ভোগান্তি হবে ভুলতায়, সিলেটে ৩ কিলোমিটার অংশ ভাঙা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের ভুলতায় নির্মাণাধীন উড়ালসড়কের পিলারের পাশে সরু হয়ে যাওয়া সড়কে নিশ্চল যানবাহনের দীর্ঘ সারি। সম্প্রতি তোলা।  ছবি: তানভীর আহাম্মেদ
নারায়ণগঞ্জের ভুলতায় নির্মাণাধীন উড়ালসড়কের পিলারের পাশে সরু হয়ে যাওয়া সড়কে নিশ্চল যানবাহনের দীর্ঘ সারি। সম্প্রতি তোলা। ছবি: তানভীর আহাম্মেদ

চলতি মাসেই সময় শেষ। অথচ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতায় ঢাকা-সিলেট মহাসড়কে নির্মাণাধীন উড়ালসড়কটির এখনো অনেক কাজ বাকি। ফলে সেখানে সরু সড়কে প্রতিদিন দীর্ঘ যানজট হচ্ছে। এ ছাড়া মহাসড়কটির সিলেটের ওসমানীনগর ও বালাগঞ্জ উপজেলায় তিন কিলোমিটার অংশের অবস্থা খুব খারাপ। এতে ঈদযাত্রায় মানুষের সবচেয়ে বেশি ভোগান্তি হবে এ দুটি এলাকায়।

ঢাকা-সিলেট মহাসড়কের দৈর্ঘ্য ২৫০ কিলোমিটার। নরসিংদী, ভৈরব, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও সিলেট বিভাগের চার জেলার যানবাহন চলাচল করে এই মহাসড়কে। পাশাপাশি চট্টগ্রাম থেকে গাজীপুর ও উত্তরাঞ্চলগামী পণ্যবাহী ট্রাক-লরি-কাভার্ড ভ্যান ভুলতা হয়ে চলাচল করে। মহাসড়কটির ভুলতায় রয়েছে দেশের অন্যতম বৃহত্তম কাপড়ের পাইকারি হাট গাউছিয়া মার্কেট। এ জন্য সেখানে সারাক্ষণই যানবাহনের চাপ বেশি থাকে।

ভুলতায় যানজট কমাতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ২০১৫ সালে ভুলতা উড়ালসড়ক নির্মাণের উদ্যোগ নেয়। ২৪০ কোটি টাকা ব্যয়ে ১ দশমিক ২৩৮ কিলোমিটার দীর্ঘ উড়ালসড়কের কাজ শুরু হয় ওই বছরের অক্টোবরে। চলতি জুন মাসেই কাজ শেষ হওয়ার কথা। কিন্তু গত ৩০ মে সরেজমিন দেখা যায়, নির্মাণাধীন উড়ালসড়কের মাঝের ৬টি পিলার ও পূর্ব প্রান্তের ৮টি পিলার কেবল দাঁড়িয়ে আছে। এ ছাড়া উড়ালসড়কের ঢাকা বাইপাস সড়কের যান চলাচলের অংশের নির্মাণকাজ শেষ হয়েছে ৫০ শতাংশ।

উড়ালসড়কের নিচের সড়ক সরু হওয়ায় সারাক্ষণই যানবাহন আটকে থাকছে। কখনো কখনো এর প্রভাবে তারাব থেকে নরসিংদীর মাধবদী পর্যন্ত ২০ কিলোমিটার অংশে যানগুলো চলছে ধীরগতিতে। ঢাকা বাইপাস সড়কের সোনারগাঁয়ের নয়াপুর থেকে কাঞ্চন সেতু পর্যন্ত ১৫ কিলোমিটারে কিছুদূর পরপর থেমে যাচ্ছে যানবাহনের চাকা। সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী সোহাগ পরিবহনের চালক আনোয়ার হোসেন বলেন, ‘প্রতিদিন সিলেট যাওয়া-আসার পথে ভুলতা-গাউছিয়া এলাকায় আমাদের দু-তিন ঘণ্টা যানজটে পড়ে দুর্ভোগে পড়তে হয়। ঈদ যত ঘনিয়ে আসছে, দুর্ভোগ তত বাড়ছে।’

কাজের ধীরগতি সম্পর্কে জানতে চাইলে ভুলতা উড়ালসড়ক নির্মাণের দায়িত্বে থাকা নির্বাহী প্রকৌশলী বিকাশ চন্দ্র ‘পরে কথা বলব’ বলে সংযোগ কেটে দেন। পরে একাধিকবার ফোন দিলেও তিনি ধরেননি।

ভুলতার যানজট এড়াতে বিকল্প আছে টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক সড়ক। এই সড়ক ব্যবহার করে ঢাকা-সিলেট মহাসড়কে ওঠা যায়। তবে সড়কটি সরু এবং বিভিন্ন অংশের অবস্থা ভালো নয়।

মহাসড়কের নরসিংদী অংশে তেমন সমস্যা নেই। তবে ভৈরব বাসস্ট্যান্ড এলাকায় খানাখন্দ আছে। ২৫০ মিটারের মতো অংশ উঁচু-নিচু। ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কের অবস্থা ভালো হলেও সরাইলের শাহবাজপুর সেতুটির অবস্থা নাজুক। হবিগঞ্জ অংশে কিছু এলাকায় বিচ্ছিন্নভাবে খানাখন্দ রয়েছে। মৌলভীবাজারে মহাসড়কের অবস্থা ভালো আছে। তবে জেলার সীমানা শেরপুর থেকে খানাখন্দ শুরু।

শেরপুর টোল প্লাজাটি পড়েছে সিলেটের বালাগঞ্জে। সেখানে ২০০ মিটার অংশে সংস্কার চলছে। এ জন্য এক দিকের রাস্তা বন্ধ রাখায় দীর্ঘ যানজট হচ্ছে। বালাগঞ্জ ও ওসমানীনগরের মধ্যবর্তী কাগজপুর সেতুর মাঝখানে গর্ত হয়ে আছে। এই সেতুর উভয় দিকে ২০০ ফুট অংশের অবস্থা নাজুক। ওসমানীনগরের তেরোমাইলের ব্রাহ্মণশাসনের একটি বাঁক ঘিরে প্রায় আধা কিলোমিটারজুড়ে অসংখ্য খানাখন্দ।

দেড় বছর ধরে এমন অবস্থা বলে জানালেন স্থানীয় বাসিন্দা সুলতান মিয়া। ট্রাকচালক মাসুম আহমদ বলেন, ছয় মাস আগেও এক দফা সড়কটির সংস্কার হয়েছিল।

সড়ক ও জনপথ অধিদপ্তর সিলেটের নির্বাহী প্রকৌশলী উৎপল সামন্ত বলেন, শেরপুর টোল প্লাজার কাছে ২০০ মিটার সড়কে সংস্কারকাজ চলমান রয়েছে। তেরোমাইলসহ কয়েকটি এলাকার অবস্থা সুনির্দিষ্ট করে জানালে তিনি বলেন, কিছু এলাকায় সংস্কারের কাজ শুরুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।