ভোজ্যতেলে ভিটামিন 'এ' নিশ্চিতে ২৪ ঘণ্টা সময়
যেসব ভোজ্যতেল রিফাইনারি এখনো ভিটামিন ‘এ’ ভোজ্যতেল বাজারজাত করছে না, তাদের মালিকদের ভিটামিন ‘এ’ সমৃদ্ধ ভোজ্যতেল উৎপাদন ও বাজারজাত নিশ্চিত করতে ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, এ সময়ের মধ্যে ভোজ্যতেল ভিটামিন ‘এ’ সমৃদ্ধ করতে ব্যর্থ হলে, কোম্পানিগুলোর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
শিল্পমন্ত্রী আজ মঙ্গলবার রাজধানীর পূর্বাণী হোটেলে বাংলাদেশে ভোজ্যতেলে বাধ্যতামূলক ভিটামিন ‘এ’ সমৃদ্ধকরণ কর্মসূচির আইনি তদারকি বাস্তবায়নের ওপর আয়োজিত কর্মশালায় এ নির্দেশনা দেন। শিল্প মন্ত্রণালয় এবং গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভ্ড নিউট্রিশন যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।
বাংলাদেশে ভোজ্যতেল সমৃদ্ধকরণ প্রকল্পের পরিচালক ও শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম প্রধান মো. লুৎফর রহমান তরফদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া এনডিসি, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুভাষ চন্দ্র সরকার, বিএসটিআইয়ের মহাপরিচালক মো. ইকরামুল হক, বাংলাদেশের নেদারল্যান্ডস দূতাবাসের প্রথম সচিব লরেন্ট ইউমানস বক্তব্য দেন।
অনুষ্ঠানে শিল্পমন্ত্রী ভোক্তা পর্যায়ে ভিটামিন ‘এ’ সমৃদ্ধ ভোজ্যতেল প্রাপ্তি নিশ্চিত করতে এখন থেকে সারা দেশে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য বিএসটিআইকে নির্দেশ দেন। তিনি বলেন, ভোজ্যতেলে বাধ্যতামূলকভাবে ভিটামিন ‘এ’ সমৃদ্ধকরণের জন্য শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে ‘ভোজ্যতেলে ভিটামিন-এ সমৃদ্ধকরণ আইন, ২০১৩’ জাতীয় সংসদে পাস হয়েছে। এ আইন বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় বিধিমালাও প্রণীত হয়েছে। এ আইনের যথাযথ প্রয়োগ করে বিএসটিআই দেশব্যাপী ভিটামিন ‘এ’ সমৃদ্ধ ভোজ্যতেল প্রাপ্তি নিশ্চিত করবে।
শিল্পমন্ত্রী বলেন, ভোজ্যতেলে ভিটামিন ‘এ’ সমৃদ্ধকরণ আইন, ২০১৩ কার্যকর করার লক্ষ্যে ৩ এপ্রিল, ২০১৬ স্বরাষ্ট্র মন্ত্রণালয় একে ‘মোবাইল কোর্ট আইন, ২০০৯’–এর তফসিলভুক্ত করেছে। এ আইন অনুযায়ী রিফাইনারিগুলো সঠিক মাত্রায় ভিটামিন ‘এ’ সমৃদ্ধ করছে কি না এবং আমদানিকারক ভিটামিন ‘এ’ সমৃদ্ধ ভোজ্যতেল আমদানি করছে কি না, তা কঠোরভাবে নিয়মিত মনিটরিং করতে বিএসটিআইকে পরামর্শ দেন।