ভোগাই নদের বাঁধ দ্রুত সংস্কার করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ১১ আগস্ট শেরপুরের নালিতাবাড়ী উপজেলার খলাভাঙা এলাকায় ভোগাই নদের ১২০০ ফুট বাঁধ কাম সড়ক ভেঙে যায়। ছবিটি গত শনিবার দুপুরে তোলা l প্রথম আলো
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ১১ আগস্ট শেরপুরের নালিতাবাড়ী উপজেলার খলাভাঙা এলাকায় ভোগাই নদের ১২০০ ফুট বাঁধ কাম সড়ক ভেঙে যায়। ছবিটি গত শনিবার দুপুরে তোলা l প্রথম আলো

* ভোগাই নদের বাঁধ কাম সড়কের অন্তত ৬ হাজার ৭০০ ফুট ভেঙে গেছে

*পানিবন্দী হয়ে পড়েছে অন্তত পাঁচ হাজার পরিবার

* সাড়ে তিন হাজার হেক্টর জমির আমনের খেত ডুবে গেছে

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় সম্প্রতি উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভোগাই নদের বাঁধের ১৫টি স্থান ভাঙনের কবলে পড়ে। এতে পানিবন্দী হয়ে পড়ে ওই এলাকার অন্তত পাঁচ হাজার পরিবার। ফের পাহাড়ি ঢলের আশঙ্কায় এলাকাবাসী দ্রুত বাঁধ সংস্কারের দাবি জানিয়েছেন।

উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ১১ আগস্ট ভারী বর্ষণ ও ভারতের মেঘালয় রাজ্য থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে ভোগাই নদের বাঁধ কাম সড়কের ১৫টি স্থানে অন্তত ৬ হাজার ৭০০ ফুট ভেঙে গেছে। এর মধ্যে নয়াবিল ইউনিয়নের নয়াবিল বাজার এলাকায় ১০০ ফুট, পূর্বপাড়ায় ২০০ ফুট, হাতিপাগারে ২০০ ফুট ও চারআলী বাজারে ২০০ ফুট, রামচন্দ্রকুড়া ইউনিয়নের কালাকুমা এলাকায় ৫০০ ফুট ও কেরেঙ্গাপাড়ায় ৮০০ ফুট, নালিতাবাড়ী ইউনিয়নের খালভাঙ্গা গ্রামে ৯০০ ফুট, চিনামারা গ্রামে ১০০ ফুট, মরিচপুরান ইউনিয়নের খালভাঙ্গা এলাকায় ১ হাজার ২০০ ফুট, ফকিরপাড়া গ্রামে ১৫০ ফুট, বাঘবেড় ইউনিয়নের শিমুলতলা এলাকায় ৩৫০ ফুট, পৌরসভার নিচপাড়া, গড়কান্দা ও খালভাঙ্গা এলাকায় দুই হাজার ফুট বাঁধ কাম সড়ক ভেঙে যায়। এতে পানি ঢুকে আটটি ইউনিয়ন ও পৌরসভার প্রায় সাড়ে পাঁচ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়ে। সাড়ে তিন হাজার হেক্টর আমনের খেত পানিতে ডুবে যায়। এ ছাড়া ঢলের পানিতে ২২৩টি পুকুরের মাছ ভেসে যায়। এলাকাবাসী আবারও পাহাড়ি ঢলের আশঙ্কা করছেন। তাই তাঁরা দ্রুত বাঁধ সংস্কারের দাবি জানিয়েছেন।

গত শনিবার সরেজমিনে দেখা যায়, মরিচপুরান খালভাঙ্গা এলাকায় ঢলের পানি ঢুকে প্রায় ৫০০ একর জমি ডুবে আছে। গ্রামের লোকজন নৌকায় যাতায়াত করছে। মরিচপুরান পূর্বপাড়ার হাজি আবদুল খালেক (৬০) বলেন, ‘প্রতিবছর এই নদীর বাঁধ ও সড়ক ঢলের পানিতে ভাঙে। এবারের ঢলে বাঁধের ১ হাজার ২০০ ফুট ভেঙে গেছে। এর ফলে জমি পাঁচ-ছয় ফুট পানির নিচে। আমরা দ্রুত বাঁধের সংস্কার চাই।’

খালভাঙ্গা গ্রামের মো. মিরাজ উদ্দিন (৫০) বলেন, ‘যেই সড়ক দিয়া গ্রামে চলাচল করতাম, তা এখন পাঁচ-ছয় ফুট পানির নিচে। গ্রামের লোকজনের গামছা পিন্দা চলাচল করুইন লাগে। এলাকাবাসী বিরাট কষ্টে আছে। আমরা তাড়াতাড়ি বান্দের একটা ব্যবস্থা চাই।’

খালভাঙ্গা গ্রামের কৃষক রফিক উদ্দিন (৪৫) বলেন, ‘খালভাঙ্গা এলাকায় ৫০০ ফুট নদীর বাঁধ ভাইঙ্গা এলাকার আমনের খেত ও বাড়িঘরে পানি উঠেছে। অহনও বান্দের কোনো ব্যবস্থা করা অইছে না। যেকোনো সমু আবারও ঢলের পানি আইলে আমগর মতো গরিব মানুষের কোনো উপায় থাকত না।’

মরিচপুরান ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খন্দকার শফিকুল ইসলাম বলেন, এবারের পাহাড়ি ঢলে খালভাঙ্গা গ্রামটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ওই গ্রামের লোকজনকে অনেক কষ্টে যাতায়াত করতে হচ্ছে। বাঁধ সংস্কারের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়েছে।

ইউএনও তরফদার সোহেল রহমান বলেন, ‘শনিবার ইউপি চেয়ারম্যানদের নিয়ে বাঁধ সংস্কারের জন্য সভা করেছি। দ্রুত বাঁধ সংস্কারের কাজ শুরু করা সম্ভব হবে।’