উত্তরার বাসিন্দা মনিরা সুলতানা একটি ওয়ারিশান সনদ পেতে গত নভেম্বর থেকে কয়েকবার গেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল-১-এর কার্যালয়ে। করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা হবে, হচ্ছে করে দুই মাস পার করেন। এরপর গত ২৮ জানুয়ারি ওই কার্যালয়ের এক কর্মচারী তাঁকে ফোন করে বলেন, আট হাজার টাকা দিলে তিনি ওই সনদের ব্যবস্থা করে দেবেন।
খুব জরুরি না হওয়ায় সনদটির জন্য মনিরা আর যাননি। গত সোমবার তিনি টেলিফোনে প্রথম আলোকে বলেন, তাঁর এলাকায় কাউন্সিলর নির্বাচিত হয়েছেন মো. আফসার উদ্দিন খান। আফসার উদ্দিন ভোট চাইতে এলে তিনি জানতে চেয়েছিলেন, নির্বাচিত হলে তিনি কাজটি করে দিতে পারবেন কি না? জবাবে প্রতিশ্রুতি দিয়েছিলেন। এখন দেখা যাক।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অধীন পাতলা খান লেনের সাদেকুল ইসলামকে ওয়ার্ড কাউন্সিল কার্যালয়ে দুই সপ্তাহ ঘুরে ও ১০০ টাকা দিয়ে মেয়ের জন্য নাগরিক সনদ নিতে হয়েছে। তিনি বলেন, ‘জনপ্রতিনিধি থাকলে কাজটি হতো সঙ্গে সঙ্গে। এ কাজের জন্য জনপ্রতিনিধি কোনো অর্থ নিতেন না। শুধু অফিস সহকারী নির্ধারিত ১০ টাকা নিতেন।’
জনপ্রতিনিধি না থাকায় গত প্রায় সাড়ে তিন বছর সিটি করপোরেশনে এমন ছোট ছোট কাজের ক্ষেত্রে দীর্ঘসূত্রতা ও অর্থ চাওয়ার কথা জানান ভুক্তভোগী আরও অনেকে। তাঁরা আরও জানান, করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের দাপটের কথা।
২০১১ সালের নভেম্বরে ঢাকা সিটি করপোরেশনকে ঢাকা উত্তর ও দক্ষিণে ভাগ করার পর নির্বাচিত জনপ্রতিনিধিদের জায়গায় এই দুই সিটি করপোরেশন চলেছে করপোরেশন ও প্রেষণে আসা সরকারি কর্মকর্তাদের দিয়ে। অবিভক্ত ঢাকা সিটির সর্বশেষ মেয়র ছিলেন বিএনপির নেতা সাদেক হোসেন খোকা। জনপ্রতিনিধি না থাকায় নাগরিকদের ধরনা দিতে হয়েছে কর্মকর্তা-কর্মচারীদের কাছে। দেখেছেন তাঁদের দাপট। কাজের জন্য অনেক সময় নাগরিকদের স্থানীয় আওয়ামী লীগের নেতাদের কাছেও ধরনা দিতে হতো। কিন্তু যাঁরা স্থানীয় নেতাদের চিনতেন না তাঁদের ভোগান্তি ছিল বেশি।
এই ভোগান্তির অবসান হতে যাচ্ছে আজ বুধবার। কারণ, আজ এ দুই সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা শপথ নেবেন, দায়িত্ব নেবেন সিটি করপোরেশন পরিচালনার। ওয়ার্ড কাউন্সিলররা কার্যালয়ে বসবেন। ফলে এত দিন আঞ্চলিক ও ওয়ার্ড কার্যালয়গুলোতে থাকা সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের ‘দাপট’ শেষ হবে। দুই সিটি করপোরেশনে প্রেষণে আসা কয়েকজন সরকারি কর্মকর্তা জানান, করপোরেশনের নিজস্ব কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে দাপট ও প্রভাব হারানোর ‘কষ্ট’ কাজ করছে। এখন থেকে তাঁদের আবার অন্যের অধীনে চলে যেতে হবে।
সিটি করপোরেশনের কর্মকর্তাদের মতে, নগরবাসী সাধারণত নাগরিক সনদ, জন্ম ও মৃত্যু নিবন্ধন, ওয়ারিশান সনদের জন্য সবচেয়ে বেশি নগর ভবনের দ্বারস্থ হন। এর বাইরে ফ্ল্যাট নিবন্ধন, রাজস্বসংক্রান্ত কাজেও আসেন নাগরিকেরা। কর্মকর্তারা মনে করেন, এই কাজগুলো জনপ্রতিনিধিরা সাধারণত দ্রুততার সঙ্গে শেষ করতেন। কিন্তু গত সাড়ে তিন বছরে জনপ্রতিনিধি না থাকায় এসব সহজ কাজের জন্য নগরবাসীকে নানা ভোগান্তিতে পড়তে হয়েছে।
দুই সিটি করপোরেশন এবং এর অধীন আঞ্চলিক ও ওয়ার্ড কার্যালয়ে গত দুদিন সরেজমিন গিয়ে দেখা গেছে, কর্মকর্তা-কর্মচারীদের বেশির ভাগের মধ্যেই গা ছাড়া ভাব। বেশির ভাগ ওয়ার্ড কার্যালয়েই কোনো কর্মচারীকে দেখা যায়নি। এত দিন সিটি করপোরেশনের কার্যালয়গুলোতে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের ভিড়ও ছিল লক্ষণীয়। কিন্তু এখন সেটাও নেই। ঢাকা উত্তর ও দক্ষিণের নগর ভবনে ঠিকাদারদের ভিড়ও দেখা যায়নি।
প্রেষণে করপোরেশনে আসা এক কর্মকর্তা বলেন, ‘জনপ্রতিনিধি না থাকায় তাঁদের কাজ করতে গিয়ে করপোরেশনের কিছু কর্মকর্তা-কর্মচারী নানা অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন। এঁরাই দুশ্চিন্তায় আছেন। এসব কর্মকর্তারা বিভিন্ন স্থানে করপোরেশনের সম্পত্তি বরাদ্দও দিয়েছেন। এগুলো নিয়ে এখন প্রশ্ন উঠতে পারে।’
উত্তর সিটি করপোরেশনের প্রশাসক রাখাল চন্দ্র বর্মণ প্রথম আলোকে বলেন, ‘সব সময়ই বলে এসেছি সিটি করপোরেশনের কাজ জনপ্রতিনিধিরাই ভালো করতে পারবেন। কেননা, জনগণকে নিয়েই তাঁদের কাজ। যাঁরা নির্বাচিত হয়েছেন তাঁরা ঢাকার মানুষকে সব ধরনের ভোগান্তি থেকে রক্ষা করবেন বলে আশা করি।’