ভোগান্তিতে মানুষ, বেশি মুনাফার ধান্ধায় ঠিকাদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের চাঁচড়া থেকে অভয়নগর উপজেলার রাজঘাট পর্যন্ত যশোর-খুলনা মহাসড়কের ৩৪ কিলোমিটার যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ভাঙাচোরা, ছোট-বড় অসংখ্য গর্ত ও খানাখন্দে ভরা এই সড়কে প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। একই সঙ্গে বাড়ছে মানুষের ভোগান্তি। অথচ ঠিকাদার কম খরচে কাজ করার জন্য সড়কটির সংস্কারকাজ আড়াই মাস ধরে বন্ধ রেখেছেন।
ঠিকাদার এনামুল হক বলেন, ‘কিছু কাজ আমি করেছি। কিন্তু মালের দাম চড়ে যাওয়ায় এবং বর্ষার কারণে কাজ বন্ধ রেখেছি। কাজ করার জন্য আমাকে বারবার তাগিদ দেওয়া হচ্ছে। কিন্তু ঠিকাদার হিসেবে আমার একটা নিজস্ব পলিসি আছে। বর্ষা মৌসুমে কম দামে মাল কিনব, শুষ্ক মৌসুমে কাজ করব। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করছি কি না সেটাই বিষয়। আগামী মাসের (অক্টোবর) প্রথম সপ্তাহে কাজ শুরু করব।’
সরেজমিনে দেখা গেছে, মহাসড়টির মুরলী, জামতলা, চাঁপাতলা, চেঙ্গুটিয়া, ভাঙাগেট, নওয়াপাড়া ও রাজঘাট অংশে ছোট-বড় অসংখ্য খানাখন্দে বৃষ্টির পানি জমেছে। খানাখন্দের ওপর দিয়ে যানবাহন চলাচল করায় মহাসড়কটির অবস্থা নাজুক হয়ে পড়েছে। কলেজশিক্ষক কামরুল আলম বলেন, ‘সড়কটির ভাঙা অংশ দিয়ে হাঁটা অত্যন্ত দুরূহ। শুকনো মৌসুমে ধুলা আর বর্ষায় কাদা-পানিতে পথে চলাই দায়।’ বাসচালক আবুল কালাম বলেন, ‘যশোর থেকে রাজঘাট পর্যন্ত রাস্তার অবস্থা এতই খারাপ যে অত্যন্ত ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হয়। সময়ও লাগছে প্রায় দ্বিগুণ।’
নওয়াপাড়া থেকে প্রতিদিন সার, সিমেন্টসহ নানা পণ্যবোঝাই কয়েক শ ট্রাক এই সড়ক দিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যায়। সড়কের অবস্থা খারাপ হওয়ায় পণ্য পরিবহনে নানা জটিলতার সৃষ্টি হচ্ছে। ব্যবসায়ী রবিউল ইসলাম বলেন, ‘সারবোঝাই ট্রাক পাঠানোর পর যশোর পার না হওয়া পর্যন্ত দুশ্চিন্তায় থাকতে হয়।’
সড়ক ও জনপথ বিভাগ, যশোর কার্যালয় সূত্র জানায়, ২০১১ সালে প্রায় ১৯ কোটি টাকা ব্যয়ে মহাসড়কটির ৩৪ কিলোমিটার সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু চার কোটি টাকার কাজ শেষ হওয়ার পরই ওই বছরের ৩১ মে প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যায়। এরপর সওজ একটি প্রকল্পের আওতায় সড়কের ২৭ কিলোমিটার সংস্কারের জন্য গত বছরের সেপ্টেম্বরে দরপত্র আহ্বান করে। ১৯ কোটি ৯৯ লাখ ৫১ হাজার টাকা এই প্রকল্পের কাজ পায় যৌথ ঠিকাদারি প্রতিষ্ঠান দ্য বেসিক ইউআইএল-জেভি। এক বছরের মেয়াদে গত ৫ ফেব্রুয়ারি কার্যাদেশ দেওয়া হয়। কিন্তু গত ৭ জুন থেকে প্রতিষ্ঠানটি সংস্কারের কাজ বন্ধ রেখেছে।
সওজ বিভাগ, যশোরের নির্বাহী প্রকৌশলী জিয়াউল হায়দার বলেন, ‘ঠিকাদার ২৭ কিলোমিটারের মধ্যে সাত কিলোমিটারে ওভারল (পিচ ও পাথরের কুচির প্রলেপ) করেছেন। ওই অংশটুকু ভালো আছে। সম্পূর্ণ অংশটুকু ওভারল করলে মহাসড়কটির অবস্থা এতটা খারাপ হতো না।’ তিনি বলেন, ‘কাজ সম্পন্ন করার মেয়াদ এক বছর হওয়ায় ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া যাচ্ছে না।’