ভোক্তা অধিকার নিয়ে এ কেমন তামাশা
ভোক্তাদের অধিকার, অভিযোগ, সমস্যাসহ নানা বিষয়ে গত সোমবার আয়োজন করা হয়েছিল ভোক্তা অধিকারবিষয়ক সেমিনার। ভৈরব উপজেলা প্রশাসন উপজেলা সম্মেলনকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে। ৩৫ মিনিটের এই আয়োজনে অংশ নেন ১৫ জন। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে উপস্থিতির তালিকায় ছিল না উপজেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভাপতি, সদস্যসচিবসহ উল্লেখযোগ্য কোনো সদস্য। ছিলেন না জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কেউ। সভাপতিও করা হয়নি কাউকে। ফলে এই আয়োজনের সার্থকতা নিয়ে প্রশ্ন ওঠে। আয়োজনটি খোদ উপস্থিত জনদের মধ্যে হাস্যরস তৈরি করে।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটি গঠন করার কথা বলা আছে। উপজেলা পর্যায়ে কমিটির সভাপতি হবেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং সদস্যসচিব ইউএনও। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে সভাপতি করে ইউনিয়ন কমিটি গঠনের কথা উল্লেখ করা হয়েছে। কমিটির মেয়াদ ধরা হয়েছে আড়াই বছর। উপজেলা পরিষদের সংশ্লিষ্ট দপ্তরের প্রধান কর্মকর্তা, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক প্রতিনিধিসহ ১৮ শ্রেণির সদস্যের সমন্বয়ে উপজেলা কমিটি গঠিত হবে।
খোঁজ নিয়ে জানা গেছে, ভৈরব উপজেলা কমিটির মেয়াদ পেরিয়ে গেছে অনেক আগেই। তিন বছরের ব্যবধানে একটি সভা হয়। কমিটির বেশির ভাগ সদস্য জানেন না তাঁরা উপজেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সদস্য।
গত সোমবার দুপুর ১২টায় উপজেলা সম্মেলনকক্ষে উপস্থিত থেকে দেখা যায়, ভোক্তা অধিকারবিষয়ক সেমিনারের আগে জাতীয় শোক দিবস পালনের একটি প্রস্তুতি সভা হয়। ওই সভা শেষ হওয়ার পর ব্যানার পাল্টিয়ে শুরু করা হয় ভোক্তা অধিকারবিষয়ক সেমিনার। সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) চিত্রা শিকারী। ১৮ সদস্যের কমিটির তিনজন ছাড়া আর কেউ উপস্থিত ছিলেন না। বিধান অনুযায়ী উপজেলা চেয়ারম্যানের অনুষ্ঠানে সভাপতিত্ব করার কথা। উপজেলা চেয়ারম্যানের অনুপস্থিতিতে ভাইস চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের অনুপস্থিতিতে নারী ভাইস চেয়ারম্যানের সভাপতিত্ব করার বিধান রাখা আছে। সেমিনারে ওই তিন পদের কেউ উপস্থিত ছিলেন না।
বক্তাদের ৩০ মিনিটের আলোচনায় উঠে আসে ভোক্তা অধিকার কার্যক্রমের দৈন্যর নানা দিক। নিজের ঘরের উদাহরণ টেনে সহকারী কমিশনার (ভূমি) চিত্রা শিকারী বলেন, ‘আমার স্বামী ভৈরব থেকে ওষুধ কেনেন না। কারণ, ভৈরবে নকল ওষুধ বিক্রি হয়।’
খোদ কমিটির সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন বলেন, ‘আসলে কবে কমিটি হয়েছে আবার কবে মেয়াদ শেষ হবে, ওরকম কোনো কিছু ভালোভাবে জানা নেই। তবে এইটুকু মনে আছে, সম্ভবত তিন বছর আগে একটি দায়সারা সভা হয়েছিল।’
কমিটির সদস্যসচিব ইউএনও দিলরুবা আহমেদ বলেন, ‘সরকারি একটি কাজে ভৈরবের বাইরে অবস্থান করতে হয়েছে। আমি না থাকায় আয়োজনে কিছুটা দুর্বলতা থাকতে পারে।’
কিশোরগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইব্রাহিম হোসেন বলেন, ‘আসলে সেমিনারে আমার থাকার কথা ছিল। কিন্তু একই দিন কটিয়াদী উপজেলায়ও একই আয়োজন ছিল। আমাকে কটিয়াদীতে উপস্থিত থাকতে হয়েছে। এ কারণে ভৈরবে যেতে পারিনি।’