ভোগতেরা কমিউনিটি ক্লিনিকে শততম নবজাতকের প্রসব
মৌলভীবাজারের জুড়ী উপজেলা সদরের জায়ফরনগর ইউনিয়নের ভোগতেরা কমিউনিটি ক্লিনিকে গত বুধবার সন্ধ্যায় শততম নবজাতকের প্রসব হয়েছে। স্বাভাবিক প্রসবের ক্ষেত্রে সারা দেশে এই ক্লিনিকটি শীর্ষে অবস্থান করছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা দাবি করছেন।প্রসূতির নাম সরজুন আক্তার (২২)। তাঁর বাড়ি পার্শ্ববর্তী বড়লেখা উপজেলার দক্ষিণভাগ (দক্ষিণ) ইউনিয়নের দোহালিয়া গ্রামে। সরজুনের স্বামীর নাম মাতাব মিয়া।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রসবব্যথা শুরু হলে বুধবার বিকেলের দিকে স্বজনেরা সরজুনকে ভোগতেরা কমিউনিটি ক্লিনিকে নিয়ে আসেন। সন্ধ্যা ছয়টা ৫০ মিনিটে সরজুন একটি ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দেন। প্রসবকালে তাঁকে সহযোগিতা করেন বেসরকারি কমিউনিটি স্কিলড বার্থ অ্যাটেনডেন্ট (সিএসবিএ) জুলেখা খাতুন ও কমিউনিটি হেলথ ভলান্টিয়ার (সিএইচভি) তাহমিনা বেগম। প্রসূতি সরজুন জানান, নবজাতকসহ তিনি সুস্থ আছেন। তিনি খুশি হয়ে বলেন, ‘আমি গরিব মানুষ। পেরাইভেট আসপাতালো গেলে কইতো অপারেশন লাগব। অনেক টেখা লাগব। ইখানো আইয়া বাঁচলাম।’এমএনএইচআইয়ের মৌলভী-বাজার জেলা মাঠ সমন্বয়ক গোলাম মহিউদ্দিন খান গত বৃহস্পতিবার বলেন, স্বাভাবিক প্রসবে ভোগতেরা কমিউনিটি ক্লিনিক সারা দেশে শীর্ষে পৌঁছেছে। এখন পর্যন্ত (বেলা ১০টা) পাওয়া খবরে দ্বিতীয় অবস্থানে থাকা ঠাকুরগাঁওয়ের কাশিপুর কমিউনিটি ক্লিনিকে ৮৬টি নবজাতকের প্রসব হয়েছে।