ভোগান্তি কমানোর উদ্যোগ কাজে আসছে না

ঢাকা থেকে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় যাওয়ার জন্য গতকাল সোমবার সকাল সাতটায় বাসা থেকে বের হন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত গোলাম রাব্বানী। রাজধানীর কল্যাণপুর থেকে তাঁর গাড়ি ছাড়ার কথা ছিল সকাল আটটায়। নানা চড়াই-উতরাই পাড়ি দিয়ে রাব্বানী যখন তাঁর গন্তব্যে পৌঁছলেন তখন রাত তিনটা। অর্থাৎ তাঁর সময় লেগেছে ১৯ ঘণ্টা। অথচ ঈদের সময় বাসে এই পথ পাড়ি দিতে ১০ থেকে ১২ ঘণ্টার বেশি লাগার কথা নয়।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যানজটের কারণে প্রতিদিনই ভোগান্তিতে পড়তে হচ্ছে ঈদে ঘরমুখো মানুষকে। পুলিশ ও সংশ্লিষ্ট লোকজন যানজট নিরসনে নানা উদ্যোগ নিলেও এখন পর্যন্ত তা ঘরে ফেরা মানুষের ভোগান্তি লাঘবে যথেষ্ট নয় বলেই মনে করছেন যাত্রীরা।
রাব্বানী প্রথম আলোকে বলেন, ‘কল্যাণপুর কাউন্টারে গিয়ে দেখি বাস নেই। আটটার বাস কাউন্টারে এল সাড়ে ১০টায়। টেকনিক্যাল মোড় থেকে গাবতলী পর্যন্ত যেতেই সময় লাগল প্রায় দেড় ঘণ্টা। এরপরে সাভার, চন্দ্রা হয়ে টাঙ্গাইল পর্যন্ত গাড়ি চলেছে ধীরে ধীরে। বগুড়া পৌঁছাতে সন্ধ্যা ছয়টা। এরপর ভাঙা সড়কে কখনো ধীরে কখনো যানজট পেরিয়ে বাসায় পৌঁছাতে হয়েছে।’
এবার মানুষ ঢাকা ছাড়তে শুরু করেছে ১৮ সেপ্টেম্বর থেকেই। সেদিন থেকে নিয়মিত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট। প্রতিবছরই ঈদের আগে মন্ত্রীরা ঘোষণা দেন ‘এবার মহাসড়কে যানজট হবে না’। এবারও তেমনই ঘোষণা ছিল। কিন্তু বাস্তবতা ভিন্ন। এই মহাসড়কে উত্তরবঙ্গ গন্তব্যের গাড়িচালক মান্নান মিয়া বলেন, ‘শোনেন, ওগো কামই হইলো টিভির সামনে কথা কওয়া। কামের কাম কিছুই অয় না।’ আরও কয়েকজন চালকদের সঙ্গে কথা বলে জানা গেল এই মহাসড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় গর্ত আছে।
পুলিশের ঢাকা অঞ্চলের উপমহাপরিদর্শক (ডিআইজি) এস এম মাহফুজুল হক নুরুজ্জামান ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের চন্দ্রা মোড়ের পুলিশ বক্সে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বলেন, ঈদ উপলক্ষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা মোড়কে কেন্দ্র করে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এক হাজার আনসার ও এক হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। এ ছাড়া কমিউনিটি পুলিশ, পরিবহন সমিতির পক্ষ থেকে স্বেচ্ছাসেবকেরা পালাক্রমে কাজ করবেন।
চালকেরা বলেন, রাস্তা খারাপ থাকার কারণে গাড়ি চলে ধীরগতিতে, এতে যানজট তৈরি হয়। এ ছাড়া কোরবানির ঈদে বাড়তি যানজট থাকার অন্যতম একটি কারণ মহাসড়কে পশুবোঝাই ট্রাকের চলাচল। ঢাকা রংপুরের নিয়মিত যাত্রী হোসাইন মোহাম্মদ রায়হান বললেন, ঈদের আগে বারবার বলা হয় যানজট হবে না। এই সড়কে কেন যানজট হচ্ছে, তা খতিয়ে দেখে এর স্থায়ী সমাধান করার লোক কি সরকারে নেই?
তাঁর মতো আরও কয়েজনের প্রশ্নটাও একই, কেন বারবার এই মহাসড়কে যানজট হচ্ছে। যাত্রীরা প্রশ্ন তুলছেন, ঈদের আগে ঢাকার বিভিন্ন ফিটনেসহীন বাস ও অব্যবহৃত বাসে করে মানুষ নিজ এলাকায় ফেরেন। ওই বাসের চালকরাও থাকেন অদক্ষ। ফলে দুর্ঘটনা বেশি হয় ওই বাসের মাধ্যমে। ওই বাসের চালকদের কেবল ঢাকার বিভিন্ন রুটে বাস চালানোর অভিজ্ঞতা দীর্ঘ পথে গাড়ি চালনার অভিজ্ঞতার সমান হয় না। আর এ জন্য দুর্ঘটনাও ঘটে তাঁদের মাধ্যমে। এমন মত দিয়েছেন ট্রাফিক বিভাগের একাধিক কর্মকর্তাও। কিন্তু এটি প্রতি ঈদেই হচ্ছে।

গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে এসে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, টানা ভারী বর্ষণের কারণে মহাসড়ক বারবার ঠিক করা হলেও আবার নষ্ট হয়ে যাচ্ছে। এতে কিছুটা দুর্ভোগ হতে পারে। তবে মানুষের দুর্ভোগ এড়াতে সর্বোচ্চ চেষ্টা চলছে। তিনি বাসচালকদের উদ্দেশে বলেন, ‘আপনারা সাবধানে গাড়ি চালাবেন। গতবারের মতো এবারও যেন লাশের পাহাড় দেখতে না হয়।’ আগামী তিন দিন মহাসড়কে ট্রাক ও লরি চলবে না জানিয়ে ওবায়দুল কাদের বলেন, পশুবাহী ট্রাক, পোশাকপণ্য, পচনশীল পণ্য ও ওষুধবাহী ট্রাক এ নির্দেশনার আওতামুক্ত থাকবে।
তবে এবার স্বস্তির বিষয় হচ্ছে মহাসড়কে তীব্র যানজট হলেও ট্রেন কিন্তু অনেকটা সঠিক সময়ে চলাচল করছে বলে যাত্রীরা জানিয়েছেন।
কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে গতকাল বেশির ভাগ ট্রেনই নির্ধারিত সময়ে ছেড়ে গেছে। নৌপথও স্বাভাবিক আছে।
কমলাপুরের রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, বেশির ভাগ ট্রেনই নির্ধারিত সময়ে ছেড়ে গেছে। ২০-২৫ মিনিট দেরি হলেও সেটিকে দেরি বলা যাবে না। চট্টগ্রামে যাওয়ার ট্রেনের দেরি সম্পর্কে তিনি বলেন, এই ট্রেনগুলো একটু দেরি করেছে।