চট্টগ্রাম নগরের ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে জুবিলী রোডের তিনপুলের মাথা। এই এলাকার নালার প্রবেশমুখে নির্মাণ করা হয়েছে দোকান। প্রায় তিন বছর আগে চট্টগ্রাম সিটি করপোরেশনের অনুমতি নিয়ে এ দোকান নির্মাণ করা হয়।
‘চৌদ্দগ্রাম ট্রেডিং কোম্পানি’ নামের এই দোকানের কারণে নিয়মিত নালা পরিষ্কার করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন এলাকাবাসী। এতে গত কয়েক বছর ধরে এই এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।
এই দোকান অপসারণ করতে গত বছরের ৩১ আগস্ট ও চলতি বছরের ২৫ মার্চ করপোরেশনের মেয়র ও এনায়েতবাজার ওয়ার্ড কাউন্সিলরকে দুই দফা চিঠি দিয়েছেন তাঁরা। কিন্তু এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, নগরের ডিসি হিল, নন্দনকানন এলাকা থেকে পানি এই নালার মাধ্যমে প্রবাহিত হয়ে স্টেশন সড়কের নালায় মিলেছে।
নগরের তিনপুলের মাথা এলাকার পাশে রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম সিটি করপোরেশনের পরিচালিত দুটি শিক্ষাপ্রতিষ্ঠান ও থিয়েটার ইনস্টিটিউট, রাইফেল ক্লাব মার্কেটের মতো গুরুত্বপূর্ণ স্থাপনা অবস্থিত।
সরেজমিনে দেখা যায়, দীর্ঘদিন ধরে পরিষ্কারের অভাবে নালাটি ডাস্টবিনে পরিণত হয়েছে। আশপাশের বাণিজ্যিক ভবনের পরিত্যক্ত জিনিসপত্র ফেলা হচ্ছে নালায়। ভাঙা ভবনের ইট, বালি ও কংক্রিটের ঠাঁই মিলছে এই নালায়। এতে নালায় পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। ওই সময় দোকানটি বন্ধ পাওয়া যায়।
স্থানীয় বাসিন্দা প্রবাল দে বলেন, নালার প্রবেশমুখে প্রতিবন্ধকতা থাকায় স্বাভাবিকভাবে পানি প্রবাহিত হতে পারে না। বৃষ্টির সময় নালা উপচে পানি বাসাবাড়ি ও দোকানে ঢুকে যায়। এতে মূল্যবান জিনিসপত্র নষ্ট হচ্ছে। নালায় জমে থাকা আবর্জনায় গত মাসে অন্তত দুবার আগুন লেগেছে বলে জানান তিনি।
এদিকে মেয়রকে দেওয়া চিঠিতে নালাটি পরিষ্কার ও পুনঃখননের দাবি জানানো হয়। নালায় পরিত্যক্ত জিনিসপত্র ও বর্জ্য না ফেলতে আশপাশের দোকান মালিক ও আবাসিক ভবনের বাসিন্দাদের করপোরেশনের পক্ষ থেকে নোটিশ দেওয়ার অনুরোধ জানানো হয়।
দোকানমালিক ইয়াকুব আলী বলেন, ‘আমরা করপোরেশনের অনুমতি নিয়ে এই দোকান নির্মাণ করেছি। নালার ময়লা-আবর্জনা পরিষ্কার করার জন্য দোকানের পাশে দরজা রাখা হয়েছে। তাই এলাকাবাসীর কোনো অসুবিধা হওয়ার কথা নয়।’
করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা আহমদুল হক বলেন, ‘অনেক আগে দোকান নির্মাণের অনুমতি দেওয়া হয়েছে। এখন বিস্তারিত মনে নেই।’
এনায়েত বাজার ওয়ার্ডের কাউন্সিলর আবদুল মালেক বলেন, ‘দোকানটি ভেঙে দেওয়ার জন্য আমি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগকে বলেছি। নালার মাটি উত্তোলনের জন্য দরপত্র দেওয়া হয়েছে। কাজ শেষ হলে এই এলাকায় জলাবদ্ধতা হবে না।’