ভোগান্তি নিয়েই ঘরমুখো মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-রংপুর মহাসড়কের কালিয়াকৈর এলাকার যানজট
ঢাকা-রংপুর মহাসড়কের কালিয়াকৈর এলাকার যানজট

পরিবার-পরিজনের সঙ্গে ঈদ করতে রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষ। আগামীকাল শুক্রবার থেকে ঈদের ছুটি শুরু হয়ে যাওয়ায় বৃহস্পতিবার থেকে ঘরমুখো হয়েছে মানুষ। ঘরে ফেরা মানুষের বেশির ভাগই রওনা হয়েছেন সড়কপথে।

ঈদের আগে শেষ কর্মদিবসে ঢাকা থেকে উত্তর ও দক্ষিণের জেলাগুলোর যাত্রীদের ঈদযাত্রা শুরু হয় বাসের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার ভোগান্তির মধ্য দিয়ে। সারা দিনই বিভিন্ন জায়গায় দীর্ঘ যানজট লেগেছে। রাজধানীর গাবতলী, মহাখালী ও সায়েদাবাদে যানবাহনের অপেক্ষায় বসে থাকতে হয়েছে যাত্রীদের। তীব্র গরম ও বাসস্ট্যান্ডে অতিরিক্ত যাত্রীর ভিড়ও ভোগান্তি বাড়িয়ে দেয়।

উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল ও চট্টগ্রামমুখী যানবাহনগুলোকে বেশি ভোগান্তি পোহাতে হয়েছে। পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাটে ফেরি পারাপারে সমস্যার কারণে দুই পারে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। উত্তরাঞ্চলগামী যানবাহনগুলো ঢাকা থেকে বেরিয়ে গাজীপুর ও টাঙ্গাইলে যানজটে পড়ে। তবে রাতের দিকে থেমে থেমে যানবাহন চলতে দেখা গেছে। তবে ঢাকামুখী বাসগুলোকে দীর্ঘ জটে পড়ার পর রাতে ঢাকায় ঢুকতে হয়েছে। এতে এই বাসে যারা ঢাকা থেকে উত্তরাঞ্চল যাবেন তাদের অপেক্ষা করতে হয়েছে বেশ দীর্ঘক্ষণ।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেন হলেও দুই লেনের মেঘনা-গোমতী সেতুর কারণে দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। লঞ্চ ও ট্রেনেও থেকে নেমেছে ঘরে ফেরা মানুষের ঢল।

ভাঙনে পাটুরিয়া-দৌলতদিয়ার কয়েকটি ঘাট বন্ধ
ঢাকার সঙ্গে দক্ষিণ জনপদের সড়ক যোগাযোগের গুরুত্বপূর্ণ ফেরিঘাট পাটুরিয়া-দৌলতদিয়ার কয়েকটি ঘাট ভাঙনের কারণে বন্ধ। অন্যদিকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাশ থেকে গাজীপুরের চন্দ্রা পর্যন্ত সড়কে থেমে থেমে যানজট। যে কারণে যাত্রীদের ঈদযাত্রা শুরুতে বাসের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার ভোগান্তির মধ্য দিয়ে। তীব্র গরম ও বাসস্ট্যান্ডে অতিরিক্ত যাত্রীর ভিড় যে ভোগান্তিকে আরও বাড়িয়ে দেয়। এই দুটি রুটে চলাচলকারী বাসগুলোর কাউন্টার ব্যবস্থাপকদের বক্তব্য, পাটুরিয়া-দৌলতদিয়ার কয়েকটি ঘাট বন্ধ থাকায় শত শত গাড়ি আটকা পড়েছে নদীর দুই পাড়ে। যে কারণে এই রুটে চলাচলকারী অধিকাংশ বাস গড়ে পাঁচ থেকে ছয় ঘণ্টা দেরিতে গাবতলীতে পৌঁছাচ্ছে। অন্যদিকে পাটুরিয়া ফেরিঘাট দিয়ে পার হতে না পেরে অনেক গাড়ি বঙ্গবন্ধু সেতু দিয়ে আসায় ঢাকামুখী গাড়ির চাপ বাড়ছে। ফলে যানজটের কারণে এই রুটের গাড়িগুলোও সময়মতো পৌঁছাতে পারছে না।

লঞ্চে প্রচণ্ড ভিড় ছিল না

সদরঘাট লঞ্চঘাটে ঘরমুখী মানুষের ভিড়
সদরঘাট লঞ্চঘাটে ঘরমুখী মানুষের ভিড়

সড়ক ও রেলপথের মতো নৌপথেও রাজধানী ঢাকা ছাড়ছে ঈদে ঘরমুখী মানুষ। প্রিয়জনের সঙ্গে ঈদ উদ্‌যাপনে ঘরমুখী মানুষের ভিড় ছিল বৃহস্পতিবার ঢাকা নদীবন্দর সদরঘাটে। যাত্রীতে পূর্ণ হওয়ায় নির্ধারিত সময়ের আগেই দক্ষিণাঞ্চলের বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে লঞ্চগুলো।
দক্ষিণাঞ্চলের লঞ্চগুলো সন্ধ্যায় বা রাতে ছাড়লেও দুপুরের পর থেকেই যাত্রীরা সদরঘাটে আসতে শুরু করেন। যাত্রীর ভিড়ে মুখর হয়ে ওঠে পন্টুন। পরিবার-পরিজনসহ আসা যাত্রীরা উঠে পড়েন নিজেদের গন্তব্যের লঞ্চে। শিশুযাত্রীদের চোখে-মুখে ছিল খুশির ঝিলিক। টার্মিনাল ছাড়ার নির্ধারিত সময়ের অনেক আগেই যাত্রীতে পূর্ণ হয়ে যাওয়ায় লঞ্চগুলো গন্তব্যের উদ্দেশে ঘাট ছাড়ে। তবে লঞ্চে প্রচণ্ড ভিড় ছিল না। সদরঘাটে আসতে অনেককে যানজটে পড়তে হয়েছে। নৌপথে যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে সদরঘাট এলাকায় র‍্যাব, কোস্টগার্ড, নৌ-পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর ছিল।
দুপুরের পর সদরঘাট টার্মিনালে গিয়ে দেখা যায়, পন্টুন ও আশপাশের এলাকায় সড়কগুলোতে হকাররা নানা পসরা সাজিয়ে বসেছেন। টার্মিনালের ১১ নম্বর পন্টুনে ওয়েল্ডিংয়ের কাজ চলছে। ফলে যাত্রীদের চলাফেরায় সমস্যা হচ্ছে। যানজটে পড়তে পারেন এমন আশঙ্কায় অনেকে পরিবার-পরিজন নিয়ে বিকেলেই টার্মিনালে চলে এসেছেন।