কক্সবাজারের টেকনাফ ও উখিয়া উপজেলার হোয়াইক্যং-বাহারছড়া-জালিয়া পালং সড়কটির নয় কিলোমিটারের মধ্যে প্রায় চার কিলোমিটার সড়ক যানবাহন চলাচলের অনুপযোগী। সড়কের বিভিন্ন অংশে বড় বড় গর্ত ও ঝুঁকিপূর্ণ কালভার্টের কারণে প্রতিদিন তিনটি ইউনিয়নের লক্ষাধিক মানুষ ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। এই সড়ক দিয়ে নিয়মিত চলাচলকারী বাহারছড়া ইউনিয়নের শামলাপুর হাইস্কুলের প্রধান শিক্ষক এম এ মঞ্জুর ও স্থানীয় ইউপি সদস্য মোকতার আহমদ বলেন, এই সড়ক মরণফাঁদে পরিণত হয়েছে। এই সড়ক দিয়ে কোনো রোগীকে চিকিৎসার জন্য জেলা সদরে নেওয়া যাচ্ছে না। সরেজমিনে দেখা গেছে, এই সড়ক দিয়ে তিনটি ইউনিয়নের লক্ষাধিক মানুষ চলাচল করলেও দীর্ঘদিন নয় বছর ধরে সড়কটির অবস্থা শোচনীয়। তাই এই সড়ক দিয়ে যান চলাচল এক প্রকার বন্ধ রয়েছে। শুধু জীবনের ঝুঁকি নিয়ে কিছু জিপ (চান্দের) গাড়ি চলাচল করছে। অধিকাংশ স্থানে গাড়ি বিকল হয়ে সড়কের ওপর দাঁড়িয়ে থাকতেও দেখা গেছে। বাহারছড়া ইউপির চেয়ারম্যান হাবিব উল্লাহ বলেন, এই অবহেলিত জনপদের একমাত্র সড়কটি সড়ক ও জনপথ বিভাগ মেরামত না করায় তিনটি ইউনিয়নের লক্ষাধিক জনসাধারণকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। হোয়াইক্যং ইউপির চেয়ারম্যান অধ্যক্ষ নূর মোহাম্মদ আনোয়ারী বলেন, এই তিনটি ইউনিয়নের যাতায়াতের পথ হিসেবে পাহাড়ের পাদদেশের আঁকাবাঁকা সরু সড়ক দিয়ে যানবাহন চলাচলের সময় কোনো ধরনের বাধা ছাড়া ডাকাতেরা সড়কে দাঁড়িয়ে থেকে মালামাল লুট করে নিয়ে যাচ্ছে। ডাকাতের ভয়ে পুলিশ ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল করতে পারে না।হোয়াইক্যং ও বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) কাজী নাজমুল হক ও বিল্লাল হোসেন প্রথম আলোকে জানান, গুরুত্বপূর্ণ এই উপকূলীয় জনপদের চার কিলোমিটার সড়ক ও ঝুঁকিপূর্ণ কালভার্ট নির্মাণ না হওয়ায় অনেক সময় পাহাড়ি ঢালে ডাকাতির ঘটনা ঘটছে। এতে করে প্রতিদিন এই সড়ক দিয়ে সংশ্লিষ্ট এলাকার জনগণকে সকাল-বিকেল পুলিশ পাহারায় চলাচল করতে হচ্ছে।সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী শফিক আহমদ বলেন, এই সড়ক যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। তাই এলাকার জনসাধারণের কথা চিন্তা করে এই সড়কটি মেরামত করার জন্য একটি প্রকল্প ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবরে পাঠানো হয়েছে।