ভোজ্যতেল, পেঁয়াজ ও রসুন যাচ্ছে মিয়ানমারে, আসছে পোস্তাদানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদুল আজহাকে সামনে রেখে কক্সবাজারের টেকনাফ উপজেলার বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে চোরাচালানিরা মিয়ানমারে ভোজ্যতেল, পেঁয়াজ ও রসুন পাচার বেড়ে গেলেও তার পরিবর্তে মিয়ানমার থেকে চোরাই পথে আসছে পোস্তাদানা।এসব পণ্য আটক করার সত্যতা নিশ্চিত করে ৪২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাসান প্রথম আলোকে বলেন, মিয়ানমারে ভোজ্যতেল, পেঁয়াজ, রসুনসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য যাতে পাচার হতে না পারে, সে ব্যাপারে বিজিবির সদস্যদের সীমান্ত এলাকায় সর্তকাবস্থায় রাখা হয়েছে। কিন্তু শাহপরীর দ্বীপ থেকে হোয়াইক্যং পর্যন্ত ৪৫ কিলোমিটার বেড়িবাঁধের বিভিন্ন স্থানে ভাঙনের ফলে বিজিবির চোখকে ফাঁকি দিয়ে এসব পণ্য পাচার হচ্ছে।তথ্যানুসন্ধানে জানা যায়, কোরবানির ঈদকে সামনে রেখে পাচারকারীরা মিয়ানমার থেকে পোস্তাদানা এনে টেকনাফের বিভিন্ন হাটবাজারের মুদির দোকানে মজুদ করছে। মাংস ও তরিতরকারিতে পোস্তাদানা প্রচুর চাহিদা থাকায় চোরাকারবারিরা অভাবী পরিবারের শিশু-কিশোর ও নারী-পুরুষদের দিয়ে জেলার বিভিন্ন স্থানে পাচার করে আসছে।তথ্যানুসন্ধানে দেখা যায়, উপজেলায় আড়াই লাখ মানুষের বিপরীতে ১৮ জন ভোজ্যতেল পাইকারি বিক্রেতা রয়েছেন। উপজেলা প্রশাসনের মাসিক চাহিদা দেখিয়ে একটি তালিকা দেওয়া হয়েছে। সেই তালিকা অনুযায়ী কক্সবাজার ও চট্টগ্রাম থেকে ভোজ্যতেল আনা হচ্ছে। প্রতি মাসে এ চাহিদা অনুপাতে টেকনাফে এক লাখ ৮৪ হাজার ২৫০ লিটার ভোজ্যতেল আসছে।উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এইচ এম ইউনুচ বাঙ্গালী বলেন, কোরবানি ঈদকে সামনে রেখে মিয়ানমারের আরাকান রাজ্যে তেলসহ নানা পণ্যের চাহিদা বেড়ে যায়। কিছু চোরাচালানি এ সুযোগে রমরমা বাণিজ্য চালাচ্ছে। এতে করে স্থানীয় বাজারে এর প্রভাব পড়ছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সামসুল ইসলাম বলেন, স্থানীয় ব্যবসায়ীরা চাহিদার পরিমাণ অনেক বাড়িয়ে দিয়েছেন। এ চাহিদা নিরূপণ করার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে একটি জরিপ করার জন্য সুপারিশ করা হয়েছে। চোরাচালান প্রতিরোধে কক্সবাজার ও চট্টগ্রাম থেকে আনা তেলের মনিটরিং করছে বিজিবি। সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকার পাশাপাশি জনগণকেও এ ব্যাপারে সচেতন হওয়ার অনুরোধ করা হচ্ছে।