ভোগান্তির শেষ নেই দাশুড়িয়া মোড়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া-ঢাকা ও পাবনা-রাজশাহী মহাসড়কের সংযোগস্থল মোড়টির তিন দিকে আধা কিলোমিটার এলাকায় বড় বড় গর্ত। ঘটছে দুর্ঘটনা

চলন্ত মোটরসাইকেলের পেছনে বসে ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্যবিদ্যা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী সুবর্ণা কাঁকন। হঠাৎই মোটরসাইকেলের চাকা পড়ে যায় গর্তে। পেছন থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন সুবর্ণা।

গত পয়লা বৈশাখ দুপুরের ঘটনাটি কুষ্টিয়া-ঢাকা ও পাবনা-রাজশাহী মহাসড়কের সংযোগস্থল পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া মোড়ের। তবে শুধু তিনিই নন, এমন দুর্ঘটনার শিকার হয়েছেন অনেকে। কেউ প্রাণ হারিয়েছেন, কেউবা হাত-পা ভেঙেছেন।

গত ৯ জুলাই সিএনজিচালিত অটোরিকশা উল্টে হাত ভেঙেছেন পাবনা সরকারি শহীদ বুলবুল কলেজের তৃতীয় বর্ষের ছাত্র মনিরুল ইসলাম। গুরুতর আহত হয়েছেন সরকারি এডওয়ার্ড কলেজের হিসাববিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী সাদিকা প্রাপ্তি।

দুই বছর ধরে মোড়টির তিন দিকে প্রায় আধা কিলোমিটার এলাকায় তৈরি হয়েছে বড় বড় গর্ত। ঘটছে দুর্ঘটনা। ভাঙছে যানবাহনের যন্ত্রপাতি। তৈরি হচ্ছে যানজট। এতে অতিষ্ঠ হয়ে উঠেছে সড়ক দিয়ে চলাচল করা এলাকাবাসী, যানবাহনের চালক ও যাত্রীরা।

দাশুড়িয়া মোড়ে দায়িত্বরত হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) রাজিবুল করিম প্রথম আলোকে বলেন, গত দুই বছরে মোড়টির বিভিন্ন পাশে পাঁচটি প্রাণহানির ঘটনা ঘটেছে। প্রতিদিন অন্তত দু-তিনটি বাস-ট্রাকের চাকার রিং-স্প্রিং ভাঙছে। অন্যদিকে ছোট যানবাহন উল্টে মানুষের হাত-পা ভাঙার দৃশ্য প্রায়ই দেখতে হচ্ছে।

গত শুক্রবার বিকেলে সরেজমিনে দেখা যায়, বিশাল গোলচত্বর ঘিরে দাশুড়িয়া মোড়। পূর্বে পাবনা, দক্ষিণে লালনশাহ সেতু সড়ক, উত্তরে রাজশাহী ও ঢাকাগামী মহাসড়ক। মোড়সহ তিন দিকের তিনটি সড়কেই ২০০ থেকে ২৫০ গজ এলাকায় পিচ উঠে গেছে। তৈরি হয়ে আছে বড় বড় গর্ত। বৃষ্টির পানি গর্তে জমেছে। এর মধ্যে বড় যানবাহনগুলো হেলেদুলে পার পেয়ে গেলেও মাঝেমধ্যেই আটকে যাচ্ছে ছোট যানবাহন।

কয়েকজন ব্যবসায়ী ও চলমান যানবাহনের চালকেরা জানান, মোড়টি দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের মিলনস্থল। ঈশ্বরদী থেকে ঢাকা-রাজশাহী, কুষ্টিয়া-যশোর-খুলনাসহ দক্ষিণাঞ্চল থেকে উত্তরাঞ্চল, ঢাকাসহ পূর্বাঞ্চল এবং পাবনা থেকে রাজশাহী, বগুড়াসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় যাওয়া-আসার জন্য এটিই একমাত্র মোড়। প্রতিদিন এই মোড় দিয়ে যাত্রী ও পণ্যবাহী কয়েক হাজার যানবাহন চলাচল করে। এ ছাড়া অভ্যন্তরীণ বিভিন্ন পথে চলাচল করা নছিমন, করিমন, ব্যাটারি ও সিএনজিচালিত অটোরিকশা এবং ব্যক্তিগত আরও কয়েক শ যানবাহন যাওয়া-আসা করে। কিন্তু প্রায় দুই বছর ধরে মোড়টি চলাচলের অনুপযোগী হয়ে আছে। মাঝেমধ্যে সড়ক বিভাগের লোকজন দায়সারাভাবে ইট, সুরকি ফেলে গেলে তা আরও ভয়ানক হয়ে উঠছে।

মোড়ের মুদি ব্যবসায়ী আনিসুর রহমান বলেন, মোড়টিতে দুর্ঘটনা ঘটেনি এমন কোনো দিন নেই। বৃষ্টি হলে দুর্ঘটনা আরও বেড়ে যাচ্ছে। গর্তগুলো পানিতে ঢেকে থাকায় চালকেরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন।

মোড়ে ব্যক্তিগত গাড়ি নিয়ে আটকে থাকা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আওয়াল কবির বলেন, মোড়টি ছোট গাড়ি নিয়ে চলাচলের অনুপযোগী। এখান দিয়ে গেলেই গর্তে চাকা পড়ে গাড়ির তলা আটকে যায়।

বাংলাদেশ অটো অ্যান্ড মেজর হাসকিং মিল মালিক সমিতি কুষ্টিয়া শাখার সাধারণ সম্পাদক জয়নুল আবেদিন প্রধান প্রথম আলোকে বলেন, ওই মোড় দিয়ে প্রতিদিন গড়ে প্রায় ২০টি ট্রাক দিনাজপুর থেকে ধান নিয়ে কুষ্টিয়ার মোকামে আসে। অন্যদিকে চাল নিয়ে দেশের বিভিন্ন এলাকায় যায়। চলাচলকারী ট্রাকগুলো প্রতিদিন মোড়ে এসে কোনো না কোনো সমস্যায় পড়ে।

কুষ্টিয়া থেকে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাসের ব্যবস্থাপকহায়দার আলী বলেন, সারা রাস্তায় যাত্রী ও চালকেরা স্বচ্ছন্দে এলেও দাশুড়িয়া মোড় পার হতে গিয়ে হাঁপিয়ে উঠছেন। তাই প্রতিদিনই যাত্রী ও চালকদের মুখে ওই মোড় নিয়ে বিভিন্ন গল্প শুনতে হচ্ছে।

দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বকুল সরদার বলেন, অতিগুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল। সড়ক ও জনপথ বিভাগকে মোড়টি মেরামতের জন্য বহুবার তাগিদ দিলেও কাজ হয়নি।

এ প্রসঙ্গে পাবনা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোফাজ্জল হায়দার বলেন, ‘মোড়টি অতিগুরুত্বপূর্ণ। ফলে আমরা মাঝেমধ্যেই মেরামত করছি। কিন্তু বৃষ্টির পানি জমে থাকায় এবং ভারী যানবাহন চলাচল করায় দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। খুব শিগগির আবারও মেরামত করা হবে।’