ভোক্তা অভিযোগ কেন্দ্র স্থাপন
ভোক্তারা প্রায়ই নানাভাবে বিক্রেতাদের কাছ থেকে প্রতারণার শিকার হন। প্রতারণার শিকার এসব ভোক্তার জন্য এবার জাতীয় ভোক্তা অভিযোগ কেন্দ্র (এনসিসিসি) স্থাপন করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ সোমবার এই কেন্দ্র চালু করা হয়েছে। এর অবস্থান অধিদপ্তরের প্রধান কার্যালয়ের (১ কারওয়ান বাজারের টিসিবি ভবন) নবম তলায়।
এ বিষয়ে অধিদপ্তরের মহাপরিচালক আবুল হোসেন মিয়া প্রথম আলোকে জানান, এত দিন ভোক্তাদের অভিযোগ জানানোর কোনো জায়গা ছিল না। সে কারণেই এই অভিযোগ কেন্দ্র করা হয়েছে। এখন থেকে ভোক্তারা প্রতারিত হলে এই কেন্দ্রে অভিযোগ করে প্রতিকার পাবেন।
অধিদপ্তর বলছে, ভোক্তা স্বার্থ রক্ষায় বিদ্যমান আইনগুলোর অধীনে ভোক্তা অধিকার লঙ্ঘনজনিত অভিযোগ কেন্দ্রীয়ভাবে গ্রহণ ও নিজ নিজ মন্ত্রণালয় কিংবা দপ্তর থেকে নিষ্পত্তির ব্যবস্থা করতে এই অভিযোগ কেন্দ্র স্থাপন করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২১ ধারা অনুযায়ী এটি স্থাপন করা হয়েছে। অধিদপ্তরের মহাপরিচালকের অধীনে একজন উপপরিচালক ও দুজন সহকারী পরিচালক এই কেন্দ্রের দায়িত্ব পালন করবেন।
অধিদপ্তর বলছে, ভোক্তাদের কাছ থেকে পাওয়া অভিযোগগুলো আমলযোগ্য কি না, তা সংশ্লিষ্ট মন্ত্রণালয় কিংবা দপ্তর তাদের আইনের বিধান অনুযায়ী নির্ধারণ করবে। ভোক্তাদের অবশ্য প্রতারিত হওয়ার ৩০ দিনের মধ্যে প্রমাণসহ ই-মেইল, ফ্যাক্স কিংবা অন্য কোনো উপায়ে লিখিত অভিযোগ দাখিল করতে হবে।