ভোজ্যতেল মিয়ানমারে যাচ্ছে, আসছে পলিথিন
কক্সবাজারের টেকনাফ উপজেলার বিভিন্ন সীমান্ত ও নাফ নদ দিয়ে চোরাচালানিরা ভোজ্যতেলসহ বিভিন্ন পণ্য মিয়ানমারে পাচার করছে। আর মিয়ানমার থেকে চোরাইপথে নিষিদ্ধ পলিথিন ব্যাগসহ নানা পণ্য এনে টেকনাফে মজুদ করছে। নিরাপত্তা বাহিনীর সদস্যদের হাতে কিছু চোরাইপণ্য ধরা পড়েলও বেশির ভাগই অবৈধ পথে ঢুকে পড়ছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, নাটমোরাপাড়া, চৌধুরীপাড়া, লেদা, জাদিমুরা, দমদমিয়া, ওয়াব্রাং, মৌলভীবাজার, হোয়াইক্যং, কানজরপাড়া, মিনাবাজার, ঝিমংখালী, লম্বা বিল, উলুবনিয়া, কেরুনতলি, নাইট্যংপাড়া, নাজিরপাড়া, মৌলভীপাড়া, মিস্ত্রিপাড়াসহ বিভিন্ন এলাকা দিয়ে কোটি কোটি টাকার পাম অয়েল, সয়াবিন তেল মিয়ানমারে পাচার হচ্ছে। আর মিয়ানমার থেকে বাংলাদেশে অবৈধ পথে আসছে পোস্তাদানা, কাপড়, লুঙ্গি-থামি, চা-পাতা, গুঁড়ো দুধ, পলিথিন ব্যাগসহ বিভিন্ন পণ্য।সূত্র জানায়, টেকনাফ ৪২ রাইফেল ব্যাটালিয়নের আওতাধীন ১৩টি বিওপির (সীমান্ত চৌকির) বিডিআরের সদস্যরা গত জানুয়ারি থেকে ৫ আগস্ট পর্যন্ত দুই দেশে পাচারের সময় প্রায় ৩০ কোটি টাকার চোরাইপণ্য জব্দ এবং ১১ জন পাচারকারীসহ ১৪টি নৌকা আটক করেছেন। এসব পণ্যের মধ্যে রয়েছে তিন হাজার ৬৩৯ প্যাকেট (প্রতি প্যাকেটে ১২০টি) পলিথিন ব্যাগ, ছয় হাজার ৮৯৪ লিটার সয়াবিন তেল ও পাম অয়েল, পাঁচ মণ রসুন, এক হাজার ৬৮৫টি লুঙ্গি-থামি, নয় মণ পোস্তাদানা। এর মধ্যে গত জুনে পাচারের সময় বিডিআর এক হাজার ৭৬ লিটার ও জুলাইয়ে এক হাজার ১২ লিটার ভোজ্যতেল এবং রসুন, পোস্তাদানাসহ বিভিন্ন পণ্য জব্দ করেছে।অনুসন্ধানে জানা যায়, রমজান মাস সামনে রেখে পাচারকারীরা মিয়ানমার থেকে পলিথিন এনে টেকনাফের বিভিন্ন হাটবাজারের বড় বড় মুদির দোকানে মজুদ করছে। ইফতারি বিক্রির জন্য খুচরা বাজারে রমজান মাসে পলিথিন ব্যাগের চাহিদা বেশ। এ ছাড়া বছরের অন্য সময়েও খুচরা বিক্রেতারা অভাবী শিশু-কিশোরদের দিয়ে প্রকাশ্যে এসব পলিথিন ব্যাগ বিক্রি করান। এসব পণ্য আটক করার সত্যতা নিশ্চিত করে টেকনাফ ৪২ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোজাম্মেল হোসেন বলেন, রমজান মাসে ভোজ্যতেল, রসুনসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য যাতে মিয়ানমারে পাচার হতে না পারে, সে ব্যাপারে বিডিআরের সদস্যদের সীমান্ত এলাকায় সর্তকাবস্থায় রাখা হয়েছে। এর পরও তাঁদের চোখ ফাঁকি দিয়ে পণ্য পাচার হচ্ছে। উপজেলা ভাইস চেয়ারম্যান এইচ এম ইউনুচ বাঙ্গালী জানান, রমজান মাসে মিয়ানমারের আরাকান রাজ্যে ভোজ্যতেল, সেমাই, রসুনসহ নানা পণ্যের চাহিদা বেড়ে যায়। বাংলাদেশের কিছু চোরাচালানি এ সুযোগে রমরমা ‘বাণিজ্য’ চালাচ্ছে। এ কারণে সীমান্ত এলাকায় বিভিন্ন পণ্যের সংকট সৃষ্টির পাশাপাশি দামও বাড়ছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিম উদ্দিন বলেন, কিছু চোরাচালানি একাধিক চক্র করে এসব পণ্য পাচার করছে এবং চোরাইপথে নিষিদ্ধ পণ্য আনছে। চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক রাখার পাশাপাশি জনগণকেও এ ব্যাপারে সচেতন থাকার অনুরোধ করা হচ্ছে।