ভোট উৎসবে উধাও জঙ্গি আতঙ্ক

গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা। কুমিল্লার গন্ধমতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে কোটবাড়ী সড়ক সরগরম। ভোট ঘিরে উৎসবমুখর পরিবেশ। বোঝার উপায় নেই এর ধারেকাছেই একটি বাড়ি আগের রাত থেকে ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যে বাড়িতে অবস্থান করছে সন্দেহভাজন এক বা একাধিক জঙ্গি।
গন্ধমতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উল্টো দিকের একটি গলি ধরে আধা কিলোমিটারের মতো এগোলে ওই বাড়ি। কুমিল্লা নগরের দক্ষিণ বাগমারা-সংলগ্ন গন্ধমতি বড় কবরস্থানের পশ্চিম পাশে দেলোয়ার হোসেনের নির্মাণাধীন তিনতলা বাড়িটির দিকে এগোতে গিয়ে দেখা গেল, দল বেঁধে নারী-পুরুষ ভোটকেন্দ্রে যাচ্ছেন-আসছেন। বাড়িটির আশপাশ র্যাব ও পুলিশ সদস্যরা ঘিরে রেখেছেন। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে বোঝা গেল, জঙ্গিবিরোধী এই অভিযান ভোটে কোনো প্রভাব ফেলেনি। এই বাড়ির আশপাশের তিনটি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
জঙ্গি আস্তানা সন্দেহে যে বাড়ির আশপাশ র্যাব-পুলিশ ঘিরে রেখেছে, সে ঘেরাওয়ের মধ্যে বাড়ির বাসিন্দাদেরও ভোট দিতে যেতে দেখা গেছে। আশপাশের বাড়িগুলো থেকে ভোটাররা হেঁটে ভোটকেন্দ্রে যাচ্ছেন।
র্যাব-পুলিশের ঘেরাওয়ের ভেতরে থাকা এক বাড়ির বাসিন্দা আফরোজা আক্তার প্রথম আলোকে বলেন, গতকাল থেকেই এ জায়গা জঙ্গি আস্তানা সন্দেহে পুলিশ ঘিরে রেখেছে। তবে তাঁদের কোনো সমস্যা হয়নি, ভয় কাজ করেনি। সকালেই ভোট দেওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছেন।
একই মন্তব্য করলেন আরেক ভোটার আবদুল কাইয়ুম। তাঁর বাড়িও ওই এলাকায়। তবে তিনি জানালেন, পুলিশ এলাকাটি ঘিরে রাখায় ওই গলিতে রিকশা চলাচল বন্ধ রয়েছে।
এই এলাকার নারী ভোটারদের কেন্দ্র গন্ধমতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, কয়েক সারিতে নারী ভোটাররা দাঁড়িয়ে আছেন। সেখানে কয়েকজন ভোটার বলেন, তাঁরা জেনেছেন, বাড়িটি ঘেরাও করে রাখা হবে। শুক্রবার অভিযান চালানো হবে। ভোট দিতে যেতে কোনো অসুবিধা হবে না। সেটি হয়ওনি। ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা এস এম মোজাম্মেল হোসেন প্রথম আলোকে বলেন, প্রথম তিন ঘণ্টায় প্রায় ২৫ শতাংশ ভোট পড়ে এই কেন্দ্রে।
ওই এলাকার পুরুষ ভোটারদের কেন্দ্র ল্যাবরেটরি প্রাথমিক বিদ্যালয়। প্রিসাইডিং কর্মকর্তা ইউনূস মিয়া জানান, সকাল থেকে ভালো উপস্থিতি ছিল। মোট ২ হাজার ৩৬৫ ভোটের মধ্যে বেলা ১১টা পর্যন্ত ৭৫৪টি ভোট পড়ে।
সন্দেহভাজন জঙ্গি আস্তানার আধা কিলোমিটারের মধ্যে এই দুটি ভোটকেন্দ্র। আর আস্তানাটির প্রায় দুই কিলোমিটার দক্ষিণে আরেকটি ভোটকেন্দ্র হলো শালবন বিহার সরকারি প্রাথমিক বিদ্যালয়। ওই কেন্দ্রে গিয়েও জঙ্গি আস্তানার কোনো প্রভাব দেখা যায়নি।