ভোগান্তির শহর যশোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপরিকল্পিতভাবে গড়ে উঠছে যশোর পৌর শহর। শহরের ভেতরের সড়কগুলো প্রশস্ত না হওয়ায় সৃষ্টি হচ্ছে যানজট। পর্যাপ্ত নালা না থাকায় বৃষ্টি হলেই বেশির ভাগ এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। শহরের মধ্য দিয়ে প্রবাহিত ভৈরব নদটি মরে যাওয়ায় পরিবেশদূষণের মাত্রাও বেড়ে গেছে। এসব কারণে শহরের আড়াই লক্ষাধিক বাসিন্দা ভোগান্তি পোহাচ্ছে।
পৌর কার্যালয় সূত্রে জানা গেছে, ১৮৬৪ সালের ১ আগস্ট যশোর পৌরসভা প্রতিষ্ঠিত হয়। কোনো মহাপরিকল্পনা ছাড়াই শহরটি সম্প্রসারণ করা হয়েছে। ১৯৯২ সালে ২০ বছর (১৯৯২-২০১২) মেয়াদি একটি মহাপরিকল্পনা প্রণয়ন করা হয়। মহাপরিকল্পনা অনুযায়ী পৌর এলাকায় বড় পরিসরের ট্রাক টার্মিনাল নির্মাণ, যানজট সমস্যার সমাধানে অভ্যন্তরীণ সড়ক সম্প্রসারণ, ভৈরব নদ পুনঃখনন, গুরুত্বপূর্ণ সড়ক দুই লেন, পুকুর, দিঘিসহ অন্য জলাধার সংরক্ষণ করাসহ নানা ধরনের পদক্ষেপ নেওয়ার কথা ছিল। কিন্তু এ সময়ে নির্বাচিত চেয়ারম্যান ও মেয়ররা এসব পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেননি।
পৌর কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২০ বছরে পৌর এলাকার ১৮৫ দশমিক ৪৩ হেক্টর জলাধার ভরাট করে আবাসন, ব্যবসাপ্রতিষ্ঠান ও কারখানা স্থাপন করা হয়েছে। পৌর শহরে নির্মিত ২৪৭ কিলোমিটার নালার মধ্যে ১৫২ কিলোমিটার এবং ২২৫ কিলোমিটার সড়কের মধ্যে ১১০ কিলোমিটার কাঁচা। শহরের এম এম আলী সড়কের মাইকপট্টি ও রবীন্দ্রনাথ সড়কে একটি করে এবং হাজী মুহম্মদ মুহসীন সড়কের মাছ বাজারের দুটি নালার মুখে স্থাপনা নির্মাণ করা হয়েছে। এ কারণে এসব এলাকায় বৃষ্টির পানি আটকে থাকছে।
শহর ঘুরে দেখা গেছে, অধিকাংশ সড়ক ভাঙাচোরা। দড়াটানা, চিত্রা, উকিলবার, চৌরাস্তা, পালবাড়ি, মনিহার, খাজুরা মোড়সহ শহরের গুরুত্বপূর্ণ স্থান ও সড়কে প্রায়ই যানজটের সৃষ্টি হচ্ছে। সড়কের ওপর ব্যাটারিচালিত ইজিবাইক রাখায় সহজে যানজট সমস্যার সমাধান করা যাচ্ছে না।
পৌরসভার নগর পরিকল্পনাবিদ সুলতানা সাজিয়া জানান, ২০ বছরের ওই উন্নয়ন মহাপরিকল্পনায় শহরের আবাসিক ও শিল্প এলাকা আলাদা স্থানে গড়ে তোলার নির্দেশনা ছিল। কিন্তু সে অনুযায়ী কাজ করা হয়নি। এ কারণে আজ এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
যশোরের সামাজিক সংগঠন জন-উদ্যোগের আহ্বায়ক এম আর খায়রুল উমাম জানান, শহরের সড়কগুলো সরু। ভারী যানবহন চলাচল করায় এগুলো নষ্ট হয়ে গেছে। এ কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। এগুলো সম্প্রসারণ করতে হবে এবং শহরের ভেতর দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ করতে হবে।
মেয়র মারুফুল ইসলাম বলেন, ২০ বছরের মহাপরিকল্পনা হালনাগাদের জন্য একটি প্রস্তাব ঢাকার নগর উন্নয়ন অধিদপ্তরে পাঠানো হয়েছে। ওই পরিকল্পনা অনুযায়ী এখন কাজ করা হচ্ছে। তিনি বলেন, চারটি নালার মুখ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বাইলেন সড়ক করার পরিকল্পনা রয়েছে। ভৈরব নদ খননের জন্য একটি উদ্যোগ নেওয়া হয়েছে।