ভোগান্তি আরও দুই মাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রিন রোডের বিভিন্ন অংশে তৈরি হয়েছে ছোট–বড় খানাখন্দ। ছবিটি গত সোমবার তোলা l প্রথম আলো
গ্রিন রোডের বিভিন্ন অংশে তৈরি হয়েছে ছোট–বড় খানাখন্দ। ছবিটি গত সোমবার তোলা l প্রথম আলো

সড়কের কিছু অংশে পাইপ বসানোর কাজ করেছিল ওয়াসা। কাজ শেষে সাময়িক সমাধান হিসেবে কাটা অংশে দেওয়া হয় ইটের খোয়া। তবে বৃষ্টি ও যানবাহন চলাচলের কারণে খোয়াগুলো জায়গামতো থাকেনি। এ ছাড়া সড়কের দুই পাশের বিভিন্ন অংশে রয়েছে খানাখন্দ। এতে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে সড়ক দিয়ে চলাচলকারীদের। এই চিত্র রাজধানীর গ্রিন রোডের।

সিটি করপোরেশনের স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর বলছেন, এই দুর্ভোগ কাটতে আরও দুই মাস লাগবে।

গ্রিন রোডের দুই পাশে বেসরকারি মেডিকেল কলেজ, রোগনির্ণয়কেন্দ্র, বেসরকারি স্কুল, বিশ্ববিদ্যালয়, আবাসিক ও বাণিজ্যিক ভবন রয়েছে। এ কারণে, এই সড়কে অসংখ্য ব্যক্তিগত গাড়ি চলাচল করে। ফার্মগেট-নিউমার্কেট রুটের লেগুনা চলে এই সড়ক দিয়ে। এ ছাড়া অন্যান্য যানবাহন তো আছেই।

গত সোমবার পান্থপথ মোড় থেকে একটু এগোলে সড়কের পশ্চিম পাশে ওয়ার্ল্ড ইউনিভার্সিটির সামনের সড়কে বড় একটি গর্ত দেখা যায়। গর্তে জমে আছে বৃষ্টির পানি। গর্তের ওপর দিয়ে যাওয়া গাড়ির কারণে কাদাপানি ছিটকে পড়ছে পথচারীদের গায়ে।

সড়কের ফুটপাতে দাঁড়িয়ে ক্ষোভ প্রকাশ করলেন শাহনাজ বেগম। তিনি বলেন, সড়কের অনেক জায়গার অবস্থা ভালো। কিন্তু যেখানে খারাপ, তা খুব খারাপ। বৃষ্টির দিনে রাস্তায় হাঁটা যায় না।

কাঁঠালবাগান বাজারের দিক থেকে সড়ক ও গ্রিন রোডের সংযোগস্থলের আশপাশে গর্ত দেখা যায়। বৃষ্টির পানি জমে থাকায় বাজারের দিক থেকে আসা ও গ্রিন রোড থেকে যাওয়া গাড়িগুলো চলছে বেশ ধীরগতিতে।

সেখানে কথা হয় ট্রাফিক পুলিশের সদস্য মো. কামালের সঙ্গে। তিনি বলেন, তিনি এই মোড়ে কাজ করছেন সপ্তাহখানেক ধরে। এসে রাস্তা কাটা দেখেছেন। এখনো কাঁঠালবাগানের অংশে সড়কের কাজ চলছে। সব কাজ শেষ হলে যান চলাচল সহজ হবে।

এর কিছু দূর পর সড়কের পশ্চিম পাশে রূপসা কমিউনিটি সেন্টারের সামনে একটি বড় গর্ত দেখা যায়। কমিউনিটি সেন্টারের নিচে নির্মাণসামগ্রীর দোকান আলমগীর ট্রেডিংয়ের ব্যবস্থাপক আনোয়ারহোসেন বলেন, এই গর্তে সিএনজিচালিত অটোরিকশার চাকা আটকে যায়। এ ছাড়া রিকশা কাত হয়ে শিশু সন্তানসহ মাকে পড়ে যেতে দেখেছেন তিনি। তিনি বলেন, পাইপ বসানোর জন্য সড়কেই এই অংশ কাটা হয়েছিল। এরপর সামান্য পিচ দিয়ে গর্ত সমান করা হয়। কিন্তু বৃষ্টিতে সেগুলো টেকেনি।

আনোয়ার হোসেন বলেন, গর্ত ভরাট করতে তাঁরা নিজেরাও ভাঙা বাড়ির ইট-সুরকি ফেলেছেন। কিন্তু সেগুলো থাকেনি।

সড়কের উভয় পাশের কয়েকটি অংশে ওয়াসার কাজ শেষ হয়েছে। আরও কয়েকটি অংশে কাজ চলছে। সড়কের পূর্ব অংশে সড়কের ফুটপাত কেটে রাখা আছে। সেন্ট্রাল রোডের মাথায় সড়কের ওপরে রাখা হয়েছে ইট, মাটি ও রড।

এ ছাড়া গ্রিন রোডের গ্রিন মার্ট অ্যাপার্টমেন্টের সামনে, পশ্চিম অংশে জাহানারা গার্ডেনের পাশে, বেপজা কমপ্লেক্সের পাশে, ল্যাবএইড হাসপাতালের সামনে সড়কে গর্ত দেখা গেছে। এসব ভাঙা অংশে বৃষ্টির পানি জমে জনদুর্ভোগ তৈরি হচ্ছে।

গ্রিন রোডের একাংশ পড়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১৬ নম্বর ওয়ার্ডে। ওয়ার্ডের কাউন্সিলর মো. হোসেন হায়দার বলেন, ‘এই সড়কে চলতে আমারও সমস্যা হয়। সড়কে নালা নির্মাণের কাজ চলছে। লাইনের কাজ শেষ হলে ফুটপাতে টাইলস বসানো হবে।’ তিনি আরও বলেন, বৃষ্টিতে সড়ক খুঁড়ে রাখলে তা ভেঙে পড়ার আশঙ্কা আছে। এ কারণে কাজে দেরি হচ্ছে।

কাউন্সিলর বলেন, ফুটপাত, নালা ও সড়কের কার্পেটিংয়ের কাজ শেষ হতে সর্বোচ্চ দুই মাস লাগবে।