৮৬ হাজার ৭২০ বস্তা নন-ইউরিয়া সার গায়েবের তথ্য ফাঁস হওয়ায় কিশোরগঞ্জের ভৈরবে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) গুদাম বন্ধের এক বছর তিন মাস পার হয়ে গেছে। কিন্তু এখনো গুদামের কার্যক্রম চালু হয়নি। এ কারণে এই গুদামের আওতাভুক্ত চার জেলার প্রায় ৩০০ ডিলার ভোগান্তির শিকার হচ্ছেন।
এ বিষয়ে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ) কিশোরগঞ্জ ইউনিটের সহসভাপতি আসাদুজ্জামান ফারুক প্রথম আলোকে বলেন, ‘গুদামের কর্মকর্তা-কর্মচারীদের ভুলের কারণে দীর্ঘদিন ধরে আমরা ভোগান্তির শিকার হচ্ছি। অন্য জেলা ও উপজেলার গুদাম থেকে সার সরবরাহ পেলেও তা আনতে পরিবহন ব্যয় বেড়ে গেছে, সময়ও লাগছে বেশি। একাধিকবার কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করে গুদামটি খুলে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। কিন্তু কোনো কাজ হয়নি।’
বিএডিসি স্থানীয় কার্যালয় সূত্রে জানা গেছে, ভৈরব গুদাম চালু হয় ১৯৭৪ সালে। এর ধারণক্ষমতা চার হাজার মেট্রিক টন। সরবরাহ এলাকা কিশোরগঞ্জ, নরসিংদী, গাজীপুর ও মুন্সিগঞ্জ জেলা। ডিলারের সংখ্যা প্রায় ৩০০।
২০১৪ সালের ২০ নভেম্বর গুদামটি থেকে ৮৬ হাজার ৭২০ বস্তা নন-ইউরিয়া সার গায়েবের তথ্য ফাঁস হয়। বস্তাগুলোতে ৪ হাজার ৩৩৬ মেট্রিক টন সার ছিল বলে গুদাম কর্তৃপক্ষ জানিয়েছিল। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কর্তৃপক্ষ গুদামের সহকারী পরিচালক রেজাউল করিম ও গুদামরক্ষক খুরশেদ আলমকে সাময়িক বরখাস্ত করে। এরপর স্বচ্ছতা ফিরিয়ে আনার কথা জানিয়ে কর্তৃপক্ষ গুদামটির কার্যক্রম বন্ধ করে দেয়।
বর্তমানে কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রাম, ইটনা, মিঠামইনের ডিলারদের সরবরাহ দেওয়া হচ্ছে একই জেলার কুলিয়ারচর গুদাম থেকে। কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি সমস্যায় আছেন ওই তিন উপজেলার ডিলাররা।
ইটনা উপজেলার রুপা এন্টারপ্রাইজের মালিক স্বপন কুমার সাহা বলেন, ভৈরবের গুদামটি মেঘনা নদীর তীরবর্তী এলাকায়। সরবরাহ নিয়েই নদীপথে সহজে গন্তব্যে আনা যেত। এখন কুলিয়ারচর থেকে প্রথমে সড়কপথে ভৈরবে আনতে হয়, পরে আবার নদীপথে নিতে হয়। এতে আগে বস্তাপ্রতি পরিবহন খরচ ছয় টাকা ছিল, কিন্তু এখন ১৩ টাকা খরচ করতে হচ্ছে।
মিঠামইন উপজেলার খন্দকার এন্টারপ্রাইজের মালিক মহিউদ্দিন খন্দকার বলেন, ‘আমাদের ব্যয় বেড়েছে বস্তাপ্রতি চার টাকা। টাকার চেয়েও সময়ের ক্ষতি বড় সমস্যা।’
অষ্টগ্রামের শুভ এন্টারপ্রাইজের মহিউদ্দিন সবুজ বলেন, ‘এসব জটিলতার কারণে সময়মতো সরবরাহ এসে না পৌঁছানোয় কৃষকদের সঙ্গে আমাদের ভুল-বোঝাবুঝি হয়। এবার বোরো মৌসুমে একই সমস্যায় পড়তে হচ্ছে।’
খোঁজ নিয়ে জানা গেছে, গাজীপুর ও নরসিংদী জেলার ডিলারদের সরবরাহ দেওয়া হচ্ছে কুলিয়ারচর থেকে। মুন্সিগঞ্জ জেলার ডিলাররা পাচ্ছেন কুমিল্লার দাউদকান্দি ও ব্রাহ্মণবাড়িয়া থেকে।
মুন্সিগঞ্জের ডিলার শামসুদ্দিন আহমেদ বলেন, ‘বিকল্প গুদাম আমাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে।’ প্রায় একই মন্তব্য করেন গাজীপুরের ডিলার মোশারফ হোসেনও।
জানতে চাইলে বিএডিসি কিশোরগঞ্জ জেলার যুগ্ম পরিচালক মো. শাহিদুল্লাহ বলেন, ‘বিকল্প গুদাম থেকে সরবরাহ নিতে গিয়ে ডিলারদের কিছুটা সমস্যায় পড়তে হচ্ছে, তা আমরা জানি। নিরাপত্তার প্রশ্নে কিছু অবকাঠামো নির্মাণ করে গুদাম খুলে দেওয়ার কথা ভাবা হচ্ছে।’