ভোজ্যতেলের দাম কেন বাড়ছে কেউ জানে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোজ্যতেলের দাম হঠাৎ বেড়ে যাওয়ার কারণ বের করতে পারেনি সরকার। ভোজ্যতেল পরিশোধন কারখানা মালিকদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকটিও হয়েছে নিষ্ফলা। টানা দুই ঘণ্টার এ বৈঠক শেষ হয়েছে কোনো সিদ্ধান্ত ছাড়াই।বিশ্ববাজারে যখন ভোজ্যতেলের দাম কমছে, দেশে তখন এক সপ্তাহের ব্যবধানেই লিটারে বেড়ে গেছে ১০ থেকে ১৩ টাকা। কারণ বের করতে বাণিজ্যমন্ত্রী জি এম কাদের গতকাল মঙ্গলবার সচিবালয়ে ভোজ্যতেল পরিশোধন কারখানা মালিকদের নিয়ে বৈঠক করেন। কিন্তু কোনো সুরাহা করতে পারেননি। বৈঠকে বাণিজ্য সচিব গোলাম হোসেন, ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মজিবুর রহমান, এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ, ভোজ্যতেল পরিশোধন কারখানা মালিক সমিতির সভাপতি এম এ রউফ চৌধুরী, সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান, মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।সচিবালয়ে এ বৈঠকের ফলাফল জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী কোনো কথা বলতে রাজি হননি। বাণিজ্য সচিবকে কথা বলার দায়িত্ব দিয়ে তিনি চলে যান। সাংবাদিকদের অনুরোধ উপেক্ষা করে সচিবও কথা না বলে চলে যান। কথা বলেননি ট্যারিফ কমিশনের চেয়ারম্যানও।