ভোগান্তির পর সিলেটে পরিবহন ধর্মঘট স্থগিত

সিলেটে আজ রোববার সকাল থেকে শুরু হওয়া অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট অবশেষে স্থগিত করা হয়েছে। তবে তা আগামীকাল সোমবার বেলা চারটা পর্যন্ত। স্থগিতের এ ঘোষণার পর বিকেল সাড়ে পাঁচটা থেকে পুনরায় যাত্রী পরিবহন শুরু হয়েছে।
আজ বিকেলে মহানগর পুলিশের সম্মেলন কক্ষে স্থানীয় প্রশাসনের সঙ্গে এক বৈঠক শেষে জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক এ ঘোষণা দেন।
পরিবহন ধর্মঘটের কারণে সকাল থেকে সিলেট নগর ও জেলা-উপজেলাসহ সব রুটে যানবাহন চলাচল বন্ধ ছিল। এতে যাত্রীদের দিনভর সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়েছে।
ঢাকার রামপুরা এলাকার বাসিন্দা ইসমাইল হোসেন সকাল সাড়ে আটটা থেকে স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে নগরের কদমতলী বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে ছিলেন। মাজার জিয়ারত করতে দুদিন আগে সপরিবারে সিলেটে এসেছিলেন। ফেরার পথে ধর্মঘটের কারণে আটকা পড়েন। ফলে বাধ্য হয়ে দুপুর ১২টার দিকে কদমতলী এলাকার একটি আবাসিক হোটেলে তাঁরা অবস্থান নেন।

ইসমাইল জানান, ঢাকায় আজ বিকেলে তাঁর জরুরি বৈঠকে উপস্থিত থাকার ছিল। তবে ফিরতে না পারায় তাঁকে ভোগান্তিতে পড়তে হবে। কেবল ইসমাইলই নন, তাঁর মতো অসংখ্য মানুষকে আজ পরিবহন ধর্মঘটের কারণে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। দূরপাল্লার যাত্রীবাহী বাসের পাশাপাশি নগরের ভেতরে সিএনজি অটোরিকশা-টেম্পুও চলাচল না করায় নগরের সাধারণ মানুষও দুর্ভোগের শিকার হন।
আজ ভোর থেকে বেলা চারটা পর্যন্ত নগরের কদমতলী ও কুমারগাঁও বাসস্ট্যান্ডে কয়েক দফা গিয়ে দেখা গেছে, দূর-দূরান্তের অনেক যাত্রী বাস না পেয়ে অসহায় হয়ে বাসস্ট্যান্ডেই বসে রয়েছেন। এদিকে নগরের ভেতরেও পর্যাপ্ত সিএনজি অটোরিকশা, টেম্পো, লেগুনাসহ যানবাহন না থাকায় সকালে স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় ও অফিসগামী এবং বিকেলে অফিস শেষ করে বাড়ি ফিরতে গিয়ে ভোগান্তির শিকার হয় সাধারণ মানুষ। সবচেয়ে বেশি অসহায় হয়ে পড়েন নারী যাত্রীরা।
সকাল সাড়ে ১০টায় কদমতলী বাসস্ট্যান্ডে কথা হয় মো. মনিরুজ্জামান নামের এক যাত্রীর সঙ্গে। তাঁর বাসা ঢাকার মোহাম্মদপুর এলাকায়। তিনি বলেন, ‘সিলেটে ব্যবসায়িক প্রয়োজনে এসেছিলাম। কাজ শেষে ফেরার পথে পরিবহন ধর্মঘটের কারণে দুর্ভোগে পড়লাম।’ নুরুল ইসলাম নামের আরেক যাত্রী জানান, তাঁর দুপুরের মধ্যে হবিগঞ্জ জেলা শহরে যাওয়ার কথা ছিল। কিন্তু কোনো বাস না পেয়ে তিনি এখন নগরের ছড়ারপাড় এলাকার বাসায় ফিরে যাচ্ছেন।

ঢাকাগামী একটি যাত্রী পরিবহনের চালকের সহকারী আবুল মিয়া জানান, সমিতির নেতাদের নির্দেশে আন্তজেলা, আন্তঃউপজেলা থেকে শুরু করে দূরপাল্লার সব বাস চলাচল বন্ধ রয়েছে। তাই তাঁরা এখন বাসের মধ্যেই ঘুমিয়ে অলস সময় কাটাচ্ছেন। নগরের মদিনা মার্কেট এলাকার বাসিন্দা শাহনাজ বেগম ক্ষোভের সঙ্গে বলেন, ‘যাত্রীদের ভোগান্তির বিষয়টি মাথায় না রেখে হুটহাট পরিবহন ধর্মঘট ডাকা হচ্ছে। স্থানীয় প্রশাসনও যদি এদের কাছে অসহায় হয়ে যায়, জনগণ কার কাছে যাবে?
বেলা তিনটায় টিলাগড় এলাকায় রিকশার জন্য দাঁড়িয়ে থাকা কলেজছাত্রী সানজিদা আক্তার বলেন, ‘এক ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছি। অথচ একটি রিকশাও পাচ্ছি না। যা-ও একটি রিকশা পেয়েছিলাম, সেটিও দ্বিগুণেরও বেশি ভাড়া দাবি করেছে।’ কোনো ধরনের যানবাহন না পেয়ে বিকেলের দিকে বাড়ি ফিরতি অসংখ্য মানুষকে নগরের শিবগঞ্জ, মীরাবাজার, নাইওরপুল, বন্দরবাজার, জিন্দাবাজার, চৌহাট্টা, আম্বরখানা, পাঠানটুলা এলাকায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। অনেকে বাধ্য হয়ে হেঁটে যাত্রা করেছেন গন্তব্যের উদ্দেশে।
পরিবহন শ্রমিকেরা জানিয়েছেন, সম্প্রতি শ্রমিকনেতাদের বিরুদ্ধে দায়েরকৃত একটি মামলা প্রত্যাহার, জেলা শ্রমিক লীগ সভাপতির ট্রেড ইউনিয়নের নিবন্ধন বাতিল, সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে মোটরসাইকেলে যাত্রী পরিবহন বন্ধসহ পাঁচ দফা দাবিতে তাঁরা দিনভর এ কর্মসূচি পালন করেন।
সিলেটের অতিরিক্ত পুলিশ কমিশনার এস এম রোকন উদ্দিন প্রথম আলোকে জানান, পরিবহন শ্রমিকনেতাদের সঙ্গে আজ বিকেলে মহানগর পুলিশের সম্মেলন কক্ষে এক বৈঠক হয়। সেখানে সিদ্ধান্ত হয় শ্রমিকদের পাঁচ দফা দাবি নিয়ে আগামীকাল সোমবার বেলা সাড়ে চারটায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এক বৈঠক হবে। এ আশ্বাসের পরিপ্রেক্ষিতে তারা পরিবহন ধর্মঘটের কর্মসূচি স্থগিত করেছে।