ভোজ্যতেল ও চিনি পরিবেশকের মাধ্যমে বিক্রির নীতিমালা চূড়ান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোজ্যতেল ও চিনির আমদানিকারক বা উৎপাদকদের উপজেলা পর্যায়ে পরিবেশক নিয়োগ বাধ্যতামূলক করে এসব পণ্যের পরিবেশন নীতিমালা চূড়ান্ত করেছে বাণিজ্য মন্ত্রণালয়। একই সঙ্গে আগের ডিও বা সরবরাহ আদেশের ভিত্তিতে এসব পণ্যের বিক্রি প্রথা বাতিল করা হয়েছে।বাণিজ্য মন্ত্রণালয়ে গতকাল মঙ্গলবার এক বৈঠকে এসব সিদ্ধান্ত-সম্পর্কিত নীতিমালা চূড়ান্ত করা হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা ব্যক্তি এসব পণ্যের দাম নির্ধারণ করবেন এবং প্যাকেটজাত না করে এসব খোলাভাবে বিক্রি করা যাবে না। প্রতিটি পণ্যের বোতল বা প্যাকেটে পরিমাণ ও দাম উল্লেখ থাকতে হবে।চিনির উৎপাদক ও ভোজ্যতেল সরবরাহকারীদের (ডিলার) সঙ্গে এ বৈঠকে সভাপতিত্ব করেন বাণিজ্য সচিব গোলাম হোসেন। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান, আগামী তিন সপ্তাহের মধ্যে এই নীতিমালা মন্ত্রিসভায় অনুমোদনের জন্য পাঠানো হবে। গেজেট প্রকাশের পরবর্তী ৯০ দিনের মধ্যে নতুন নীতিমালা কার্যকর হবে।সূত্র জানায়, বৈঠকে ঠিক হয়, মিলগেট, মূল পরিবেশক ও খুচরা বাজার—এই তিন পর্যায়ে ভোজ্যতেল-সয়াবিন, পাম তেল এবং চিনি বিক্রি করা যাবে। এর বাইরে অন্য কোনো স্থানে এসব পণ্যের বিক্রি নিষিদ্ধ থাকবে।গত ২ জানুয়ারি এসব পণ্য ডিও (সরবরাহ আদেশ) পদ্ধতিতে বিক্রির প্রথা বাতিল করা হয়। এর পরিবর্তে নতুন পদ্ধতি তৈরির জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে গতকাল নীতিমালা চূড়ান্ত করা হয়।সূত্র জানায়, নীতিমালায় রয়েছে, পণ্যের মূল্য আমদানিকারক বা উৎপাদক প্রতিষ্ঠান ঠিক করবে। কিন্তু সরকারের কাছে যদি প্রতীয়মান হয়, আন্তর্জাতিক বাজারমূল্য কিংবা উৎপাদন খরচের সঙ্গে অসম দাম নির্ধারণ করা হয়েছে, সে ক্ষেত্রে মূল্য নিয়ন্ত্রণসংক্রান্ত জাতীয় কমিটি এর ওপর নিয়ন্ত্রণ বা হস্তক্ষেপ করতে পারবে।জানা যায়, নীতিমালা অনুযায়ী উৎপাদক কোম্পানি বা মূল সরবরাহকারী এবং চিনির মিলমালিকেরা পণ্য বিক্রিতে পরিবেশক নিয়োগে স্বাধীনভাবে কাজ করবেন, সেখানে সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না। পরিবেশকের যোগ্যতাও এসব প্রতিষ্ঠান নির্ধারণ করবে। তবে উপজেলা পর্যায়ে কমপক্ষে একজন পরিবেশক নিয়োগ দিতে হবে। একাধিক পরিবেশকও নিয়োগ দেওয়া যাবে। এ ছাড়া কোম্পানি বা উৎপাদক বাজারের চাহিদা যাচাই করে কতজন পরিবেশক নিয়োগ করবেন, তা নির্ধারণ করতে পারবেন।প্রসঙ্গত, আগের ডিও প্রথায় একই সঙ্গে একই ব্যক্তির কাছে ইচ্ছামাফিক পণ্য বিক্রির সুযোগ ছিল। সে ক্ষেত্রে মজুদ রেখে ইচ্ছামতো দাম বাড়িয়ে বিক্রি করা হতো, এমন অভিযোগও রয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে। এই নীতিমালা কার্যকর হলে বাজারের চাহিদা অনুযায়ী সরাসরি পাইকারি ও খুচরা পরিবেশক পর্যায়ে পণ্য সরবরাহ করতে হবে। বাণিজ্য মন্ত্রণালয় আশা করছে, এতে কালোবাজারি বা মজুদের আশঙ্কা কম থাকবে।