ভোগান্তি নিয়ে বাড়ি ফিরছে মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অতিরিক্ত ভাড়া দিয়ে মাইক্রো, ব্যক্তিগত গাড়ি প্রভৃতি বাহনে যাত্রা করছে মানুষ। সাইনবোর্ড এলাকা, নারায়ণগঞ্জ, ২৮ জুন দুপুর
ছবি: প্রথম আলো

লকডাউনে গত কয়েক দিনের তুলনায় সোমবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির চাপ ছিল কম। বিভিন্ন জায়গা থেকে লোকজন অটোরিকশা, সিএনজিচালিত অটোরিকশা, মিনি পিকআপসহ বিভিন্ন যানবাহনে নারায়ণগঞ্জের সাইনবোর্ড আসছেন। স্বাস্থ্যবিধি না মেনে সেখান থেকে বিভিন্ন গন্তব্যে ভোগান্তি নিয়ে যাচ্ছে যাত্রীরা।

তবে সোমবার সকাল থেকে সড়ক ও মহাসড়কে পুলিশের কড়া তৎপরতা দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গত কয়েক দিনের তুলনায় গাড়ির চাপ কম ছিল। এ ছাড়া যাত্রী পরিবহনের জন্য গত কয়েক দিন মাইক্রোবাস দেখা গেলেও সোমবার তা দেখা যায়নি। সাইনবোর্ডে আসার প্রায় আধা কিলোমিটার আগে থেকেই পুলিশ অটোরিকশাসহ সব যানবাহন আটকে দিচ্ছে। লোকজনকে হেঁটে নারায়ণগঞ্জ সদর উপজেলার মাহমুদপুর থেকে সাইনবোর্ড যেতে হচ্ছে। লোকজন ও গাড়িগুলোকে পুলিশের চেকপোস্টে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ শেষে যেতে হচ্ছে।

রাজধানীতে ঢুকতে গিয়েও গণপরিবহনের সংকটে পড়ছে লোকজন। তারা কয়েক গুণ ভাড়ায় নানা উপায় ও কৌশলে রাজধানীতে ঢুকছে। স্বাস্থ্যবিধি ও মাস্ক ছাড়াই লোকজনকে চলাফেরা করতে দেখা গেছে।

লকডাউনে শহরের অধিকাংশ মার্কেট ও দোকানপাট বন্ধ ছিল। তবে কিছু দোকানপাট আংশিক খোলা দেখা গেছে।

রাজধানীর হাজারীবাগ এলাকার পান্না ব্যাটারি কারখানায় কাজ করেন নেওয়াজ শরীফ। নোয়াখালী থেকে শাশুড়ি পান্না বেগম ও নানিশাশুড়ি রেহানা বেগম তাঁদের বাড়িতে বেড়াতে এসেছিলেন। বেড়ানো শেষ না হতেই খবর আসে, শ্বশুর অসুস্থ হয়ে পড়েছেন। তাই শাশুড়ি ও নানিশাশুড়িকে গ্রামের বাড়িতে নিয়ে যাচ্ছেন। কিন্তু সায়েদাবাদে কোনো গাড়ি পাননি। সাইনবোর্ড এসেছেন, এখানেও নোয়াখালী যাওয়ার মতো কোনো গাড়ি পাচ্ছেন না।

নেওয়াজ শরীফ বলেন, ‘লকডাউন কত দিন বাড়ায়, জানি না। তাই ভেঙে ভেঙে হলেও তাঁদের নিয়ে যেতে হবে। তারপরও যেতে হবে। ভোগান্তি ও অতিরিক্ত ভাড়া গুনতে হবে।’

ভোলার মনপুরা এলাকার পারভীন আক্তার তাঁর ৬ বছর বয়সী মেয়ে হালিমা ও ১১ মাস বয়সী সানাউল্লাহ এবং তাঁর মা আসমা বেগমকে নিয়ে ১৫ দিন আগে মোহাম্মদপুরে ছোট বোন রাজিয়ার বাড়িতে আসেন দুই সন্তানের চিকিৎসা করাতে। তাদের শরীরে ঘা, প্রস্রাব ও পায়খানার সমস্যা। ঢাকা শিশু হাসপাতালে চিকিৎসককে দেখানো শেষে বাড়ি যাচ্ছেন। লম্বা লকডাউনে আটকে যাওয়ার ভয়ে তাঁরা ভোর ৬টায় রওনা দিয়েছেন। কিন্তু বেলা ১১টায়ও তাঁরা কোনো গাড়ির ব্যবস্থা করতে পারেননি।

পারভীন বলেন, তাঁরা এখান থেকে নোয়াখালী যাবেন। সেখান থেকে ভোলার মনপুরা যাবেন। কোনোভাবেই গাড়ি না পেলে প্রাইভেট কার ভাড়া করে হলেও বাড়ি যেতে হবে। তাঁর কথা, ‘রাস্তায় তো থাকতে পারমু না।’

পোশাক কারখানার মালামাল আনতে চকবাজার যাচ্ছেন নাসির উদ্দিন। তিনি বলেন, মাহমুদপুর পুলিশ চেকপোস্টে সব যাত্রীকে অটোরিকশা ও সিএনজিচালিত অটোরিকশা থেকে নামিয়ে দেওয়া হচ্ছে। সবাইকে হেঁটে সাইনবোর্ড যেতে হবে। সেখান থেকে তিনি চকবাজার যাবেন গার্মেন্টসের মালামাল আনতে।

এ বিষয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী ফারুক প্রথম আলোকে জানান, মহাসড়কে পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যানসহ বিভিন্ন যানবাহন চলছে। তবে কোনো গণপরিবহন চলছে না। তিনি বলেন, মাস্ক ব্যবহার না করায় কয়েকজনকে জরিমানা করা হয়েছে।

জেলা পুলিশ সুপার জায়েদুল আলম প্রথম আলোকে জানান, লকডাউন নিশ্চিত করে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। পুলিশের চেকপোস্ট বাড়ানো হয়েছে। গণপরিবহন যাতে চলাচল করতে না পারে এ কারণে পুলিশ কঠোর থাকবে।