ভোগান্তির শেষ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোর-খুলনা মহাসড়কে খানাখন্দ। গত শুক্রবার যশোর সদরের মুড়লি এলাকায়।  প্রথম আলো
যশোর-খুলনা মহাসড়কে খানাখন্দ। গত শুক্রবার যশোর সদরের মুড়লি এলাকায়। প্রথম আলো

ঢাকা থেকে সড়কপথে খুলনা যেতে যশোরে এলেই বড় বড় গর্তে ঝাঁকুনিতে প্রাণ বেরিয়ে যাওয়ার উপক্রম হয়। প্রায়ই গাড়ি বিকল হয় সড়কের মাঝে। ঘটে দুর্ঘটনা। যশোরের আগে মাগুরার সড়কও বেহাল। মেরামত শুরু হওয়ায় কিছুটা স্বস্তি রয়েছে রাজবাড়ীর গোয়ালন্দে।

ঢাকা-বরিশাল মহাসড়কেও যাত্রীদের ভোগান্তির শেষ নেই। গৌরনদীর ভূরঘাটা বাসস্ট্যান্ড থেকে উজিরপুরের জয়শ্রী পর্যন্ত ২৩ কিলোমিটার সড়কের ছয় মাসের কাজ ঠিকাদারি প্রতিষ্ঠান ১৬ মাসেও শেষ করতে পারেনি। মাদারীপুর অংশের ২৫ কিলোমিটারও খানাখন্দে ভরা।

সওজের হিসাবে, গত আট বছরে দেশের গুরুত্বপূর্ণ সড়ক-সেতু নির্মাণ ও মেরামতে ৪০ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে। এর মধ্যে রয়েছে ঢাকা থেকে সিলেট, রংপুর, খুলনা ও বরিশালে যাওয়ার চারটি গুরুত্বপূর্ণ মহাসড়ক। সব মিলিয়ে এই মহাসড়কগুলোর দূরত্ব ১ হাজার ৬০ কিলোমিটার। কিন্তু এসব মহাসড়ক ঘুরে প্রথম আলোর ১৬ জন প্রতিনিধির পাঠানো তথ্য বলছে, এই চার মহাসড়কের ৩৫০ কিলোমিটারই বেহাল।

যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সহসভাপতি মইনুল আলম প্রথম আলোকে বলেন, বেহাল মহাসড়কের কারণে কোনো গাড়ির টায়ার ছয় মাসের বেশি যাচ্ছে না। এর ফলে পণ্যের পরিবহন-ব্যয় বেড়ে যাচ্ছে। দূরের ব্যবসায়ীরা না আসায় পণ্যের বিক্রি কমে যাচ্ছে। এতে সামগ্রিক ব্যবসায় ব্যাপক প্রভাব পড়ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ।

যশোরে চরম দুর্ভোগ
সড়কপথে ঢাকা থেকে খুলনার দূরত্ব ২৭১ কিলোমিটার। যশোরের পালবাড়ী থেকে অভয়নগর উপজেলার রাজঘাট পর্যন্ত ৩৮ কিলোমিটার, যশোর শহরের দড়াটানা থেকে সীমাখালী পর্যন্ত ২২ দশমিক ৩৪ কিলোমিটারে প্রচুর খানাখন্দ।

গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, মহাসড়কটির চাঁচড়া মোড়, মুরলী, রাজারহাট, গোপালপুর গেট, জামতলা, রূপদিয়া, শাঁখারীগাতি, পদ্মবিলা, ঘুনির মোড়, দলনঘাটা, উড়োতলা, চেঙ্গুটিয়া, ভাঙাগেট, নওয়াপাড়া ও রাজঘাট একেবারেই বিধ্বস্ত। যশোর-খুলনা মহাসড়কের রাজারহাট এলাকার ভাঙা অংশে আস্ত ইট বিছিয়ে চলাচল ঠিক রাখার চেষ্টা করা হয়েছিল। এই ইটও ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে।

এতে যানবাহন বিকল হয়ে পড়ছে। ফলে যানজটের সৃষ্টি হচ্ছে।

যশোর সদর উপজেলার সিঙ্গিয়া আদর্শ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক কামরুল ইসলাম প্রতিদিনই অভয়নগরের রাজঘাট থেকে যশোর-খুলনা মহাসড়ক দিয়ে বাসে যাওয়া-আসা করেন। তিনি বলেন, ‘মহাসড়কটির কোথাও ভাঙতে বাকি নেই। বর্ষায় কাদাপানি আর এখন ধুলা ও ঝাঁকুনিতে অবস্থা খুবই শোচনীয়। বাস গর্তে পড়লে বুকটা কেঁপে ওঠে। আর কত খারাপ হলে মহাসড়কটি সংস্কার করা হবে?’

যশোর শহরের দড়াটানা থেকে বেনাপোল শূন্যরেখা পর্যন্ত যশোর-বেনাপোল মহাসড়কের ৩৮ দশমিক ২০০ মিটারও বেহাল। এই সড়কের পুলেরহাট ও ঝিকরগাছা বাজার এলাকার ভাঙা অংশে আস্ত ইট বিছিয়ে চলাচল ঠিক রাখার চেষ্টা করা হয়েছিল। কিন্তু তা ঠিক নেই।

ঝিকরগাছা উপজেলার পারবাজার গ্রামের ট্রাকচালক মো. আসাদুজ্জামান বলেন, ‘এই রাস্তায় স্টিয়ারিং ঠিক রাখা যায় না। ট্রাকের পাতিসহ যন্ত্রাংশ ভেঙে যাচ্ছে। যশোর থেকে বেনাপোলে যেতে ৪০ মিনিটের পথ লাগছে আড়াই ঘণ্টা।’

সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের যশোর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. জাহাংগীর আলম প্রথম আলোকে বলেন, যশোর-খুলনা মহাসড়ক পুনর্নির্মাণের একাংশের কাজ শিগগিরই শুরু হবে। আগামী বর্ষা মৌসুমের আগেই মহাসড়কগুলো চলাচলের উপযোগী হবে। পুনর্নির্মাণের কাজ সম্পন্ন হতে দুই বছর লাগবে। আর যশোর-বেনাপোল মহাসড়ক চলাচলের উপযোগী রাখতে ২৭ কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে সংস্কারের সিদ্ধান্ত হয়েছে।

ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ী জেলার অংশ মেরামত চলছে। কাজটি করছে যশোরের মেসার্স এমএম বাঁশি কনস্ট্রাকশন। ঠিকাদার শরিফ ইমরান আহম্মেদ প্রথম আলোকে বলেন, দৌলতদিয়া চার লেন সড়কের শুরু থেকে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর সাইনবোর্ড পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় সংস্কারকাজ শুরু হয়েছে। এতে ব্যয় হবে প্রায় ৭৩ লাখ টাকা। ১৫ মার্চ পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে।

সওজের রাজবাড়ী বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জহুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, সম্প্রতি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে বরাদ্দ পাওয়া প্রায় সাড়ে ৫ কোটি টাকার মধ্যে সংস্কার বাবদ প্রায় ২ কোটি টাকা ব্যয় হয়ে গেছে। তারপরও অসংখ্য ছোট ছোট গর্ত রয়ে গেছে।

মাওয়া হয়ে দক্ষিণবঙ্গ
ঢাকা-বরিশাল পথের বরিশালের গৌরনদীর ভূরঘাটা বাসস্ট্যান্ড থেকে উজিরপুরের জয়শ্রী পর্যন্ত ২৩ কিলোমিটার সড়কের দুই পাশে ৬ ফুট সম্প্রসারণ ও সংস্কারের জন্য ২০১৬-১৭ অর্থবছরে ৩২ কোটি টাকার দুটি প্রকল্প নেওয়া হয়। এমএম বিল্ডার্স এবং এমএসএএমপি জেভি লিমিটেড নামের ঠিকাদারি প্রতিষ্ঠানকে ২০১৬ সালের অক্টোবর মাসে কার্যাদেশ দেওয়া হয়। ২০১৭ সালের মার্চ মাসে কাজ শেষ করার কথা থাকলেও তা এখনো শেষ হয়নি।

এই পথের বাসচালক মো. বেলাল হোসেন ও মো. আরিফ সরদার বলেন, এক বর্ষা শেষ হয়ে আবার বর্ষা আসছে। কিন্তু সড়ক এখনো বেহাল।

বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, মহাসড়কের ভূরঘাটা থেকে গাইনের পাড় পর্যন্ত খুবই খারাপ অবস্থা। ভূরঘাটা থেকে ইল্লা পর্যন্ত গত সাত মাসে কোনো কাজ হয়নি। খাঞ্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দেখা যায়, ঠিকাদারের লোকজন পুরোনো রাস্তা খুঁড়ে ফেলার কাজ করছেন। গৌরনদীর কটকস্থল, সুন্দরদী, ইল্লা থেকে বার্থী পর্যন্ত গর্ত ভরাট করে বালু ও পাথরের আস্তর দেওয়া হয়েছে। গৌরনদী বাসস্ট্যান্ড থেকে মাহিলাড়া হাইস্কুল পর্যন্ত গর্ত ভরাট করে আস্তর দেওয়া হয়েছে।

স্থানীয় লোকজন ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রায় দেড় বছর ধরে সড়কটি বেহাল। সামান্য বর্ষায় সড়ক খালে পরিণত হয়। শুষ্ক মৌসুমে ধুলাবালুতে আচ্ছন্ন থাকে পুরো এলাকা। ঠিকাদারের গাফিলতির কারণে মানুষের দুর্ভোগ বেড়েছে।

অভিযোগ সম্পর্কে জানতে ঠিকাদারি প্রতিষ্ঠান এমএম বিল্ডার্সের অংশীদার মো. নাসির উদ্দিনকে ফোন করে পাওয়া যায়নি। এমএসএএমপি জেভি লিমিটেডের পক্ষে প্রকল্প তদারকির কাজে নিয়োজিত মো. আলম বলেন, ‘আমরা কাজটি নিয়ে চাপে আছি, দয়া করে বর্তমান অবস্থা লিখবেন না।’ ৬০ শতাংশ কাজ শেষ হয়েছে বলে তিনি দাবি করেন।

এ বিষয়ে বরিশাল সওজের উপসহকারী প্রকৌশলী মো. আবু হানিফ বলেন, ‘দ্রুত কাজ চলছে। আশা করি, মার্চ মাসের প্রথম সপ্তাহের মধ্যে সম্পূর্ণ কাজ শেষ করা হবে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

মাদারীপুরেও সড়ক বেহাল
সরেজমিনে দেখা গেছে, ফরিদপুরের ভাঙ্গার বরইতলা থেকে মাদারীপুর সদরের মস্তফাপুর পর্যন্ত ২৫ কিলোমিটার অংশে সৃষ্টি হয়েছে ছোট-বড় বহু গর্ত। এই অংশে সড়ক বিভাগ অস্থায়ীভাবে ইট, পাথর দিয়ে মেরামত করলেও তা বেশি দিন টিকছে না। মস্তফাপুর বাসস্ট্যান্ড থেকে ঘটেকচর স্ট্যান্ড পর্যন্ত সড়কের মধ্যে রয়েছে বড় বড় গর্ত। এ সড়কের অধিকাংশ সেতুর সংযোগ সড়কেও গর্ত রয়েছে। ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে সড়কটি। আবার ভাঙ্গা থেকে শিবচরের পাচ্চর পর্যন্ত ছয় লেনের কাজের মাঝে পুরোনো সড়ক বেহাল হয়ে পড়েছে।

বরিশাল থেকে খুলনাগামী ট্রাকের চালক হান্নান কবির বলেন, ‘মস্তফাপুরের পরই শুরু হয় ভাঙনের ঝাঁকাঝাঁকি। ভাঙ্গা পর্যন্ত রাস্তার প্রতিটি মোড়েই গর্ত। আবার ধুলার যন্ত্রণা তো আছেই।’

মাদারীপুর সড়ক বিভাগের উপপ্রকৌশলী মো. আবদুল হাতিম প্রথম আলোকে বলেন, মস্তফাপুর থেকে টেকেরহাট পর্যন্ত ১৫ কিলোমিটার সংস্কারের জন্য ১৭ কোটি ৬০ লাখ টাকা বরাদ্দে একটি দরপত্র পাস হয়েছে। মার্চের প্রথম সপ্তাহে কাজ শুরু হবে। এ ছাড়া ভাঙ্গা থেকে বরইতলা পর্যন্ত আট কিলোমিটার শিগগিরই পিচ করা হবে।

(প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়েছেন মাসুদ আলম, যশোর; রাশেদুল হক, গোয়ালন্দ, রাজবাড়ী; জহুরুল ইসলাম, গৌরনদী, বরিশাল ও অজয় কুন্ডু, মাদারীপুর)