মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভায় আবর্জনার ভাগাড়ের দুর্গন্ধে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের পাঁচ হাজারের বেশি শিক্ষক-শিক্ষার্থী ও একটি আবাসিক এলাকার বাসিন্দাদের জীবন বিষিয়ে উঠেছে। ভাগাড়টি সরানোর দাবিতে গত সোমবার শ্রীমঙ্গল সরকারি কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে। মিছিল শেষে তারা পৌরসভার মেয়র, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শ্রীমঙ্গল সদর ইউনিয়নের চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দেন। এর আগে গত ফেব্রুয়ারি মাসেও ভাগাড়টি লোকালয় থেকে সরিয়ে নেওয়ার জন্য বসুন্ধরা আবাসিক এলাকাবাসী পৌরসভার মেয়রের কাছে লিখিত আবেদন করেছিলেন।সরেজমিনে দেখা গেছে, ভাগাড়ের প্রায় ২০০ গজের মধ্যে শ্রীমঙ্গল সরকারি কলেজ, দি বাডস্ রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের অবস্থান। এ ছাড়া ১০০ থেকে ১৫০ গজের মধ্যে রয়েছে গাউছিয়া শফিকিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা ও মসজিদ এবং বসুন্ধরা আবাসিক এলাকা। প্রতিদিন সকালে পৌরসভার বিভিন্ন হাটবাজার ও আবাসিক এলাকার বর্জ্য ট্রাকে করে এনে ভাগাড়ে ফেলা হচ্ছে। ভাগাড়ে জায়গা কম হওয়ায় আবর্জনার স্তূপ একেবারে রাস্তায় (কলেজ সড়ক) এসে ঠেকেছে। এগুলো পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। উৎকট গন্ধ থেকে বাঁচতে পথচারী, শিক্ষক, শিক্ষার্থীরা নাক-মুখে কাপড় দিয়ে এলাকাটি পার হচ্ছে।শ্রীমঙ্গল সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী আবিদুর রহমান বলেন, ‘এ ভাগাড়ের জন্য তিনটি স্কুল-কলেজ-মাদ্রাসার পাঁচ হাজারের বেশি ছাত্রছাত্রী প্রতিদিন প্রায় ছয় ঘণ্টা অস্বাস্থ্যকর পরিবেশে কাটাতে বাধ্য হচ্ছি।’ একই কলেজের শিক্ষার্থী মিরাজ আহম্মদ বলেন, ‘আমাদের দাবি, ভাগাড়টি অন্য কোথাও সরিয়ে নেওয়া হোক।’শ্রীমঙ্গল সরকারি কলেজের উপাধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, ‘শিক্ষাঙ্গনে সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করবেন—একজন নাগরিক হিসেবে পৌর মেয়রের কাছে এটা আমার প্রত্যাশা।’ গাউছিয়া শফিকিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসাটি ভাগাড়ের কাছাকাছি হওয়ায় এ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা বেশি দুর্ভোগে পড়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই মাদ্রাসার একজন শিক্ষক জানান, বাতাসে ভেসে আসা দুর্গন্ধের জন্য প্রতিদিন পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে।বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দা সৈয়দ আমীরুজ্জামান বলেন, বসুন্ধরায় প্রায় দুই হাজার মানুষের বসবাস। দুর্গন্ধ, আবর্জনা পোড়ানোর ধোঁয়া ও বাতাসে ওড়ানো ছাইয়ে বাড়িঘরে বসবাস করা কঠিন হয়ে পড়েছে। গত ফেব্রুয়ারি মাসে ভাগাড়টি সরানোর দাবিতে গণসই নিয়ে মেয়রের কাছে আবেদন করা হয়।শ্রীমঙ্গল পৌরসভার কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৭৩ সালে পৌরসভার আবর্জনার ভাগাড় হিসেবে বর্তমান স্থানটি নির্বাচন করা হয়। শ্রীমঙ্গল সদর ইউনিয়নের ভাড়াউড়া মৌজায় ৮৩৮, ৮৩৯ ও ৮৪১ দাগে ভাগাড়ের ভূমির পরিমাণ ১ দশমিক ৮৯ একর। তখন এর আশপাশে কোনো জনবসতি ছিল না। ছিল না কোনো শিক্ষাপ্রতিষ্ঠানও।শ্রীমঙ্গল পৌরসভার সচিব মো. জাহাঙ্গীর আলম বলেন, গত ৩৮ বছরে পৌরসভা এবং এর চারপাশে মানুষের চাপ বহুগুণ বেড়েছে। গড়ে উঠেছে জনবসতি। এখন আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্রয়োজন। ভাগাড়ের ওই জায়গায় ২২ লাখ টাকা ব্যয়ে জৈব সার তৈরির একটি কারখানা গড়ার কাজ চলছে। এ ছাড়া ভাগাড়টি সরানোর উদ্যোগ প্রক্রিয়াধীন। শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মো. মহসিন মিয়া বলেন, আবর্জনার ভাগাড়টি সরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ভাড়াউড়া মৌজায় ১৫টি দাগে ২ দশমিক ৪৪ একর ভূমি অধিগ্রহণের জন্য প্রস্তাব করা হয়েছে। সিলেটের বিভাগীয় কমিশনার ইতিমধ্যে এ প্রস্তাবে সম্মতি দিয়েছেন।