায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে জনবল নিয়োগ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট আইনের বিধান অনুসারে গৃহীত অভিযোগ তদন্তে সহায়তা করতে একটি তদন্তদল গঠনেরও সিদ্ধান্ত হয়। বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই), বাংলাদেশ শিল্প ও বিজ্ঞান গবেষণা পরিষদ (বিসিএসআইআর), মৎস্য অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর, ঔষধ প্রশাসন অধিদপ্তর, পুলিশ ও র্যাবের সমন্বয়ে ওই দল গঠন করা হবে।সভায় জানানো হয়, অর্থ মন্ত্রণালয়ের বিবেচনাধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাংগঠনিক কাঠামো অনুসারে অধিদপ্তরের মোট জনবল হবে ২৩৮ জন। এর মধ্যে প্রথম শ্রেণীর ১০৬টি, দ্বিতীয় শ্রেণীর দুটি, তৃতীয় শ্রেণীর ৯৭টি এবং চতুর্থ শ্রেণীর ৩১টি পদ আছে।সভায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক আবুল হোসেন মিঞা, বিএসটিআইয়ের মহাপরিচালক ফজলুল আহাদ, কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) কাজী ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।