‘ভোক্তার আস্থাশীল ডিজিটাল বাংলাদেশ গড়ি’ স্লোগান নিয়ে গতকাল বুধবার বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০১৭ পালিত হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন স্থানে শোভাযাত্রা, আলোচনা সভা ও সচেতনতামূলক প্রচারণাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে।
জামালপুরে আয়োজিত আলোচনা সভায় বক্তারা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখার দাবি জানান।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
সকাল ১০টার দিকে জামালপুর শহরের বকুলতলা চত্বর থেকে শোভাযাত্রা বের হয়। এটি শহরের প্রধান সড়কগুলো ঘুরে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জেলা সভাপতি অধ্যাপক মাসুম আলম খান। সভায় বক্তারা নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের পরামর্শ দেন।
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা প্রশাসনের আয়োজনে সেমিনার করা হয়। উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এটি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল-মামুন সেমিনারে সভাপতিত্ব করেন। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) সোহানা নাছরিন। তিনি বলেন, ভেজালবিরোধী অভিযান পরিচালনার সময় দোকানপাট বন্ধ না করে ভোক্তাদের অধিকার বাস্তবায়নে খোলা রাখা উচিত। না হলে ভবিষ্যতে বন্ধ দোকানপাট সিলগালা করে দেওয়াসহ ভোক্তা অধিকার সংরক্ষণে যা করা দরকার, তা-ই করা হবে।
নেত্রকোনার কলমাকান্দা উপজেলা প্রশাসন সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে সভা করে। এতে ইউএনও শেখ মুহাম্মদ হুমায়ূন কবীর সভাপতিত্ব করেন। বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. ফখরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান কলি আক্তার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুলতান গিয়াস উদ্দিন, প্রেসক্লাবের সভাপতি রাজ্জাক আহম্মেদ, মানবাধিকারকর্মী মো. জাফর উল্লাহ প্রমুখ।
শেরপুরে সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে শোভাযাত্রা বের করা হয়। এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ টি এম জিয়াউল ইসলাম। বক্তব্য দেন জেলা প্রশাসক মল্লিক আনোয়ার হোসেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আরিফুল ইসলাম প্রমুখ। এদিকে ক্যাব শেরপুর জেলা শাখা শহরে সচেতনতামূলক মাইকিং ও প্রচারপত্র বিতরণ করে।
(প্রতিবেদন তৈরি করতে তথ্য সরবরাহ করেছেন শেরপুর, জামালপুর, কিশোরগঞ্জ ও নেত্রকোনা প্রতিনিধি)