
যান চলাচল কম। কাল সকাল থেকেই যশোর শহরের রাস্তাগুলো ফাঁকা। অনেক দোকান, বিপণিবিতান, রেস্তোরাঁও বন্ধ দেখা যায়। পরদিনই যে সদর উপজেলা নির্বাচন, দেখে তা বোঝার উপায় নেই। কারণ জানতে চাইলে শহরবাসীর অনেকেই বললেন, নির্বাচনী উৎসবের বদলে বিরাজ করছে আতঙ্ক আর ভয়ের পরিবেশ।
নির্বাচনের আগের দুই দিন ধরে এই উপজেলার সব চেয়ারম্যান পদপ্রার্থী একে অপরের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোসহ নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপ করার অভিযোগ জানিয়েছেন। বিভিন্ন এলাকায় প্রার্থীদের পক্ষে ভোট চাওয়ার বদলে হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে।
এ পরিস্থিতিতে গতকাল যশোরের পুলিশ সুপার জয়দেব ভদ্রকে ঢাকা মহানগর পুলিশের সদর দপ্তরে বদলি করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বেশ আগে থেকেই যশোর আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব ক্ষুব্ধ ছিল বলে দলীয় সূত্রে জানা গেছে। জেলা আওয়ামী লীগের সভাপতি আলী রেজা রাজু ও সহসভাপতি খান টিপু সুলতান সংবাদ সম্মেলন করে তাঁকে যশোর থেকে প্রত্যাহার করার আহ্বান জানিয়েছিলেন।
যশোর জেলা প্রশাসন এবং পুলিশ সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের নেতাদের আস্থাভাজন না হওয়ার কারণেই নির্বাচনের আগের দিন তাঁকে বদলি করা হলো। বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম এ বিষয়ে প্রথম আলোকে বলেন, নির্বাচনের আগের দিন এভাবে পুলিশের শীর্ষ পদে বদলি শুভ লক্ষণ নয়। এ বদলি সম্পর্কে জানতে চাইলে জেলা আওয়ামী লীগের নেতারা কোনো মন্তব্য করতে রাজি হননি।
আলী রেজা মনে করেন, এটা প্রশাসনের নিজস্ব ব্যাপার। আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর কর্মী-সমর্থকেরা ভোটারদের হুমকি দিচ্ছেন বলে যে অভিযোগ উঠেছে, সে সম্পর্কে তিনি বলেন, এটা সীমান্ত এলাকা। ফলে কিছু সন্ত্রাসী তৎপরতার চেষ্টা চলতে পারে। তবে কোনোভাবেই সন্ত্রাসী তৎপরতা চালাতে দেওয়া হবে না।
পাল্টাপাল্টি অভিযোগ: তিন চেয়ারম্যান প্রার্থীই একে অপরের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও সন্ত্রাসী ভাড়া করার অভিযোগ করেছেন। তাঁরা নির্বাচন কমিশন ও থানায় লিখিত এসব অভিযোগ করেছেন। সদর উপজেলায় চেয়ারম্যান পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগ-সমর্থিত জেলা কমিটির সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার (মোটরসাইকেল), বিএনপি-সমর্থিত জেলা কমিটির সহসভাপতি গোলাম রেজা (আনারস) এবং আওয়ামী লীগের সাবেক সাংসদ খালেদুর রহমানের ছেলে মাশুক হাসান (দোয়াত-কলম) স্বতন্ত্র হিসেবে লড়াই করছেন।
কোনো প্রার্থীর নাম উল্লেখ না করে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলে মাশুক হাসান ১৯ মার্চ জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করেন। অভিযোগে বলা হয়েছে, মনোনয়ন দাখিলের পর থেকে একজন প্রভাবশালী প্রার্থীর পক্ষে ভাড়াটে সন্ত্রাসীরা তাঁর কর্মী-সমর্থকদের ওপর হামলা ও নির্যাতন করছে। ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টির জন্য প্রতি রাতে গ্রামাঞ্চলে বোমার বিস্ফোরণ ঘটানো হচ্ছে।
শাহিন চাকলাদারের বিরুদ্ধে সন্ত্রাসী লেলিয়ে দেওয়ার অভিযোগ করে নির্বাচন কমিশনে চিঠি দেন বিএনপির গোলাম রেজার প্রধান নির্বাচনী এজেন্ট দেলোয়ার হোসেন। ১৮ মার্চ দেওয়া অভিযোগে বলা হয়, মোটরসাইকেল প্রতীকের কর্মীরা আনারস প্রতীকের কর্মী ও পোলিং এজেন্টদের হুমকি দিচ্ছেন, মারধর করছেন।
এ ছাড়া স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধেও সন্ত্রাসী ব্যবহারের অভিযোগ করা হয়। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে এ অভিযোগ করা হয় শাহিন চাকলাদারের পক্ষ থেকে।
সম্প্রতি বিএনপির সংবাদ সম্মেলনে দলের নেতা তরিকুল ইসলাম বলেন, তফসিল ঘোষণার পর থেকে বিএনপির আটজন নেতা-কর্মীকে পুলিশ আটক করেছে। আর আওয়ামী লীগের ষড়যন্ত্রমূলক মামলায় পুলিশ প্রতি রাতেই বিএনপির নেতা-কর্মীদের বাড়িঘরে গিয়ে হয়রানি করছে।
প্রার্থীদের অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ এন এম মঈনুল ইসলাম জেলা পুলিশ সুপারের কাছে একটি চিঠি পাঠান। এ ব্যাপারে জানতে চাইলে মঈনুল ইসলাম প্রথম আলোকে বলেন, প্রার্থীদের অভিযোগগুলো র্যাব, পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।