ভোগদখলীয় জমি জবর দখলের জন্য নির্যাতন
>

পার্বতীপুরে সংখ্যালঘুদের জমি নিয়ে বিরোধের ঘটনায় অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন বাস্তবায়ন নাগরিক সমন্বয় সেলের তথ্যানুসন্ধান
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার চণ্ডীপুর বাবুপাড়া ও গোয়ালপাড়া গ্রামের ৪০টি সংখ্যালঘু পরিবার প্রায় এক যুগ ধরে হামলা, মামলা ও নির্যাতনের শিকার হচ্ছে। মূলত তাদের ভোগদখলীয় জমি জবরদখলের জন্য এই নির্যাতন চালানো হচ্ছে। কিন্তু প্রশাসন, রাজনৈতিক দল কিংবা সমাজের কেউ তাদের পাশে দাঁড়াচ্ছে না।
নির্যাতিত সংখ্যালঘুদের একজন অনন্ত কুমার রায় গতকাল বৃহস্পতিবার ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে বলেন, জবরদখলের চেষ্টা যাঁরা করছেন, জমি তাঁদের হলে আইনি প্রক্রিয়ায় তা দখলে নিচ্ছেন না কেন? হামলা, নির্যাতনের মতো বেআইনি পথ ধরেছেন কেন? তাঁদের জীবন-জীবিকার একমাত্র অবলম্বন ওই জমি। ওই জমি ছেড়ে তাঁরা কোথায় যাবেন। কেনই বা যাবেন।
জমি নিয়ে এই বিরোধের ঘটনার তথ্যানুসন্ধান করেছে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন বাস্তবায়ন নাগরিক সমন্বয় সেল। সেই তথ্যানুসন্ধান প্রতিবেদন প্রকাশের জন্য গতকাল সকালে জাতীয় প্রেসক্লাবে সেলভুক্ত সংগঠনগুলোর পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত হয়ে অনন্ত কুমার রায় উপরোক্ত বক্তব্য দেন।
সেলের প্রতিবেদনে বলা হয়, চণ্ডীপুর মৌজার ২৫ দশমিক ৭৮ একর জমিতে ৪০টি ক্ষত্রিয়সহ ৫৫টি পরিবারের সাত পুরুষেরবসবাস ও চাষাবাদ। ১৯৬৭-৬৮ সালে ওই জমি শত্রুসম্পত্তি করা হয়। স্বাধীনতার পর তা অর্পিত সম্পত্তিতে রূপান্তর হয়। এই পুরো সময়েই ওই জমি সরকারের কাছ থেকে বন্দোবস্ত নিয়ে ভোগদখল ও চাষাবাদ করে এসেছে ওই পরিবারগুলোই। তাদের স্বত্ব না থাকলে বন্দোবস্ত পাওয়ার কথা নয়।
১৯৮৪ সালে দিনাজপুরের সাব-জজ আদালত এক মামলায় ওই জমি অর্পিত সম্পত্তির তালিকাভুক্ত করাকে বেআইনি ঘোষণা করেন। একই সঙ্গে রায় দেন যে মামলার বাদী হাসিনা বেগম, আমেনা বেগম ও ফিরোজা বেগমের উত্তরাধিকারীরা ওই জমির একাংশের স্বত্ববান। এর বিরুদ্ধে সরকার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ পর্যন্ত লড়াই করেও হেরে যায়।
২০০২ সাল থেকে স্থানীয় প্রভাবশালী এবং বর্তমান সরকারি দলের নেতা এমদাদুল ইসলাম চৌধুরী এলাকায় প্রচার করেন যে সর্বোচ্চ আদালতের রায়ে তিনি ওই জমির মালিকানা পেয়েছেন। কিন্তু রায়ের অনুলিপি পর্যালোচনায় সেলের তথ্যানুসন্ধান দল এমন কোনো তথ্য পায়নি বলে দাবি করে। তবে এমদাদ চৌধুরী বিভিন্ন সময়ে তাঁর লোকদের নিয়ে ওই জমির ফসল কেটে নেওয়া থেকে শুরু করে সংখ্যালঘু পরিবারগুলোর ওপর হামলা ও মামলা করতে থাকেন।
কিন্তু ভুক্তভোগী পরিবারগুলোর বক্তব্য হচ্ছে, সে ক্ষেত্রে তাদের ওপর অত্যাচার-নির্যাতন না চালিয়ে আদালতের মাধ্যমে আইনি প্রক্রিয়ায় ওই ব্যক্তি বা ব্যক্তিবর্গ মালিকানা নিচ্ছেন না কেন? সেলের পক্ষ থেকেও একই দাবি করা হয়েছে।
সেলের প্রতিবেদনে বলা হয়েছে, আর সর্বশেষ মাঠ জরিপে সেখানকার কিছু জমি সরকারের খাস খতিয়ানভুক্ত করা হয়েছে। সেই জমি সেখানকার সাত পুরুষের বাসিন্দাদের বন্দোবস্ত দিতে হবে।
নাগরিক সমন্বয় সেলের পক্ষে অনুষ্ঠানে বক্তব্য দেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত। উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, শামসুল হুদা, কাজল দেবনাথ, এস এম রেজাউল করিম প্রমুখ।