ভোগডাবুরী ইউপি নির্বাচনে মিলেমিশে আচরণবিধি লঙ্ঘন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডোমার উপজেলার ভোগডাবুরী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদের ছয় প্রার্থী মিলেমিশে আচরণবিধি লঙ্ঘন করছেন। তাঁরা আচরণবিধির তোয়াক্কা না করে প্রচার-প্রচারণা চালাচ্ছেন।
ওই উপজেলায় চতুর্থ দফায় ৭ মে নির্বাচন হবে।
গত শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে চিলাহাটি বাজারে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে মিছিল বের হতে দেখা যায়। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ইউনিয়নের বিওপি বাজারে দেখা গেল কয়েকজন প্রার্থীর মিছিল-শোডাউন। সেখানে দুজন স্বতন্ত্র প্রার্থীর পক্ষে পৃথক পথসভা ও কয়েকজন ওয়ার্ড সদস্য প্রার্থীর পক্ষে পথসভা হতে দেখা যায়। রাত সাড়ে আটটার দিকে আলেয়ার বাজার এলাকায় দেখা যায়, ওয়ার্ড সদস্যপদে রিকশাভ্যান প্রতীকের প্রার্থীর সমর্থকেরা ৩০-৩৫টি রিকশাভ্যান নিয়ে মিছিল করেন।
রাত নয়টার দিকে গোসাইগঞ্জ বাজারে নৌকা প্রতীকের প্রার্থী মুরাদ হোসেনের নেতৃত্বে একটি মিছিল বাজার অতিক্রম করে। সেখানে পথসভাও করেন তিনি। সোয়া নয়টার দিকে সেখানে স্বতন্ত্র আনারস প্রতীকের প্রার্থীর পক্ষে মাইকে প্রচার করা হয়, ‘এখনই আনারস মার্কার পথসভা শুরু হবে।’ রাত ১০টা পর্যন্ত চলে ওই পথসভা।
রাত একটা পর্যন্ত বিভিন্ন পাড়া-মহল্লায় একাধিক মোটরসাইকেলে ও রিকশাভ্যানে বিভিন্ন প্রতীকের পক্ষে স্লোগান দিতে শোনা যায়। এভাবে আচরণবিধি লঙ্ঘন করে প্রচার-প্রচারণা চললেও কোনো প্রার্থীর বিরুদ্ধে কেউ অভিযোগ করেননি।
কয়েকজন প্রার্থী আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি অস্বীকার না করে বলেন, ‘আমাদের সমর্থকেরা প্রচারণা চালিয়ে অথবা পথসভা করে ঘরে ফেরার পথে স্লোগান দেন, এটি না করার ব্যাপারে কর্মী-সমর্থকদের বলা হচ্ছে। এ ছাড়া দেয়ালে, গাছে, পিলারে লাগানো পোস্টার অপসারণ করা হয়েছে। এর ফাঁকে দু-একটি কোথাও থাকলে থাকতে পারে।’
তবে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী একরামুল হক, বিএনপির প্রার্থী রেয়াজুল ইসলাম ও অপর স্বতন্ত্র প্রার্থী মতিয়ার রহমান আওয়ামী লীগের প্রার্থী মুরাদ আলী প্রামাণিকের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, ‘আওয়ামী লীগের প্রার্থীর লোকজন বলছেন, তাঁরা একটি ভোট পেলেও নাকি চেয়ারম্যান হবেন। তাঁরা আমাদের ভোটার-সমর্থকদের ভয়ভীতি প্রদর্শন করছেন।’ এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের প্রার্থী মুরাদ আলী প্রামাণিক বলেন, ‘একটি ভোট পেলেও যদি চেয়ারম্যান হতাম, তা হলে মানুষের দ্বারে দ্বারে ঘুরছি কেন?’