
দেশের দুই গুরুত্বপূর্ণ নৌপথে গতকাল বুধবার তীব্র স্রোত বাগড়া দিয়েছে। শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে ফেরিগুলো চলেছে ধীরে। পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে বড় ফেরিও নিয়ন্ত্রণ রেখে চলতে পারেনি। ধীরগতির পাশাপাশি ঘাটে ফেরি আটকা পড়ে; পন্টুন ক্ষতিগ্রস্ত হয়। এসব কারণে এ দুই নৌপথে গতকাল পারের অপেক্ষায় যানবাহনের সারি পড়ে যায়।
অন্যদিকে ঈদযাত্রার সময়কার চিরচেনা রূপ গতকাল ছিল না ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে। দিনভর প্রায় ফাঁকা ছিল সড়কটি। তবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি এলাকায় যানজটে বেশ নাকাল হতে হয়েছে।
দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ
পদ্মায় গতকাল সকাল থেকে তীব্র স্রোত থাকায় ফেরিগুলো স্বাভাবিক গতি তুলতে পারেনি। ফলে মুন্সিগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ঘাট থেকে মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি ঘাটে পৌঁছাতে গতকাল স্বাভাবিকের চেয়ে বেশি সময় লেগেছে। আগে লাগত ৪০-৫০ মিনিট, গতকাল লেগেছে দেড়-দুই ঘণ্টা। এ কারণে শিমুলিয়া ঘাটে গতকাল দুপুর নাগাদ পারের অপেক্ষায় পাঁচ শতাধিক গাড়ির সারি পড়ে যায়। তবে সন্ধ্যা নাগাদ পরিস্থিতির কিছুটা উন্নতি হয়।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের কর্মকর্তা মো. আলীম বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে গতকাল থেকে ১৮টি ফেরি পুরোদমে কাজ করছে। কিন্তু যানবাহনের অত্যধিক চাপ আর নদীতে স্রোতের কারণে কুলিয়ে ওঠা যাচ্ছে না।
ঘাট পেরিয়ে ওপারে কাঁঠালবাড়িতে উঠলেও স্বস্তি নেই। গতকাল সেখানে তিন কিলোমিটারজুড়ে যানজট সৃষ্টি হয়। বেশির ভাগই কোরবানির গরুভর্তি ট্রাক। একটি ট্রাকের চালক লতিফ আকন বলেন, ‘বাগেরহাট থেকে কোরবানির গরু নিয়ে ঢাকায় যাচ্ছি। কখন পৌঁছাতে পারব, তা নিয়ে চিন্তায় পড়েছি।’
এই যানজটের কারণে নদী পেরিয়ে আসা দক্ষিণবঙ্গগামী গাড়িগুলোর গতিও থমকে যাচ্ছিল। বরিশালগামী একটি বাসের যাত্রী জুলকার নাইন বলেন, ‘ফেরি পার হয়ে এসে যানজটে পড়েছি। গন্তব্যে কখন যে যেতে পারব, তা একমাত্র আল্লাহ জানে।’
পদ্মায় স্রোতের তীব্রতা বাড়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে বড় ফেরিগুলোও গতকাল নিয়ন্ত্রণ রাখতে পারেনি। স্রোতের প্রতিকূলে অতিরিক্ত এক কিলোমিটার ঘুরে ফেরিগুলোকে চলতে হয়েছে। মানিকগঞ্জের পাটুরিয়ায় গতকাল দুপুরে প্রায় তিন কিলোমিটারজুড়ে প্রাইভেট কার, মাইক্রোবাসসহ ছোট গাড়ির এবং প্রায় দুই কিলোমিটারজুড়ে যাত্রীবাহী বাসের সারি ছিল।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, বিকেল চারটার পর থেকে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসে। সন্ধ্যায় অর্ধশত যাত্রীবাহী বাস ও শতাধিক ব্যক্তিগত গাড়ি নদী পারের অপেক্ষায় ছিল।
নদীর ওপারে দৌলতদিয়া ঘাটে দুটি ফেরি স্রোতে নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুনের সঙ্গে আটকে যায়। এ ছাড়া ফেরির ধাক্কায় ঘাটের একটি পন্টুনের কবজা ভেঙে যায়। এসব কারণে তিনটি ঘাটে প্রায় পাঁচ ঘণ্টা যানবাহন পারাপার বিঘ্নিত হয়। বিকেল নাগাদ দৌলতদিয়ায় পারাপারের অপেক্ষায় গাড়ির প্রায় তিন কিলোমিটার সারি পড়ে।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক আবদুস সাত্তার প্রথম আলোকে বলেন, স্রোতের তীব্রতা অনেক বেড়ে যাওয়ায় সব কটি ঘাটই নড়বড়ে হয়ে ওঠে। এ কারণেই ফেরি ও পন্টুন ক্ষতিগ্রস্ত হয়। তবে বিকেল নাগাদ পরিস্থিতি স্বাভাবিক করতে সক্ষম হন তাঁরা।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাসানপুর থেকে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা সেতু পর্যন্ত ১৮ কিলোমিটার এলাকায় গতকাল ভোর চারটা থেকে তীব্র যানজট শুরু হয়। বেলা একটার দিকে দাউদকান্দি এলাকার যানজট নিরসন হয়। তবে গজারিয়ার যানজট অব্যাহত ছিল।
চট্টগ্রাম থেকে ঢাকাগামী ঈগল পরিবহনের বাসের চালক মো. ওবায়দুল ও যাত্রী মো. ইমন বলেন, তাঁদের গাড়িটি সকাল সাতটার আগে কুমিল্লার দাউদকান্দির তালতলীতে পৌঁছায়। কিন্তু যানজটে আটকা পড়ায় মেঘনা সেতু অতিক্রম করতেই বেলা একটা পেরিয়ে যায়।
দাউদকান্দি হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ও গজারিয়া উপজেলার ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক সাইফুল ইসলাম মজুমদার বলেন, রাস্তায় যানবাহনের অত্যধিক চাপ। ফলে যানবাহনগুলোকে ধীরে চলতে হচ্ছে। তবে আজ (গতকাল) রাত থেকে মহাসড়কে ভারী যানবাহন চলাচল বন্ধ হয়ে যাবে। তখন আর যানজট থাকবে না।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক নির্বিঘ্ন
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গতকাল ঈদের আগের চিরচেনা রূপ ছিল না। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় নিয়ে যাত্রীরা আতঙ্কে থাকেন। কিন্তু গতকাল দুপুর পর্যন্ত এই এলাকায় সড়ক কার্যত ছিল ফাঁকা। জামালপুরগামী শান্ত পরিবহনের চালকের সহকারী খায়রুল ইসলাম বলেন, অন্যবার চন্দ্রা ত্রিমোড় এলাকায় এলেই যানজট-আতঙ্ক শুরু হয়। কিন্তু এবার তার ছিটেফোঁটাও পাননি তিনি।
অবশ্য বিকেল চারটার পর দৃশ্যপট পাল্টাতে শুরু করে। চন্দ্রা ত্রিমোড় এলাকায় থেমে থেমে যানজট শুরু হয়। সন্ধ্যা ছয়টার দিকে চন্দ্রা থেকে পল্লীবিদ্যুৎ এলাকা পর্যন্ত তিন কিলোমিটারজুড়ে গাড়ির সারি পড়ে।
গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, একসঙ্গে হাজার হাজার যানবাহন সড়কে চলাচল করায় একটু জটলা হতে পারে। তবে চিন্তার কারণ নেই। যানজট নিরসনে ১ হাজার ২০০ পুলিশ সদস্য এবং কমিউনিটি পুলিশ নামানো হয়েছে।
চন্দ্রার টাঙ্গাইলের মির্জাপুর এলাকায় স্বাভাবিক সময়েও যানজট থাকে। কিন্তু গতকাল বিকেল পর্যন্ত সেখানেও যানজট ছিল না। এমন অভিজ্ঞতায় বিস্মিত ঢাকাগামী বিনিময় পরিবহনের চালকের সহকারী রফিক মিয়া। তিনি বলেন, ‘ঈদের আগে এত ফাঁকা সড়ক গত কয়েক বছরে আমি দেখিনি।’
এ সড়কে যানজট না হওয়ার পেছনে তিনটি কারণকে সামনে আনছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। গত কয়েক দিন ভারী বৃষ্টিপাত হয়নি। এবার গরু ব্যবসায়ীরা আগেভাগেই কোরবানির পশু নিয়ে ঢাকায় পৌঁছানোয় সড়কে এখন ট্রাকের চাপ কম। পোশাক কারখানাগুলো এখনো ছুটি দেওয়া হয়নি।
পুলিশের মহাপরিদর্শক (আইজি) এ কে এম শহীদুল হক গতকাল দুপুরে চন্দ্রা ত্রিমোড় এলাকায় পুলিশ নিয়ন্ত্রণকক্ষের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। তখন তিনি বলেন, ‘রাস্তায় এখন পর্যন্ত বড় কোনো সমস্যা নেই, কোথাও যানজটও নেই। আমরা সবাই মিলে কাজ করছি। আশা করছি, আগামী দুই দিনও সমস্যা হবে না।’
[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন মুন্সিগঞ্জ, মাদারীপুর, গাজীপুর, টাঙ্গাইল, মির্জাপুর, মানিকগঞ্জ, গোয়ালন্দ (রাজবাড়ী) ও দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি]