ভোগান্তি দিয়ে শুরু ঈদের আনন্দ-যাত্রা

পিঠাপিঠি ঈদ-পূজা। রাজধানী ঢাকা ফাঁকা করে মানুষ ছুটে চলেছে ঘরে। কিন্তু সড়কপথে তাদের এই আনন্দযাত্রা ভোগান্তি দিয়ে শুরু হয়েছে। যারা বাসে চড়েছে, ঘণ্টার পর ঘণ্টা আটকে আছে মহাসড়কে। আর যারা উঠবে, টার্মিনালে বসে প্রতীক্ষার প্রহর গুনছে কাঙ্ক্ষিত বাসের জন্য।
ঈদুল আজহার আরেক বিশেষ অনুষঙ্গ কোরবানির পশু। যানজটের কারণে পশুর ক্রেতা-বিক্রেতারাও বিপাকে পড়েছেন।
পরিবহন মালিক-শ্রমিকেরা জানিয়েছেন, ঈদ-পূজা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা পুরোদমে শুরু হয়েছে সোমবার রাত থেকে। মহাসড়কে যানজটেরও শুরু ওই দিন থেকেই। কুমিল্লার দাউদকান্দিতে ট্রাক-কাভার্ড ভ্যান মুখোমুখি সংঘর্ষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট শুরু হয় সোমবার রাতে। মঙ্গলবার সকালে মহাসড়কের প্রায় ৬০ কিলোমিটারজুড়ে যানজট ছড়িয়ে পড়ে। বিকেলে কিছুটা স্বাভাবিক হলেও গতকাল আবারও যানজটে আটকে যায় এই মহাসড়ক।
ঢাকা-উত্তরবঙ্গের পথে গাজীপুর-টাঙ্গাইল অংশে সোমবার রাতে অন্তত পাঁচটি যানবাহন বিকল হয়ে যানজটের শুরু হয়। মঙ্গলবার দুপুরে কিছুটা স্বাভাবিক হলেও রাতেই আবার যানজট বাড়ে এবং গতকাল বুধবারও তা অব্যাহত থাকে। এই মহাসড়কের গাজীপুর অংশে খানাখন্দের কারণেও স্বাভাবিক যান চলাচল বাধাগ্রস্ত হচ্ছে।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের প্রায় পুরোটাই খানাখন্দে ভরা। তাই এই পথের যানবাহন চলে ধীরগতিতে। গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে মাওনার মধ্যে এবং এর পরেও প্রায় প্রতিদিনই কোনো না কোনো যানবাহন ফেঁসে যাচ্ছে। তাই যাত্রীবাহী বাসগুলো সময় মেনে চলতে পারছে না।
ঈদ ও পূজা উপলক্ষে রেলের যাত্রীদের অগ্রিম টিকিটের যাত্রা শুরু হয়েছে গতকাল বুধবার থেকে। এখনো পর্যন্ত রেলে যাত্রা নির্বিঘ্নই আছে। নৌপথে অগ্রিম টিকিটের যাত্রা শুরু হয়েছে মঙ্গলবার থেকে। গতকাল সদরঘাট টার্মিনাল থেকে খেয়া নৌকায় করে লঞ্চে উঠতে গিয়ে দুই লঞ্চের মাঝখানে চাপা পড়ে এক মা ও সন্তান মারা গেছেন। দৌলতদিয়া ফেরিঘাটে কোরবানির পশুবাহী ট্রাকের দীর্ঘ সারি চলছে তিন দিন ধরেই। এতে যাত্রীবাহী যানবাহন-গুলোরও চলাচল বাধাগ্রস্ত হচ্ছে।
পূজা শুরু হয়ে গেছে। ঈদের আরও চার দিন বাকি। এরই মধ্যে টার্মিনালে ও পথে পথে যে দুর্ভোগের শুরু, তাতে আগামী কয়েক দিনের যাত্রা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
পুলিশ, পরিবহন মালিক-শ্রমিক ও ভুক্তভোগীরা জানান, সড়কপথে যানজট-দুর্ভোগের মূল কারণ তিনটি। এগুলো হচ্ছে পথে পথে পশুর হাট, লক্কড়ঝক্কড় যানবাহনের বিকল হওয়া ও দুর্ঘটনায় পড়া এবং মহাসড়কের বেহাল অবস্থা। গত ৪ সেপ্টেম্বর ঈদ ও পূজায় ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কয়েকটি মন্ত্রণালয় ঢাকার একটি রেস্তোরাঁয় সভা করে। কিন্তু এর অনেকগুলো সিদ্ধান্তই বাস্তবায়িত হয়নি।
সড়ক ও সেতু মন্ত্রণালয় সূত্র জানায়, বৈঠকে মহাসড়কের ওপর পশুর হাট ও অস্থায়ী স্থাপনা কিংবা দোকানপাট বসানো বন্ধের সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু সারা দেশে সড়ক-মহাসড়ক ঘেঁষে অন্তত ৮৮টি কোরবানির পশুর হাট বসেছে। এসব পশুর হাটের কারণে যান চলাচল বাধাগ্রস্ত হবে—এমন আশঙ্কা করে সরকারের একটি গোয়েন্দা সংস্থা প্রতিবেদনও দিয়েছে স্বরাষ্ট্র, সড়ক পরিবহন ও স্থানীয় সরকার মন্ত্রণালয়কে। সড়কের ওপর অস্থায়ী দোকানও চলছে অবাধে।
আন্তমন্ত্রণালয় বৈঠকে সড়ক রক্ষণাবেক্ষণ ও মেরামত দ্রুত শেষ করার কথা বলা হলেও সেটা এখনো অব্যাহত আছে। পুরোনো ও লক্কড়ঝক্কড় যানবাহন চলতে না দেওয়া এবং মহাসড়কে নছিমন-করিমন বন্ধেরও সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু পুরোনো যানবাহন প্রতিদিনই মহাসড়কে বিকল হয়ে যানজটের সৃষ্টি করছে।
বেহাল সড়কের কারণে ঈদুল ফিতরের আগে মানুষের ঘরমুখো যাতায়াত নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। তবে ওই সময় মানুষের যাত্রা নির্বিঘ্নই হয়েছিল। পরে একটি রেস্তোরাঁয় ‘ধন্যবাদ জ্ঞাপন’ অনুষ্ঠান করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পুলিশ ও পরিবহন মালিক-শ্রমিকেরা জানান, ঈদুল ফিতরে মহাসড়কে মানুষের চলাচল নির্বিঘ্ন করার ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক নজরদারি ও তৎপরতা ছিল। লক্কড়ঝক্কড় যানবাহন চলাচলের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হয়েছিল। মহাসড়কের যত্রতত্র যানবাহন দাঁড় করিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে দেওয়া হয়নি।
কিন্তু পূজা ও পশুর হাটে নিরাপত্তা দেওয়ার কারণে এবার মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা এখন পর্যন্ত কম। এ ছাড়া ঈদুল ফিতরের সময় মেরামত করা মহাসড়কের খানাখন্দ সাম্প্রতিক বৃষ্টিতে অনেকটাই ধুয়ে গেছে। বিশেষ করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের অবস্থা খুবই খারাপ। ফলে যানজট ও দুর্ভোগ দুটিই বেড়েছে।

বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক তালুকদার প্রথম আলোকে বলেন, সবাই ধরে নেয় যে ঈদের দুই দিন আগে থেকে চাপ বাড়বে এবং যানজট হবে। কিন্তু এবার ঈদে মানুষের যাত্রার শুরু থেকেই ভোগান্তিরও শুরু। তাই আগামী দিনগুলো নিয়ে শঙ্কা কাজ করছে। তিনি মনে করেন, ঈদুল ফিতরের সময় সরকারের বিভিন্ন সংস্থা যতটা তৎপর ছিল, এবার এখনো পর্যন্ত এতটা তৎপরতা দেখা যায়নি। এ জন্যই দুর্ভোগ বৃদ্ধির আশঙ্কা।
টার্মিনালে অপেক্ষা: গতকাল সন্ধ্যায় মহাখালী বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে, প্রায় প্রতিটি গন্তব্যের বাসই নির্দিষ্ট সময়ের চেয়ে কয়েক ঘণ্টা দেরিতে ছাড়ছে। বিশেষ করে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের যাত্রীরাই বেশি ভোগান্তিতে পড়েছেন। এনা পরিবহনের যাত্রী সৈকত শুভ্র বলেন, ‘বিকেল সাড়ে চারটায় টিকিট কেটেছি। বাসের সিরিয়াল নাম্বার দিছে ৬৫। এখন সাতটা বাজে, মাত্র ৬০ নাম্বার বাস ছাড়ল। রাস্তার যে অবস্থা শুনতেছি, কখন বাসে উঠব আর কখন পৌঁছাব বুঝতেছি না।’
মহাখালী থেকে বৃহত্তর ময়মনসিংহসহ উত্তরবঙ্গের বেশি কিছু জেলায় বাস চলাচল করে।
দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও দক্ষিণের জেলাগুলোর বেশির ভাগ পরিবহনই চলে গাবতলী হয়ে। গতকাল সন্ধ্যায় শ্যামলী, কল্যাণপুর ও গাবতলীতে বড় বড় পরিবহন কোম্পানির কাউন্টারে বাসের অপেক্ষায় থাকা যাত্রীদের ভিড় দেখা গেছে। কল্যাণপুরে হানিফ পরিবহনের কাউন্টারের কর্মী রেজা বলেন, গাজীপুর থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত যানজট আছে। তাই বাস সময়মতো আসতে পারছে না।
ওই কাউন্টারের সামনে কথা হয় ডেমরার বাসিন্দা প্রতিমা রায়ের সঙ্গে। তিনি বলেন, ‘ঢাকায় বাস করি জীবিকার তাগিদে। পূজার আনন্দ সবার সঙ্গে মিলেমিশে করতে চাই। এখন বাড়ি পৌঁছানোটাই বড় কথা।’
পথে পথে দুর্ভোগ: আমাদের দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি জানান, মঙ্গলবার রাত সোয়া তিনটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা এলাকায় একটি বাস ও একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে লিপ্ত কাভার্ড ভ্যানের পেছনে থাকা অন্য আরেকটি কাভার্ড ভ্যানও পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঈগল পরিবহনের চালক সোহাগ হাওলাদার (২৬) ঘটনাস্থলেই মারা যান। দুই কাভার্ড ভ্যানের চালক, বাসের যাত্রীসহ অন্তত ১০ জন আহত হন। বাসটি বরিশাল থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। এতে দাউদকান্দির আমিরাবাদ থেকে কুমিল্লার আলেখারচর পর্যন্ত মহাসড়কে ৫০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
রয়েল পরিবহনের চালক মাসুদ রানা জানান, চট্টগ্রাম থেকে রওনা দিয়ে ভোর পাঁচটায় কুমিল্লার বিশ্বরোডে এসে যানজটে আটকা পড়েন। দাউদকান্দি পর্যন্ত ৫০ কিলোমিটার পথ পাড়ি দিতে লেগেছে চার ঘণ্টা।
কুমিল্লা থেকে মতলব উত্তরে যাওয়ার উদ্দেশে বেলা সাড়ে ১১টায় মেয়েকে নিয়ে বাসে উঠেছিলেন শাহ আলম। যানজটে আটকা পড়ে গৌরীপুরে আসতেই সময় লেগে যায় সাড়ে চার ঘণ্টা।
গাজীপুর প্রতিনিধি জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা, মৌচাক, সফিপুর, কালিয়াকৈর বাইপাস এবং কালিয়াকৈর-নবীনগর পথের মহাসড়কের জিরানী বাজারে গতকাল দিনভর যানজট হয়।
কোনাবাড়ী হাইওয়ে থানার পরিদর্শক শাহরিয়ার হাসান বলেন, সড়কে সংস্কারকাজ চলা এবং পাশের নর্দমা পরিষ্কার করে সেগুলো মহাসড়কের ওপর ফেলার কারণে যানবাহন চলাচল বাধাগ্রস্ত হয়।
ঢাকা থেকে রংপুরের উদ্দেশে রওনা করা শ্যামলী বাংলা পরিবহনের যাত্রী রোকসানা বলেন, ভিড় এড়াতে সন্তানদের নিয়ে ভোর ছয়টার বাসে ওঠেন। কিন্তু ১১টায় গাজীপুরের চন্দ্রায় পৌঁছান।
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, বুধবার ভোরে মির্জাপুর ক্যাডেট কলেজের কাছে পশুবোঝাই ট্রাক বিকল হয়ে গেলে যানজটের সৃষ্টি হয়। এতে গাজীপুরের কালিয়াকৈর থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার যানজট হয়। ট্রাকচালক মুক্তি মিয়া বলেন, মঙ্গলবার রাত তিনটায় ঢাকার কমলাপুরে কোরবানির পশু নামিয়ে নাটোরের উদ্দেশে রওনা হন তিনি। সকাল আটটায় মির্জাপুরে পৌঁছান।
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি জানান, গতকাল দুপুরে দৌলতদিয়া ফেরিঘাট থেকে প্রায় তিন কিলোমিটার দূর পর্যন্ত যানবাহন আটকা পড়ে। এর বেশির ভাগই পশুবাহী ট্রাক। মঙ্গলবার রাতে জট আরও বেশি ছিল। ঘাটের কাছে মহাসড়কে পশু নামাতেও দেখা গেছে। এ ছাড়া ফেরির সংকটও রয়েছে। এ কারণে যানজট তীব্র হচ্ছে।