ভোট করেও দমানো গেল না বিদ্রোহীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের হাকিমপুর উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই বিভিন্ন পদে ‘বিদ্রোহী’ প্রার্থী ঠেকাতে আওয়ামী লীগের তৃণমূল নেতা-কর্মীদের ভোটে দল-সমর্থিত একক প্রার্থী ঠিক করা হয়। তবে তফসিল ঘোষণার পর প্রতিটি পদেই তৃণমূলের ভোটে পরাজিত ব্যক্তিরা আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী হয়েছেন।
বিদ্রোহী প্রার্থীদের অভিযোগ, আওয়ামী লীগের জেলা ও উপজেলা কমিটি টাকার বিনিময়ে এবং ষড়যন্ত্র করে দলের প্রার্থীকে সমর্থন দেওয়ায় তাঁরা প্রার্থী হতে বাধ্য হয়েছেন।
উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, তফসিল ঘোষণার অনেক আগে থেকেই চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের একাধিক প্রার্থী প্রচারণা চালাতে থাকেন। তাই কোন্দল এড়াতে উপজেলা আওয়ামী লীগ গত ১৮ ফেব্রুয়ারি তৃণমূলের ভোটের আয়োজন করে। জেলা আওয়ামী লীগ ভোট পরিচালনা করে। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আজিজুল ইমাম চৌধুরী, সহসভাপতি আলতাফুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। ভোটে চেয়ারম্যান পদে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন উর-রশীদ এবং সাবেক পৌর মেয়র ও কৃষক লীগের কেন্দ্রীয় সদস্য কামাল হোসেন, ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রেজা এবং পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি আ. লতিফ মাস্টার, মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা লীগের সাবেক সভানেত্রী সেলিনা নার্গিস, উপজেলা মহিলা লীগের সদস্য খোদেজা বেগম প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে হারুন উর-রশীদ, শাহিনুর রেজা ও সেলিনা নার্গিস জয়ী হন। তাঁদের নিজ নিজ পদে দলের সমর্থন দেওয়া হয়।
চেয়ারম্যান পদে ‘বিদ্রোহী’ প্রার্থী কামাল হোসেন বলেন, জেলা আওয়ামী লীগ তৃণমূলের ভোটে দলীয় প্রার্থী নির্ধারণ করতে গিয়ে নিরপেক্ষতা বজায় রাখতে পারেনি। তৃণমূলের প্রতিটি ভোট চার থেকে সাত হাজার টাকায় কেনাবেচা হয়েছে। তিনি বলেন, জেলা আওয়ামী লীগ তৃণমূলের ভোটের নামে উপজেলা কমিটির ঐক্যকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে।
ভাইস চেয়ারম্যান পদের ‘বিদ্রোহী’ প্রার্থী আ. লতিফ মাস্টার বলেন, তৃণমূলের ভোট পরিচালনাকারীরা ভোটের আগে কোনো প্রার্থীকে না জানিয়ে উপজেলা কমিটির উপদেষ্টাদের ভোটার করেন। এটি ষড়যন্ত্রের একটি অংশ।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ‘বিদ্রোহী’ প্রার্থী খোদেজা বেগম বলেন, ভোট সঠিক হয়নি। তাই তিনি ভোটের ফলাফল প্রত্যাখ্যান করে বিদ্রোহী প্রার্থী হয়েছেন।
দল-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী হারুন উর-রশীদ বলেন, নির্বাচনে যাঁদের জয়ের সম্ভাবনা বেশি, তৃণমূল তাঁদেরই ভোট দিয়েছে। দলীয় নেতা-কর্মীদের ভোট কখনো বেচাকেনা হয় না।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আখতার হোসেন মুন্সি বলেন, দলের গঠনতন্ত্র অনুযায়ী তৃণমূলের ভোট হয়েছে। বিদ্রোহীরা ভিত্তিহীন কথা বলে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী বলেন, আওয়ামী লীগের তৃণমূলের ভোটে পরাজিত ও বিদ্রোহী প্রার্থীদের অভিযোগ সঠিক নয়। আর ষড়যন্ত্রের প্রশ্নই আসে না। ৩১ মার্চ হাকিমপুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।