বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে চট্টগ্রামে আয়োজিত এক সেমিনারে বক্তারা বলেছেন, শুধু আইন প্রণয়ন করে ভোক্তার অধিকার সংরক্ষণ করা যাবে না। এ জন্য প্রয়োজন ভোক্তা ও ব্যবসায়ীদের সচেতনতা এবং মূল্যবোধ।
‘ভোক্তার আস্থাশীল ডিজিটাল বাংলাদেশ গড়ি’ শীর্ষক স্লোগানে গতকাল বুধবার নগরের সার্কিট হাউসের সম্মেলনকক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম জেলা প্রশাসন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ক্যাবের চট্টগ্রাম নগর কমিটির সাধারণ সম্পাদক অজয় মিত্র। প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার সৈয়দা সরোয়ার জাহান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাসুকুর রহমান সিকদারের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক পুলক কান্তি বড়ুয়া, নগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) দেবদাস ভট্টাচার্য, সাবেক সাংসদ মাজহারুল হক শাহ, ক্যাবের সভাপতি এস এম নাজের হোসাইন ও চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক মাহফুজুল হক শাহ।
সৈয়দা সরোয়ার জাহান বলেন, ভোক্তা এবং বিক্রেতা উভয়কে সচেতন হতে হবে। প্রথমে নিজেকে সচেতন করতে হবে। পরে আশপাশের মানুষকে সচেতন করতে হবে। খাদ্যে ভেজাল কিংবা অস্বাস্থ্যকর বিষয়গুলো আগের চেয়ে অনেক কমে এসেছে। মানুষ তাদের অধিকার বুঝতে শিখেছে এবং প্রতিবাদের ভাষা খুঁজে পেয়েছে।
দেবদাস ভট্টাচার্য বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ করার জন্য সচেতনতার পাশাপাশি মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ দরকার। যারা খাদ্যদ্রব্য তৈরি করছে তারাও ভোক্তা। সুতরাং তাদেরও ভোক্তার অধিকারের বিষয়টি মাথায় রাখতে হবে।